তর্কযোদ্ধা আরাফাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্ক আন্দোলন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছ​িড়য়ে দেওয়ার স্বপ্ন বিতার্কিক কাজী আরাফাতের l প্রথম আলো
বিতর্ক আন্দোলন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছ​িড়য়ে দেওয়ার স্বপ্ন বিতার্কিক কাজী আরাফাতের l প্রথম আলো

ছেলেটি ছোটবেলা থেকেই ডানপিটে। গাছে চড়া, সাইকেল চালিয়ে হাত ভাঙা—দুষ্টুমির যেন শেষ নেই। অবশ্য প্রাথমিকের গণ্ডি পেরিয়ে উচ্চবিদ্যালয়ের চৌকাঠে পা রাখার সঙ্গে ডানপিটে স্বভাবের কিছুটা পরিবর্তন হয়। তবে চটপটে ভাবটা রয়েই গেল। এ জন্য নজরও কাড়ে সবার। আর বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা মানেই তো তার ঝুলিতে অবধারিতভাবে চার থেকে পাঁচটি পুরস্কার। এভাবে কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে আসার পর নাম লেখালেন বিতর্কের দলে। এখানেও সেই আগের ‘দোর্দণ্ড প্রতাপ’। বরাবরের মতো সেরা। তিনি তর্কযোদ্ধা কাজী আরাফাত।
যুক্তির খেলায় তরুণ এই বিতার্কিক ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। সম্প্রতি প্রথম আলো কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে। সারাক্ষণ মুখে হাসি। কীভাবে বিতর্ক জীবনের শুরু? খানিকটা চিন্তা করে বিভিন্ন সালের হিসাব মেলালেন। তারপর বললেন, সালটা ২০০২। তখন আমি শহরের সৃজনি গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। একদিন বিদ্যালয়ে বিতর্কের কর্মশালা হলো। কর্মশালায় আয়োজিত উপস্থিত বক্তৃতায় অংশ নিই। সবাই খুব প্রশংসা করল। এরপর থেকে যুক্তির চিন্তাটা গেঁথে যায় মাথায়। কলেজে পড়ার সময় তা ডালপালা মেলে। আর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর একেবারে পাকাপাকি অবস্থান।’
আরাফাত চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০১৪ সালে স্নাতক করেছেন। এখন স্নাতকোত্তরে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জিতে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে বিতর্ক চর্চার সঙ্গে জড়িয়ে যান। ইউএসটিসিতে গড়ে তোলেন এফসেট ডিবেট ক্লাব। এই বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। এ ছাড়া বর্তমানে বিতর্ক সংগঠন দৃষ্টি, চট্টগ্রাম-এর সহ–বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যেকোনো বড় প্রতিযোগিতা হলেই আরাফাত অংশ নেন তাঁর দল নিয়ে। এ নিয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জিতেছেন বেশ কয়েকটি পুরস্কার। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ইউএনডিপি-ইপসা আন্তর্জাতিক যুব দিবস বিতর্ক প্রতিযোগিতা ২০১৫, এক্সিম ব্যাংক-সিভাসু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৪ ও রোটারি-দৃষ্টি বিশ্ব মানবাধিকার দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩। এ ছাড়া প্রথম আলো-চুয়েটডিএস আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩, দৃষ্টি-আজাদী বিশ্ব পরিবেশ দিবস আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৪, পিইউডিএস আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৫ তে হয়েছেন রানার্স আপ হয়েছে তাঁর দল। সেরা বিতার্কিক হয়েছেন অসংখ্য বার। বিতর্কের পাশাপাশি হাত পাকাচ্ছেন উপস্থাপনাও।
বিতর্ক, সংগঠন নিয়ে ব্যস্ততা তো কম নয়। পড়ালেখার সময় কী তাহলে সীমিত? আরাফাতের ভাষায়, ‘আমি সবখানে সিরিয়াস।’ স্নাতকোত্তরের পড়ার অংশ হিসেবে গবেষণা করছেন সেন্ট মার্টিন দ্বীপে সূর্যের আলো, বায়ু ও সমুদ্রতরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনের কৌশল নিয়ে। এর আগে লেখালেখি করেন বিজ্ঞানের নানা বিষয় নিয়ে। অবশ্য বিজ্ঞানের মতো কাঠখোট্টা বিষয় নিয়ে থাকলেও তাঁর অবসর কাটে উপন্যাস পড়ে। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস তাঁর প্রিয়।
আরাফাতের স্বপ্ন বিতর্ক আন্দোলন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া। নতুন বিতার্কিক সৃষ্টির লক্ষ্যে ‘ডিবেট ফর জেনারেশন নেক্সট’ প্রকল্পে কাজ করছেন তিনি। তাঁরা প্রকল্পের আওতায় এ পর্যন্ত ২৭টি বিদ্যালয়, পাঁচটি কলেজ ও ছয়টি বিশ্ববিদ্যালয়ে বিতর্কের ওপর প্রশিক্ষণ দিয়েছেন।
আরাফাত বলেন, ‘তরুণদের যুক্তির পথে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে কাজ করছি আমরা। যুক্তিবাদী তারুণ্যই পারে সমাজ বদলে দিতে। যেকোনো শিক্ষার্থী ছোটবেলা থেকে সবকিছুকে যুক্তি দিয়ে পরখ করতে শিখলে খারাপ কোনো কিছু তাকে আর টানবে না। সেখানেই আমাদের জয়।­