তর্কের মেলায় তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শাড়ি পরা কমে গিয়েছে। অনেকে এখন পাশ্চাত্য পোশাকের দিকে ঝুঁকছে। শাড়ির বদলে এখন শার্ট-প্যান্ট পরা হচ্ছে। বেসরকারি টেলিভিশনের ভূমিকাও এ ক্ষেত্রে যথার্থ নয়। বরং বলা যায়, এর প্রভাবেই বাড়ছে এসব।’সঙ্গে সঙ্গে বিরোধী দলের প্রতিবাদ। পয়লা বৈশাখের অনুষ্ঠান, বইমেলার অনুষ্ঠান তো বেসরকারি টেলিভিশনের মাধ্যমে দেখানো হয়। এগুলো কি বাঙালির নিদর্শন নয়? তাহলে মন্ত্রী কীভাবে বলছেন বেসরকারি টেলিভিশন সংস্কৃতির অপপ্রচার করছে। তীব্র প্রতিবাদ অপর পক্ষের, ‘আপনারা বোধ হয় বুঝতে পারছেন না। আমরা বলেছি যে বেসরকারি টেলিভিশন যথার্থ ভূমিকা পালন করছে না।’মঞ্চে তুমুল বিতর্ক। দেখতে বেশ মজাই লাগছে। একদল পারলে আরেক দলকে কথা দিয়েই কুপোকাত করে ফেলে এখনই। দর্শকসারিতে বিভিন্ন স্কুল থেকে আসা বিতার্কিকদের হাততালি আর উত্সাহের বন্যা বয়ে যাচ্ছে। বসে ছিলাম ভিকারুননিসা নূন স্কুলের বিশাল অডিটোরিয়ামে। স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাবের সান্ধ্যকালীন বিতর্ক প্রতিযোগিতায়। এ মুহূর্তে মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের ছেলেরা এবং সেন্ট জেভিয়ার্সের মেয়েরা মুখোমুখি ‘বাঙালির সংস্কৃতি প্রচার এবং প্রসার, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকা যথার্থ নয়’ বিষয়টি নিয়ে। চারদিকে তারুণ্যের উচ্ছ্বাস। এগিয়ে গেলাম তাদের দিকে। ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর নিলয় সরকার। কী বোঝে বিতর্ক বলতে? বিজ্ঞের মতো উত্তর দিল, ‘বিতর্ক জ্ঞানের উত্স।’ প্রচণ্ড ব্যস্ত ভিকারুননিসা নূন স্কুলের বিতার্কিকেরা। একটু পরই তাদের বিতর্ক শুরু হবে। দশম শ্রেণীর আয়িশা মুনাওয়ারা সে কাজেই দৌড়াচ্ছিল। বিতর্ক নিয়ে তাদের ভাবনা অনেক অর্থপূর্ণ। নিজেদের কথা বলার জন্য এটি একটি বিশাল প্লাটফর্ম। এক পক্ষের সঙ্গে অপর পক্ষের মতের আদান-প্রদানও যে এখানটায়ই তুলে ধরা যায়। তর্ক-বিতর্ক, প্রতিযোগিতার মধ্যে এখানেও বেশ বন্ধু তৈরি হয়ে যায়। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলের রিয়া রায়, সেন্ট গ্রেগরীজ স্কুলের সৃজন ঘোষ, সেন্ট যোসেফের সৌভিক কুন্ডু আর রক্তিম ধর জয়, ন্যাশনাল ব্যাংক পাবলিকের ইমতিয়াজ সরকার অথবা নিলয় সরকারকে দেখে সে কথাই মনে হচ্ছিল। এখানে এসে পরিচয়। এ মুহূর্তে বেশ মজা করেই খুনসুটি, আড্ডা চলছে। কিছুদূর থেকে দেখলাম ওয়াইডব্লিউসিএর দুজন শিক্ষার্থী হেঁটে আসছে। কথা বলি তাঁদের সঙ্গে। এখানে এসে বন্ধুত্ব হয় নতুন কারও সঙ্গে?‘অবশ্যই হয়, হবে না কেন? বিতর্ক প্রতিযোগিতা মানে তো আর সারা দিন ঝগড়াঝাঁটি নয়। বন্ধুত্ব হতেই হবে।’‘বেসরকারি টেলিভিশনগুলোয় বাঙালির ঐতিহ্যবাহী খাবারগুলো রান্নার মাধ্যমে তুলে ধরা হয়। সেখানে শুধু বিদেশি রান্না দেখানো হয় না। গানের অনুষ্ঠানগুলোতে বাংলা গানই তো দেখানো হচ্ছে, গাওয়া হচ্ছে; তাহলে সংস্কৃতির অপপ্রচার হলো কোথায়? বেসরকারি টেলিভিশনের কারণেই দেশের বাইরে আমাদের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।’ সংসদীয় বিতর্কের এ পর্যায়ে পক্ষের এক বক্তা বলে উঠলেন ‘ঐতিহ্য রক্ষায় শুধু একটি গানের অনুষ্ঠান যথেষ্ট নয়।’ সঙ্গে সঙ্গে বিরোধী দল থেকে বাধা এল। বিতর্ক করার জন্য অতিরিক্ত পড়াশোনা করাটাও তাদের কাছে বোঝা নয়। বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারার এ যেন এক সুযোগ। তাদের কাছে বিতর্ক মানে সৃজনশীলতা। এ যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটি ভাষা। ইমতিয়াজের মতে, কিসের তর্ক, এটি তো আমাদের বিনোদনের জায়গা। একজন বলেই ফেলল, ‘ভবিষ্যত্ প্রজন্ম তো আমরাই। বিতর্কের মাধ্যমে আমাদের চিন্তাশক্তি বাড়ছে। দেশের উন্নতির উপায়গুলো তুলে ধরছি। একসময় যখন আমরা দেশ চালাব তখন এ চিন্তাগুলোই কাজে আসবে। আমরা ঠিক জিনিসগুলোই করব।’বাইরে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। কিন্তু কারও মধ্যে বাসায় যাওয়ার তাড়াহুড়ো নেই। বরং সবাই প্রতীক্ষায়। কখন সকাল হবে। তরুণ প্রজন্মের বিতার্কিকেরা আবারও মিলিত হবে, তাদেরই প্রিয় তর্কের মেলায়। ১৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের ‘স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতায়’ বিতার্কিকেরা যুক্তিতর্কে মাতিয়ে রেখেছিল বিতর্ক-মঞ্চ। এই প্রতিযোগিতার শেষ থেকে শুরু হলো নতুন কোনো বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অপেক্ষা।