
রাঙামাটির কাপ্তাই লেকে মাছ উৎপাদন বছর বছর কমছে। সাত বছরের ব্যবধানে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। ফলে সাধারণ মৎস্যজীবীরা আর্থিক সংকটে পড়েছেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেকের তলদেশ ভরাট ও অবৈধ জাগ বেড়ে যাওয়ায় মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়ে উৎপাদন কমে যাচ্ছে। কাপ্তাই লেকে বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত তিন শতাধিক অবৈধ জাগ রয়েছে। কিছু অসাধু মাছ ব্যবসায়ী ও জেলে এসব জাগ স্থাপন করেছেন।
বিএফডিসি সূত্র জানায়, ২০১০ সালের আগে প্রতি অর্থবছরে প্রায় ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন মাছ আহরণ করা হতো। ২০১০ থেকে ২০১৩ সালে তা দাঁড়ায় ১২ থেকে ১৫ মেট্রিক টনে। সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে মাত্র ৯ হাজার ৫৮৯ মেট্রিক টন উৎপাদন হয়েছে। এসব মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় ১০ কোটি টাকা।
রাঙামাটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুল বাসার জানান, কাপ্তাই লেকে ৭১ প্রজাতির মাছ পাওয়া যেত। এর মধ্যে বিলুপ্ত হয়ে গেছে ছয় প্রজাতি-সিলন, দেশি সরপুঁটি, ঘাউরা, বাঘাইড়, মোহিনী বাটা ও দেশি পাঙাশ। বিলুপ্তির পথে রয়েছে আরও ছয় প্রজাতি—দেশীয় মহাশোল, মধু পাবদা, পোয়া, ফাউস্যা, তেলে গুলশা ও সাদা ঘনিয়া। এখন পাওয়া যাচ্ছে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, মহাশোল, ঘনিয়া, বাটা, পুঁটি, বোয়াল, চিতল, গ্রাস কার্প, আইড়, গজার, শোল, টাকি, শিং, মাগুর, কই, ফলি, পোয়া, বাইম, কাকিলা, চাপিলা, কেঁচকি, ট্যাংরা, বাচা, ফাইল্যাসহ ৫৯ প্রজাতির মাছ। তবে সব প্রজাতির মাছের উৎপাদন কমে আসছে।
জেলেরা জানান, লেকের নির্দিষ্ট স্থান ঘিরে গাছের ডালপালা ফেলে জাগ তৈরি করা হয়। এরপর সেখানে দেওয়া হয় পর্যাপ্ত খাদ্য। এতে এক কিলোমিটার দূর থেকে জাগে মাছ আসে। সেখানে পর্যাপ্ত খাদ্য ও গাছের ডালপালার আশ্রয় নেয় বিভিন্ন প্রজাতির মাছ। পরে বড় জাল দিয়ে ঘিরে মাছ শিকার করা হয়। এতে ওই জালের মধ্যে মা–মাছ ও অনেক পোনা আটকা পড়ে।
বিএফডিসি রাঙামাটি কার্যালয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে জাগ অপসারণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় লেকের বিভিন্ন অংশে এ পর্যন্ত ৩০টি জাগ অপসারণ করা হয়েছে। এসব জাগ থেকে ট্রলার, জাল, নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকা।
স্থানীয় সূত্র জানায়, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ দেওয়ার পর জেলার আটটি উপজেলার একাংশ জলমগ্ন হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে লেকের বিশাল এলাকা মাছ উৎপাদনের অন্যতম ক্ষেত্র হিসেবে গড়ে ওঠে। বর্তমানে অর্ধলক্ষাধিক মানুষের জীবিকা মাছ উৎপাদনের ওপর নির্ভরশীল।
জেলার সদরের মগবান এলাকার জেলে সুবিমল চাকমা (৪৬) ও আনন্দ বিকাশ চাকমা (৫০) বলেন, ২০ বছর আগে লেকে যে পরিমাণ মাছ পাওয়া যেত এখন তার ১০ ভাগের ১ ভাগও পাওয়া যাচ্ছে না। অনেক জেলে পেশা ছেড়ে দিয়েছেন। যেসব জেলে এখনো মাছ শিকার করেন, তাঁরাও আর্থিক সংকটে রয়েছেন।
মাছ ব্যবসায়ী মো. আবদুল আলীম বলেন, ‘১০ বছর আগে আমি দৈনিক দেড় থেকে দুই মেট্রিক টন মাছ ঢাকা-চট্টগ্রামে নিয়ে যেতাম। এখন দৈনিক পাঁচ থেকে সাত মণের বেশি পাওয়া যাচ্ছে না। তাও ছোট মাছ পাওয়া যাচ্ছে। আমরা ব্যবসায়ীরা একসময় তিন কেজির নিচে মাছ নিতাম না।’
বিএফডিসির রাঙামাটি কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কাপ্তাই হ্রদে জাগ স্থাপন সম্পূর্ণ অবৈধ। জাগ অপসারণের জন্য সরকারের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। জাগের কারণে মা–মাছ ও পোনা নিধন হচ্ছে। এ ছাড়া নৌ-চলাচলেও বিঘ্ন ঘটছে। সম্প্রতি পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জাগ অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কাপ্তাই লেক খনন ও কচুরিপানা অপসারণেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।