তা তা থৈ থৈ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর বয়সেই জেমিমা খান পড়েছিলেন, ‘প্রতিভা যাহাকে স্পর্শ করে তাহাকেই সজীব করিয়া তোলে’, কিন্তু বুঝতে পারেননি রবীন্দ্রনাথের এই উক্তির গূঢ়ার্থ। এখন অবশ্য বোঝেন। তিনি স্বীকার করলেন, তাঁর একটি প্রতিভা আছে, সেটি নাচের প্রতিভা। এই প্রতিভার ছোঁয়ায় তিনি প্রতিনিয়ত জীবনের অর্থ খুঁজে পান। কেননা এই প্রতিভা ইতিমধ্যেই তাঁর পায়ের কাছে এনে দিয়েছে অনেক সাফল্যের নৈবেদ্য। আন্তস্কুল নাচের প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একটানা দখল করে রেখেছিলেন চ্যাম্পিয়ন শিরোপা। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় হয়েছেন দ্বিতীয়। নেচেছেন টেলিভিশনের বিভিন্ন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে। এমনকি নেচেছেন খ্যাতিমান মডেল মৌ, নোবেল ও সোহেলের সঙ্গে বিভিন্ন মঞ্চে। এতসব অর্জন তো সেই নাচের প্রতিভার জন্যই। কিন্তু এরপর জেমিমা যা বললেন তা শুনে সত্যি অবাক হতে হয়, ‘আমার নাচের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি ছোটবেলায় টেলিভিশন দেখে, নাচের বিভিন্ন ভিডিও দেখে কিংবা মঞ্চে অন্যের নাচ দেখে দেখে শিখেছি। তবে হ্যাঁ, ২০০৯ সালে বাফায় ভর্তি হয়েছিলাম নাচ শেখার জন্য। চালিয়ে যেতে পারিনি। কয়েক দিন পর বাফা ছেড়ে দিই অন্য এটা স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে।’গল্পের মধ্যে ক্লাইমেক্স ঢুকে পড়েছে। আমরা আরও আগ্রহী হয়ে জানতে চাই, ‘কী সেই স্বপ্ন?’ জেমিমা বলতে ইতস্তত করেন, ‘না, মানে... স্বপ্নটা পূরণ হয়নি আমার। আমার আজন্ম ইচ্ছা ছিল সেনা কর্মকর্তা হওয়ার। সে চেষ্টাও করেছিলাম। কিন্তু চূড়ান্ত পর্বে গিয়ে বাদ পড়ে যাই।’এটুকু বলে থামেন তিনি। যেন কথার খেই হারিয়ে ফেলেছেন। আমরা সূত্র ধরে ভূমিকা নিই। বলি, আপনার শিক্ষাজীবনের গল্প শুনতে চাই। জেমিমা আবার সাবলীল হয়ে ওঠেন। বলেন, আমার জন্ম ঢাকার কেরানীগঞ্জের তালেপুর গ্রামে। ওখানে তালেপুর উচ্চবিদ্যালয়ে পড়েছি অষ্টম শ্রেণী পর্যন্ত। অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়ার পর আমাকে ভর্তি করানো হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে।’এভাবেই গল্প এগোতে থাকে। জেমিমার পরিবারে আছেন মা, দুই বোন ও এক ভাই। বাবা কর্মসূত্রে থাকেন সৌদি আরব।আমরা জানতে পারি, এই প্রতিষ্ঠান থেকেই তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন জিপিএ ৫ নিয়ে। এখন পড়ছেন ঢাকার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে দ্বিতীয় বর্ষে। আমরা বুঝে যাই, জেমিমাকে রাত-দিন অনেক পরিশ্রম করতে হয়। শিল্প ও বিজ্ঞানকে একসঙ্গে সামলানো কী সহজ কম্ম!কিন্তু জেমিমা দমার পাত্রটি নন। তিনি যে কঠিনেরেই ভালোবেসেছেন। তাই স্বপ্নের ব্যাপারেও ছাড় দিতে নারাজ। তাঁর এখন দুটি স্বপ্ন—একজন বড় স্থাপত্যবিদ হওয়া এবং দেশসেরা একজন নৃত্যশিল্পী হওয়া। তাঁর নিজের ভাষায়, ‘আমার দুটোই চাই। যেকোনো একটা হলে চলবে না। এ জন্য সব রকমের ত্যাগ স্বীকার করতে আমি রাজি।’ এমন প্রত্যয় যাঁর কণ্ঠে, তিনি কি সফল না হয়ে পারেন?