
বড় ভাই ও বিবাহযোগ্য তিন বোন রেখে বিয়ে করলেন পিয়ারুল ইসলাম। তখন তিনি মাত্র ৬০০ টাকা বেতনের চাকরি করেন। এ অবস্থা দেখে দেরি না করে নববধূ তসলিমা বেগম সেলাই প্রশিক্ষণ নিলেন। চার হাজার টাকা ঋণ করে একটি সেলাই মেশিন কিনলেন। সেই শুরু।
মাত্র ছয় বছরের ব্যবধানে বাড়িটাকেই তিনি একটি পোশাক কারখানা বানিয়ে ফেলেছেন। বিয়ে দিয়েছেন স্বামীর সব ভাইবোনকে। এ ছাড়া দুস্থ ১২টি মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। স্বামীকে ওষুধের দোকান করে দিয়েছেন। এবার রাজশাহী জেলায় তাঁকে জয়িতা ঘোষণা করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংক তাঁকে আর্থিক সহায়তা দিচ্ছে।
রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল গ্রামে তসলিমা তাঁর শ্বশুরবাড়িটাকে আর একটু বাড়িয়ে তাঁর কারখানার কাজে ব্যবহার করছেন।
২০০২ সালের অক্টোবর মাসে তাঁর বিয়ে হয়। তিন মাস পরই তিনি সেলাই প্রশিক্ষণ নেন। চিন্তা করেন খেলোয়াড়, শিক্ষাপ্রতিষ্ঠানের স্টাফ ও সকালে হাঁটার জন্য সবাই আলাদা পোশাক পরেন। এই পোশাকের ভালো চাহিদা রয়েছে। কিন্তু তাঁর এলাকায় এগুলো কেউ তৈরি করে না। এই পোশাক তৈরি করে তিনি অল্প দিনের মধ্যে বাজার পেয়ে যান। একের পর এক অর্ডার আসে। একপর্যায়ে তাঁকে বিদ্যুৎ-চালিত সেলাই মেশিন কিনতে হয়।
তসলিমার উদ্যম দেখে কর্মসংস্থান ব্যাংকের রাজশাহী শাখার পক্ষ থেকে ২০১১ সালে এক লাখ টাকা এবং গত ডিসেম্বর মাসে আরও দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর কারখানায় ১২টি মেশিনে কাজ হচ্ছে। কর্মসংস্থান ব্যাংকের রাজশাহীর শাখার ব্যবস্থাপক মঞ্জুর রিয়াজুল হক বলেন, মেয়েটির উদ্যোগ দেখে তাঁরা তাঁকে আর্থিক সহযোগিতা করেছেন। তাঁরা যদি কারখানার পরিসর আরও বাড়াতে চান তাহলে ব্যাংক আরও আর্থিক সহযোগিতা দিতে পারে। এ ছাড়া বিপণনের ব্যাপারেও পরোক্ষভাবে তাঁরা সহায়তা করবেন।
গত কয়েক দিন আগে বিরস্তইল গ্রামের তসলিমার কারখানায় গিয়ে দেখা যায়, সব মেশিনেই মেয়েরা কাজ করছেন। তাঁরা রাজশাহী কলেজের এবং স্থানীয় শহীদ জিয়া কলেজের স্টাফদের পোশাক তৈরি করছেন। কারখানার পাশের ঘরে পোশাক তৈরির জন্য কাপড় কিনে মজুত করে রেখেছেন। তসলিমা বলেন, তাঁর আরও ২০ লাখ টাকার পোশাক তৈরি করার মতো প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, শ্বশুরবাড়ির সবাই তাঁকে সহযোগিতা করেন। এমনকি দাদিশাশুড়ি পর্যন্ত বসে হাতের কাজ করে দেন।
তসলিমা জানালেন, তিন বছর আগে ছোট ননদকে বিয়ে দিয়েছেন। এতে তাঁর এক লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে। স্বামী পিয়ারুল আগে একটি ওষুধের দোকানে কাজ করতেন। এবার প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে ওষুধের দোকান করে দিয়েছেন তাঁকে। পিয়ারুলকে পড়াশোনা শুরু করতে উদ্বুদ্ধ করেছেন। এবার তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন।
তসলিমা বলেন, অর্ডার না পেলে বাড়তি পোশাক তৈরি করা একটা ঝুঁকির ব্যাপার। কারণ বাজারজাত করা একটা বড় সমস্যা। বাইরের বাজার পেলে চাহিদামতো পোশাক সরবরাহ করতে পারবেন বলে আত্মবিশ্বাসী তসলিমা।
পিয়ারুল বলেন, স্ত্রীর চেষ্টায় তাঁর ভাগ্য বদলে গেছে। পরিবারের সবাই তাঁর স্ত্রীর অবদান স্বীকার করে। তাঁদের একমাত্র মেয়ে এবার প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে। তার নামেই পোশাক কারখানা ও ওষুধের দোকানের নাম দিয়েছেন তাজরিন গার্মেন্টস ও তাজরিন ফার্মেসি।