তর্কের তারুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাগভর্তি বই কাঁধে ঝুলিয়ে ক্লাস থেকে নামতে নামতেই গুঞ্জন বলে উঠল, ‘বুঝলি, আমাদের পূর্ব প্রজন্ম আমাদের চেয়ে অনেক সুখী ছিল।’ সঙ্গে সঙ্গেই সামীরের উত্তর, ‘তোর কথা মানতে পারলাম না দোস্ত। ভেবে দেখ, উন্নত প্রযুক্তিতে কৃষিকাজ করছি, আমরা আজ চাইলেই মুঠোফোনে সেরে নিতে পারি সব আলাপনসহ দরকারি কাজ।’ সামীরকে থামিয়ে দিয়ে গুঞ্জনের পাল্টা উত্তর, ‘তুই ভাব, আমাদের পূর্ব প্রজন্ম কত সহজ-সরল ছিল। কত আন্তরিক আর বন্ধুত্বপূর্ণ ছিল। আর আজ আমরা হয়ে পড়েছি যান্ত্রিক।’ এভাবেই একজন আরেকজনকে বোঝাতে চেষ্টা করছে—আসলে তার যুক্তিই ঠিক। বুঝতে বাকি নেই, আসলে ওরা দুজনই ‘তার্কিক’। কারও যুক্তিই ফেলার উপায় নেই। ওদের তর্কের পক্ষে-বিপক্ষে যোগ দেয় জিহান, সাদ্দাম ও আসিফ। উপস্থাপন করতে থাকে নিজেদের কঠোর সব যুক্তি। সরগরম হয়ে ওঠে নটর ডেম কলেজের অডিটরিয়ামের সামনের গাছে ঘেরা চত্বরটি। সবার উচ্চারণ ও বাচনভঙ্গি দেখে বোঝার উপায় নেই কে বেশি ভালো বলে। এদের মতো যুক্তিবাদী একটি তুখোড় মেধাবী দলের হাত ধরে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় নটর ডেম ডিবেটিং ক্লাব (BDDC)।‘নটর ডেম ডিবেটিং ক্লাব শুরু থেকে আজ পর্যন্ত তাদের সুতীক্ষ যুক্তি দিয়ে উজ্জ্বল করে রেখেছে কলেজের সুনাম।’ বলছিলেন ক্লাবটির মডারেটর সহযোগী উপাধ্যক্ষ ফাদার আদম এস পেরেরা। প্রশাসন ও বিতর্ক কর্মশালার সভাপতি যথাক্রমে মাহদি হাবীব ও রাজ কিশোর বলেন, ‘এখানে দুই বছর পর পর একটি কার্যনির্বাহী পরিষদ দ্বারা ক্লাবটি পরিচালনা করা হয়। যারা সবাই নটর ডেম কলেজের শিক্ষার্থী এবং প্রতিবছর আমরা আয়োজন করি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার।’ সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সামিন হক জানালেন, প্রতিবছর ক্লাবে প্রথম বর্ষের ছাত্রদের প্রতিযোগিতামূলক পরীক্ষার পর বারোয়ারি বিতর্কের মাধ্যমে নির্বাচন করে, প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয় লড়াকু সব বাকযোদ্ধা। রফিক ও হিমেল বলেন, ‘আমাদের ক্লাবে অনেক দল আছে। তবে সবার চেষ্টা থাকে গোল্ড ও ব্লু দলে যাওয়ার। কারণ এই দলই ক্লাবের সবচেয়ে দামি ও বড় দল। এই দলগুলো বড় বড় প্রতিযোগিতায় ক্লাবের হয়ে অংশ নেয়।’সারা দেশের বিতার্কিকদের নিয়ে প্রতিবছর আয়োজন করা হয় যে জাতীয় প্রতিযোগিতা, এ বছর জুলাই মাসে বসবে এর ২২তম আসর। আর তাই সেই মহাযজ্ঞকে সফল করতে সবার মধ্যে অন্য রকম দৃঢ়তা। সেই সঙ্গে শিরোপার মুকুট নিজেদের ঘরে রাখতে শাণিত করে তোলা হচ্ছে প্রতিযোগীদের।সাকিব ও তনয়ের সঙ্গে কথা বলে জানা গেল, একজন বিতার্কিক শুধু তর্ক করে না, এর মাধ্যমে তারা সমাধানের খোঁজও করে।আজকের এই বিতর্কের মাধ্যমে দিন দিন তাদের মেধার উৎকর্ষ সাধিত হবে এবং মননশীলতা বৃদ্ধি পাবে। গড়ে উঠবে মেধাবী এক বাংলাদেশ, যে মোকাবিলা করবে একুশ শতকের চ্যালেঞ্জ।