তাঁতের চেয়ে বেশি চাহিদা ব্যাগ ও জুতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ কথাটা বেশ পরিচিত আমাদের কাছে। কিন্তু ‘ডিজিটাল কাজল’, ‘ডিজিটাল ফেইসওয়াশ’ নাম শুনে একটু খটকা লাগলেও ইদানীং তরুণীদের কাছে এই নাম দুইটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবারের তাঁতবস্ত্র ও পাটপণ্য মেলাতেই এর প্রমাণ পাওয়া গেল। মেলায় একমাত্র স্টল ‘হোয়াইট হাউস’, যেখানে পাওয়া যাচ্ছে ডিজিটাল কাজল, ডিজিটাল ফেইসওয়াশ ছাড়াও আরও অনেক চমক জাগানো প্রসাধনী। আর এসব কিনতে তরুণীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন স্টলের কর্মচারীরা। চট্টগ্রাম কলেজের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী সাদিয়া বন্ধুদের কাছে শুনে মেলায় এসেছেন কাজল কিনতে। বললেন, ‘কাজল কিনতে এসেছি, কিন্তু দাম শুনে তো কিনতে ইচ্ছা হচ্ছে না। তার পরও দেখি কিছু ছাড় দিলে কিনে ফেলব।’ বিক্রয়কর্মী মো. জোবায়ের জানান, ‘ঢাকা থেকে আমরা এ মেলায় এসেছি। যদিও এটা তাঁতবস্ত্র মেলা। তার পরও আমাদের বিক্রি বেশ ভালো হচ্ছে।’দুই বছর ধরে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় তাঁতি সমিতির উদ্যোগে মাসব্যাপী দেশীয় তাঁতবস্ত্র ও পাটপণ্য মেলার আয়োজন করা হচ্ছে। এ বছর মেলার পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ তাঁত বোর্ড। ৯ জুলাই মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। মেলায় তাঁতের কাপড়, পাটপণ্য, প্রসাধনী, তৈজসপত্র, জুতা, ব্যাগ—সব মিলিয়ে দুই শতাধিক স্টল আছে। জুতার দোকানগুলোতে ১৫০-২০০ টাকার মধ্যে জুতা ও বিভিন্ন রকমের সুন্দর স্যান্ডেল পাওয়া যাওয়ায় বেশির ভাগ ক্রেতা যাচ্ছেন সেখানে। মাত্র ১২০ টাকায় পাওয়া যাচ্ছে ব্যাগ, যথারীতি ভিড় সেখানেও। কিন্তু যে উদ্দেশ্যে এই মেলা অর্থাৎ তাঁত ও পাটপণ্যের স্টলগুলোর কী অবস্থা? ঢাকা থেকে আসা তাহসিন টেক্সটাইলের কর্মকর্তা ফিরোজ আলম জানান, ‘এখনো সেরকম বিক্রি হচ্ছে না। তবে আশা করছি, শবে বরাতে পর ভালো বেচা হবে।’ তিনি জানান, ‘আমাদের দামি দামি থ্রিপিসের কাপড়গুলোর চেয়ে খদ্দের ও তাঁতের সালোয়ার কামিজ বিক্রি হচ্ছে বেশি। ক্রেতাদের বেশির ভাগ কলেজছাত্রী। দাম কম এবং দেখতে সুন্দর ও আরামদায়ক বলে এগুলোর চাহিদা বেশি।’ তাহসিন টেক্সটাইল ছাড়াও অন্যান্য কাপড়ের স্টলগুলোতে এসব তাঁতের কাপড় পাওয়া যাচ্ছে ৩৫০-৫৫০ টাকার মধ্যে। মেলায় শাড়ি কিনতে এসেছেন গৃহিণী রমা দাশ। তেমন কিছু এখনো পছন্দ করতে পারেননি। তিনি বললেন, ‘এখানে বেশ ভালো জামদানি ও তাঁতের শাড়ি এসেছে। কিন্তু মান কেমন হবে এটা নিয়ে একটু ভাবছি।’ শুধু তাঁতের শাড়িই নয়, হাসান শাড়ি বিতান, জামদানি হাউসসহ আরও অনেক শাড়ির স্টলে বালুচরী জামদানির অনেক সংগ্রহ দেখা যায়। পাটের তৈরি শোপিস, ফুলদানিসহ অনেক জিনিস দেখা যায় ইব্রাহীম হস্ত কুটির শিল্পের স্টলে। আগামী ৯ আগস্ট মেলা শেষ হওয়ার কথা থাকলেও আসন্ন ঈদকে কেন্দ্র করে মেলা চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে জানান আয়োজকেরা। স্টলের মালিকদের পক্ষে ব্যবসায়ী মো. আলমগীর বললেন, ‘আগে মানুষ এ মেলা সম্পর্কে তেমন জানতেন না। এখন জানেন, তাই মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। তা ছাড়া সামনে যেহেতু ঈদ তাই আশার আলো দেখছি।’ কোনো স্টলে বেশি কোনো স্টলে কম বিক্রি হলেও মেলায় লোকসমাগম বেশ ভালো বলে মন্তব্য করেন তিনি।