তর্কযুদ্ধে জয়ী তিন তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কলেজে এসেছি মাত্র চার মাস। এর মধ্যে তিনবার শ্রেষ্ঠত্বের দৌড়ে পেছনে ফেলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, নর্থসাউথ, ইস্টওয়েস্ট, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য দলকে।’ নিজেদের সাফল্যের বর্ণনা এভাবেই দিচ্ছিলেন ঢাকা কলেজ বিতর্ক দলের দলনেতা নাহিয়ান বিন খালেদ।দলের অন্য দুই সদস্য মুহিত হাসান ও রাইসুল আরাফাত রিয়াদ যোগ করলেন, ‘শুধু এই তিনটি প্রতিযোগিতাই নয়, আমরা স্কুল থেকে একসঙ্গে এক দলের হয়ে বিতর্ক করছি। আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ১৩ বার চ্যাম্পিয়ন এবং ১১তম জাতীয় টেলিভিশন বিতর্কেও সেরা হয়েছি।’ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের এই তিন শিক্ষার্থীর নাম এরই মধ্যে ক্যাম্পাসে সবার মুখে মুখে। কলেজে ভর্তি হয়েছেন মাত্র চার মাস। এর মধ্যে ঢাকা কলেজ বিতর্ক দলের হয়ে লড়াই করেছেন নটর ডেম জাতীয় ক্লাব বিতর্কে, পঞ্চম স্টামফোর্ড বিতর্কে এবং প্রথম আলো-ডেইলি স্টারের সহযোগিতায় রাজউক উত্তরা মডেল কলেজ বিতর্কে। সবখানে শ্রেষ্ঠ হয়েছেন বড় সব দলকে হারিয়ে। বিতর্ক-পাগল এই তিন তার্কিক পড়াশোনায়ও ধরে রেখেছেন তাঁদের সাফল্য। এ বছর মতিঝিল বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে এ প্লাসসহ জিপিএ-৫ পেয়েছেন তাঁরা। ষষ্ঠ শ্রেণী থেকেই একসঙ্গে পথ চলছেন নাহিয়ান, মুহিত ও রিয়াদ। ‘নিজেদের মধ্যে অনেক দিনের বোঝাপড়া, তাই একজন আরেকজনকে সহজে বুঝতে পারি।’ বলছিলেন মুহিত হাসান।নাহিয়ান বলেন, ‘আসলে মূল পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানও যে সবার দরকার, তা বুঝতে হবে। এ ক্ষেত্রে মা-বাবার অনুপ্রেরণা আমাদের অনেক বেশি কাজে দিয়েছে। আমাদের প্রতিটি সাফল্যের তাঁরাও অংশীদার।’ কলেজে এসে এত অল্প সময়ে তিনটি শ্রেষ্ঠত্ব সম্ভব হয়েছে আমাদের ডিবেট দলের বড় ভাইদের জন্য। তাঁরা আমাদের বিভিন্ন ধরনের কৌশল ও চৌকস করে গড়ে তোলার চেষ্টা করছেন।’ বলছিলেন রাইসুল আরাফাত রিয়াদ। বির্তক-পাগল এই তিন শিক্ষার্থীর মধ্যে নাহিয়ান অবসরে গল্প, কবিতা লিখতে পছন্দ করেন। মুহিত হাসানের ভালো লাগে ছবি তুলতে। আর রাইসুল আলাফাত রিয়াদ গান শুনতে ও বই পড়তে পছন্দ করেন।ঢাকা কলেজের বিতর্ক দলকে দেশের সেরা দল হিসেবে ধরে রাখতে চান এই তিন তরুণ। সব সময় পাঠ্যবই পড়ার ঘোর বিরোধী তাঁরা। বলেন, ‘আসলে শুধু বই পড়ে ভালো ছাত্র হওয়া যায় না। এর বাইরেও অনেক বিষয় জানতে হয়, শিখতে হয় নিজেকে বিকশিত করতে।’ আড্ডা-পাগল এই তিন তরুণ, একজন আরেকজনের খুব ভালো বন্ধু। আর তাই বোঝাপড়াও ভালো।ঢাকা কলেজ বিতর্ক দলের সভাপতি জাকির হোসেন সামিন বলেন, ‘ওরা তিনজনই খুব ভালো। একজন বিতার্কিকের সব ধরনের ভালো গুণ ওদের মধ্যে রয়েছে। ওদের হাত ধরেই ঢাকা কলেজ বির্তক দল আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ঢাকা কলেজের এই তিন বিতার্কিক ভবিষ্যতে যুক্তিসমৃদ্ধ সুন্দর এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। শুধু তর্ক নয়, এর সঙ্গে যুক্তি থাকলে যে তা অবশ্য গ্রহণযোগ্য, তা প্রমাণ করে দেখাতে চান নাহিয়ান, মুহিত ও রিয়াদেরা।