তর্কযুদ্ধের তিন যোদ্ধা

তর্কযুদ্ধের তিন যোদ্ধা—আনিসুর রহমান, শুভাশীষ চৌধুরী ও তানভীর আহমদ সিদ্দিকী। এক বছরের মধ্যে তাঁদের ঝুলিতে জমা পড়েছে বড় দুটি শিরোপা, যে দুটি প্রতিযোগিতায় দেশের বাঘা বাঘা বিতার্কিককে সামাল দিয়েছেন তাঁরা।
সর্বশেষ ৬ সেপ্টেম্বর বিতর্ক দলটি জিতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার শিরোপা। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে তরুণ এই বিতার্কিকেরা যুক্তিবাণে পরাস্ত করেছেন দেশের নামী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের। বিভিন্ন পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠে বিতর্ক দলটি। সবশেষে চূড়ান্ত পর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে ৬-১ ব্যালটে হারিয়ে ছিনিয়ে নেয় শিরোপা। এর আগে গত বছরের অক্টোবর মাসে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত চুয়েট প্রযুক্তি আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় এই দল। তাদের কাছে হারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল।
তরুণ এই তিন বিতার্কিক পড়ছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে। যুক্ত রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে পড়ুয়া আনিস রয়েছেন পিইউডিএসের সভাপতির দায়িত্বে। সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশীষ পড়ছেন আইন বিভাগে। আর তড়িৎ কৌশল বিভাগে পড়ুয়া তানভীর রয়েছেন সংগঠনের সহসভাপতির দায়িত্বে। সবাই এখন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।
সম্প্রতি কথা হয় তাঁদের সঙ্গে। সাফল্যের নেপথ্যে কী? ‘গত এক বছরের একসঙ্গে পথচলায় আমাদের যৌক্তিক মনের মিলটুকুই সফলতা এনে দিয়েছে বিতর্কে।’ বললেন তানভীর আহমদ সিদ্দিকী। শুভাশীষ চৌধুরী যোগ করলেন, ‘আমি ও আনিস দুই বছর ধরে একসঙ্গে বিতর্ক করে অনেক পুরস্কার অর্জন করেছি। এক বছর ধরে আমাদের দলে অন্তর্ভুক্ত হয় তানভীর। এরপর থেকে নতুন উদ্যোমে শুরু হয় পথচলা।’ সবার সমান প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও বিতর্কের প্রতি ভালোবাসায় এই অর্জন সম্ভব হয়েছে বলে জানান শুভাশীষ।
এখন পর্যন্ত আনিসের ঝুলিতে রয়েছে তিনটি বিতর্ক প্রতিযোগিতার শিরোপা ও চারটি প্রতিযোগিতার রানারআপের পুরস্কার। ২০১৩ ও ২০১৪ সালের বিতর্কের বিশ্ব আসরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন আনিস। ভারতের চেন্নাই ও মালয়েশিয়াতে বসেছিল এই বিতর্কের আসর। চলতি বছরের শেষে গ্রিসে অনুষ্ঠিত বিশ্ব বিতর্কের আসরেও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আনিসের। পাঁচটি শিরোপা ও চারটি রানারআপ পদক রয়েছে শুভাশীষের ঝুলিতে। আর পাঁচটি শিরোপা ও দুটি রানারআপ পদক পেয়েছেন তানভীর।
শুধু পদক অর্জন নয়, বিতর্ক নিয়ে আরও স্বপ্ন দেখেন এই বিতার্কিকেরা। বিতর্ককে তাঁরা ছড়িয়ে দিতে চান সবখানে। ইতিমধ্যেই বিতর্কচর্চার প্রসারে কাজ শুরু করেছেন তাঁরা। স্কুল ও কলেজের বিতার্কিকদের নিয়ে নিয়মিত বিতর্ক চর্চা করাচ্ছেন। বিতর্কের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক ক্যাম্প করার ভাবনা রয়েছে তাঁদের।
বিতর্কের পাশাপাশি ব্যক্তিজীবনের নিজস্ব স্বপ্নগুলোও তাঁদের আকাশছোঁয়া। সেই গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছেন তাঁরা। আনিসের স্বপ্ন করপোরেট চাকরিজীবী নতুবা তরুণ উদ্যোক্তা হওয়া। পড়ালেখা শেষ করে দেশের ট্রাফিক সিস্টেম ও পার্কিং ব্যবস্থাপনা নিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিতে চান তানভীর। আর শুভাশীষ হতে চান খ্যাতিমান আইনজীবী।