তর্কের তীরন্দাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল পাঁচটা বাজতে ১৫ মিনিট বাকি। কিন্তু এরই মধ্যে মুছাব্বির আর শাহাদাতকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিসংলগ্ন মিলন চত্বরে অপেক্ষা করছি রিয়াসাদের জন্য। রিয়াসাদের চলছে ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষা, পাঁচটায় পরীক্ষা শেষ। এর পরপরই দৌড়াতে দৌড়াতে রিয়াসাদ হাজির। আড্ডা এবার জমবে জম্পেশ। ওরা তিনজন—মুছাব্বির, শাহাদাত আর রিয়াসাদ তর্কের লড়াকু। ১৯তম অর্থাত্ সর্বশেষ জাতীয় টেলিভিশন বির্তক প্রতিযোগিতায় বিজয়ী তাঁরা। গত এক বছরে এই তিনজনের সফলতার ঝুলিতে যোগ হয়েছে তিনটা আন্তক্লাব চ্যাম্পিয়নশিপ এবং দ্য ডিবেটরস সার্চের সেরার খেতাব। সর্বশেষ, ১৭ এপ্রিল তাঁরা চ্যাম্পিয়ন হয়েছেন বেগম ফজিলাতুননেসা মুজিব হল আয়োজিত আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ‘হাউস অব ডিবেটরস’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সদস্য তাঁরা। মুছাব্বির আইন চতুর্থ বর্ষে, শাহাদাত শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার আর রিয়াসাদও ষষ্ঠ সেমিস্টারে সমাজকল্যাণের শিক্ষার্থী। ‘সেমিস্টার পদ্ধতিতে দুই দিন পরপরই পরীক্ষা। কিন্তু দেখেন, কোর্স পদ্ধতিতে বছরে একবার পরীক্ষা দিলেই শেষ,’ বলছিলেন সেমিস্টার পদ্ধতির রিয়াসাদ। অন্যদিকে কোর্স পদ্ধতির মুছাব্বির প্রতিপক্ষ হয়ে যেন প্রস্তুত। তিনি বলেন, ‘সেমিস্টারে বারবার পরীক্ষার পড়াশোনার ভার খানিকটা কমিয়ে দেয়।’ বোঝাই যাচ্ছে, আড্ডা বেশ জমেছে তর্কের আবেশে। প্রশ্ন তিনজনের উদ্দেশে—কীভাবে বিতর্ক করতে আসা? তিনজনের উত্তর অনেকটা এক রকম। ইচ্ছে আর আগ্রহ আগে থেকেই ছিল, ছিল না সুযোগ। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলে সেই সুযোগ মিলল। ‘এখন বিতর্ক আমাদের ভালোবাসার জায়গা’ বলছিলেন শাহাদাত। রিয়াসাদের বক্তব্যও বেশ দৃঢ়—‘মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রেম খাদ্যের প্রতি। আর আমার বিশ্বস্ত প্রেম বিতর্কের প্রতি।’ প্রশ্ন করি, এই যুক্তির লড়াকুদের পড়াশোনার পাশাপাশি আর কী করা হয়? মুছাব্বিরের পড়াশোনা আর বিতর্কের পাশাপাশি আবৃত্তির প্রতি ঝোঁক আছে। শাহাদাত বলেন, পড়াশোনা আর বিতর্কটাকে ভালোভাবে চালাতে চাই। আর রিয়াসাদ পড়াশোনা আর বিতর্কের পাশাপাশি কাজ করছেন একটি এফএম রেডিওতে আউটডোর ব্রডকাস্টার হিসেবে। জানতে চাই, একজন ভালো বিতার্কিকের কী কী গুণ থাকা প্রয়োজন? উত্তরটা আগে দেন রিয়াসাদ। তাঁর মতে, ‘একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্ট কোনো বিষয় অন্যকে যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা।’ রিয়াসাদের সঙ্গে একমত শাহাদাত, তিনি যোগ করেন ‘সঙ্গে সঙ্গে প্রয়োজন শুদ্ধ উচ্চারণ ও বাচনভঙ্গি আর দরকার প্রতিনিয়ত নতুন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া।’ তবে সবকিছুর পরও বিতার্কিককে হতে হবে প্রত্যুত্পন্নমতি ও একজন ভালো শ্রোতা। সেই সঙ্গে পড়তে হবে প্রচুর বই, এমন মত মুছাব্বিরের।বিতর্কে ওরা তিন বন্ধু। রিয়াসাদ বলেন, কোনো প্রতিযোগিতায় জয়ের পরই আমরা বেরিয়ে পড়ি পেটপূজা করতে। কিন্তু সেখানেও আলোচনা পরবর্তী বিতর্কের বিষয় নিয়ে। বিতর্ক প্রসঙ্গে মুছাব্বির বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয়েই নয় স্কুল, কলেজ পর্যায় থেকেই বির্তকের চর্চা করা উচিত। কেননা যুক্তি মানুষকে সচেতন করে তোলে।’ সূর্য ডুবতেই আড্ডা শেষ হয়ে আসে। বললাম, চলেন চা খাওয়া যাক। এখানেও বিপত্তি ! তিনজনই প্রশ্নবাণে বিদ্ধ করে, চা খাবেন, না খাওয়াবেন? মৃদু হেসে বলি, এটা কিন্তু বিতর্কের মঞ্চ না।