তলিয়ে গেছে ৪৩৫ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী-খেনচর ঘোনা সড়কে গত অর্থবছরে প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে ১২ মিটার দৈর্ঘ্যের একটি সেতু তৈরি করা হয়েছিল। পরে সংযোগ সড়ক এবং তার দুই পাশে মাটি ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয় আরও ১০ মেট্রিক টন খাদ্যশস্য।২০১১ সালের জানুয়ারি মাসে সেতু ও সেতুর দুই পাশে মাটি ভরাটের কাজ শেষ হয়। কিন্তু গত বছরের জুলাই মাসে সৃষ্ট দুই দফার বন্যায় ওই সেতুর সংযোগ সড়কের দুই পাশের প্রায় ৪০০ ফুট মাটি বিলীন হয়। এ কারণে সড়কটির ওপর দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে সেতুটি মানুষের কোনো কাজে আসছে না। সেতুর আশপাশের পাঁচ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের হাঁটাচলায় দেখা দেয় চরম দুর্ভোগ। কাবিখা, টিআর ও কাবিটার আওতায় করা রামু উপজেলার অধিকাংশ প্রকল্প এভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে।রামু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ের অধীনে গত ২০১০-১১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিখা,কাবিটা, টিআর ও বিশেষ বরাদ্দ) কর্মসূচির আওতায় এই উপজেলার ১১ ইউনিয়নে ৪৩৫টি প্রকল্পের বিপরীতে ৪৭০ মেট্রিক টন খাদ্যশস্য ও ৯০ লাখ ৪৩ হাজার নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, বন্যাসহ নানা অনিয়মের কারণে বিলীন হয়েছে এসব উন্নয়নকাজ। কাজ শেষ হওয়ায় এক মাসের মধ্যে ৮০ শতাংশ প্রকল্প নিশ্চিহ্ন হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজ কুমার শীল বলেন, ‘বন্যা আমাদের ৩০ ভাগ রাস্তাঘাট শেষ করে ফেলেছে। এখন ক্ষতিগ্রস্ত কাজের সংস্কার প্রকল্প গ্রহণের উদ্যোগ চলছে।’ (প্রতিবেদনগুলো তৈরি করেছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি আব্দুল কুদ্দুস, মহেশখালী প্রতিনিধি রুহুল বয়ান, টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন ও রামু প্রতিনিধি সুনীল বড়ুয়া)