তাঁদের কথা ভেবে দিন কেটে যায় দুনিয়াজোড়া অসংখ্য ভক্তের। ‘আমি যদি তাঁদের মতো হতে পারতাম’—এমন ভাবনাও আসে মনে। কিন্তু কখনো ভেবে দেখেছেন তাঁরা কাদের মতো হতে চান? কাকে আদর্শ সামনে রেখে এগিয়ে যাচ্ছেন? সে তথ্য থাকছে এই প্রতিবেদনে

বিল গেটস

স্টিভ জবসকে নিজের আইডল বলে মানার একটা রীতি কমবয়সী প্রযুক্তি নির্বাহীদের মধ্যে দেখা যায়। তবে ফেসবুক সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক সাক্ষাৎকারে একবাক্যে বিল গেটসকে নায়ক বলে উল্লেখ করেন। উপস্থাপক তাতে যতই বাগড়া দেওয়ার চেষ্টা করেন, দৃঢ় কণ্ঠে মার্ক ততই বিল গেটসের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন। সেই নায়ক বিল গেটসের নায়ক কে? উত্তর, চাক ফিনে। নাম শুনেছেন? না শুনে থাকলে অবাক হওয়ার কিছু নেই। এই মানুষ অন্তরালে থেকেই সামাজিক উন্নয়নে অর্থ আদায় করে দান করে যাচ্ছেন। উত্তর আমেরিকার সফল ব্যবসায়ী চাক ফিনে তাঁর দি আটলান্টিক ফিলানথ্রোপিস প্রতিষ্ঠানের ‘গিভিং হোয়াইল লিভিং’ কর্মসূচির মাধ্যমে সমাজের বিত্তশালীদের অর্থ ভালো কাজে ব্যয় করে। ১৯৮২ সাল থেকে তিনি এ কাজ করে যাচ্ছেন। আর ঠিক এ কারণেই বিল গেটস তো বটেই, ওয়ারেন বাফেটসহ অনেকের আদর্শ তিনি।

নেইমার জুনিয়র

গুটি গুটি পায়ে ছোট্ট ছেলেটা যখন লাজুক মুখে লিওনেল মেসির দিকে এগিয়ে গেল, দৃশ্যটা তখন খুব স্বাভাবিক মনে হয়েছিল। বিশ্বজুড়ে এমন কত ভক্তই না আছে মেসির। কিন্তু সে শিশু যে ‘শত্রুশিবির’ ক্রিস্টিয়ানো রোনালদোর পুত্র! ফুটবল নায়ক হিসেবে বাবাকে নয়, বরং মেসিকে বেছে নিয়েছেন জুনিয়র রোনালদো। ভক্তকুলের কথা থাক। মেসির খেলায় মুগ্ধ হননি এমন তারকা ফুটবলারও কিন্তু নেই। নেইমার জুনিয়র ঠিক সে দলেই। উৎসবের দেশ ব্রাজিলে সেরাদের সেরা সব ফুটবলারের জন্ম হয়েছে। তাঁদের প্রতি নেইমারের শ্রদ্ধা-ভক্তি-ভালোবাসার কোনো কমতি নেই। তবে সবার ওপরে রাখতে চান সতীর্থ ফুটবলার মেসিকে। প্রতিদিন তাঁর কাছ থেকে নতুন কিছু শিখছেন বলে উল্লেখ করেন এক সাক্ষাৎকারে।

শেরিল স্যান্ডবার্গ

প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে ফেসবুকের পট বদলে দিয়েছেন শেরিল স্যান্ডবার্গ। নিজেকে সফল নির্বাহীর আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন। সে একটা দিক গেল, তাঁর প্রতিষ্ঠিত ‘লিন ইন’ সংগঠনের মাধ্যমে নারীদের অনুপ্রেরণা জোগাচ্ছেন প্রতিনিয়ত। বিশ্বজুড়ে অনেক নারীর আদর্শ শেরিল। আর তাঁর আদর্শ? তিনিও এক নারী, নাম সমালি মাম। মানব পাচারকারিদের পাল্লায় পড়ে দীর্ঘদিন যৌননির্যাতনের শিকার হয়েছেন সোমালি মাম। তবে ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ান। কম্বোডিয়ার এই নারী মানব পাচারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ১৯৯৬ সাল থেকে। সাত হাজারের বেশি নারীকে উদ্ধার করেছেন, এখনো করে যাচ্ছেন। আর তাই সোমালি মামকেই নিজের আদর্শ মনে করেন শেরিল স্যান্ডবার্গ।

অপরাহ্ উইনফ্রে

‘নেলসন ম্যান্ডেলার আমন্ত্রণ, তাঁকে কাছে পাওয়া এবং কাছ থেকে তাঁকে জানার সুযোগ ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আমার নায়ক, তিনি সবার জন্যই এক উপহার।’ ৯৫ বছর বয়সে যখন নেলসন ম্যান্ডেলা মারা যান, এ কথাগুলো বলেছিলেন অপরাহ্ উইনফ্রে। নেলসন ম্যান্ডেলার কীর্তিময় জীবনের দিকে তাকালে বোঝা যায় কেন তাঁকে বন্ধু, গুরু এবং আদর্শ বলে সম্বোধন করেছেন অপরাহ্ উইনফ্রে। অপেরাহ্র জীবনও বেশ কীর্তিময়। এমন কীর্তিময় একজন মানুষের আদর্শ যে নেলসন ম্যান্ডেলার মতো হবে, সেটাই স্বাভাবিক।
গ্রন্থনা: মেহেদী হাসান
সূত্র: ফরচুন, দ্য টেলিগ্রাফ, দ্য সানডে টাইমস।