বিরিয়ানি ছাড়া ঈদ কীসের?

শাবানা আজমি
বিরিয়ানি ছাড়া ঈদের কথা ভাবতেই পারেন না শাবানা আজমি। সে কথা তিনি জানিয়েছেন অনেকবার। এমনিতে সারা বছর তাঁর দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার, সময়টা বেশ ব্যস্ত কাটে। জয়া, ফারহান কিংবা জাভেদ আখতার—পরিবারের সবাই তারকা। ব্যস্ততায় তাই সবার একসঙ্গে বসাটাও হয় কালেভদ্রে। আর তাই ঈদের সময়টার জন্যই শাবানা আজমির যত অপেক্ষা। তিনি নিজ থেকেই সবাইকে নিমন্ত্রণ জানিয়ে খাওয়ান। ঈদের দিনটি নিজের পরিবারের সঙ্গেই কাটে তাঁর। বিরিয়ানির সঙ্গে পায়েস কিংবা কোরমা রাঁধেন। কাজের জন্য একবার আটকা পড়লেন যুক্তরাজ্যের লিডসে। টুইটারে তাঁর দুঃখে ভরা টুইট—‘লিডসে যে বিরিয়ানি আর কোরমা পাব না, তা তো জানা কথা। চকলেট আর শেফার্ডস পাই দিয়েই কাজ চালাতে হবে। ঘর আর পরিবারকে ভীষণ মিস করছি।’

পছন্দ মায়ের হাতের চিকেন বিরিয়ানি
আমির খান
ব্যস্ততা যতই থাকুক, সালমানের মতো আমির খানও মনে করেন ঘরের মানুষদের সঙ্গে ঈদের দিনটি না কাটালে যেন আনন্দটাই অপূর্ণ থেকে যায়। বিশেষ করে মায়ের হাতের চিকেন বিরিয়ানি ছাড়া আমিরের ঈদই হয় না! সঙ্গে থাকে সেমাই আর কাবাব। খাবারের কথা বাদ দিলে বলিউডের আরেক তারকা ইমরান খান আর তাঁর শিশুসন্তানকেই সঙ্গ দেন আমির। আর ভালোবাসেন ছোটবেলা থেকে যাঁদের সঙ্গে বড় হয়েছেন, সেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। মজা করে তাই আমিরের প্রশ্ন—অন্তত ৪০ জনের সঙ্গে দেখা না হলে আর কিসের ঈদ? শুটিংয়ে যখন দেশের বাইরে থাকেন? ধুম থ্রি সিনেমার শুটিংয়ের সময় ছিলেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। ‘ঘরের ঈদ’ আমেজটা না পেলেও স্থানীয় বন্ধুদের সঙ্গে ঈদের দিনটি কাটাতে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমির খান। সেখানেই সবার সঙ্গে হয় শুভেচ্ছা বিনিময়।
নতুন ছবিতেই ব্যস্ত
সালমান খান
প্রায় প্রতি ঈদেই বলিউড তারকা সালমান খানের কোনো না কোনো ছবি মুক্তি পায়। আর তাই ঈদের সময়টা সালমানের কাটে বেশ ব্যস্ততায়। গত ঈদে যেমন সালমানের ছবি বজরঙ্গি ভাইজান মুক্তি পেয়েছিল। ভক্তকুলের মধ্যে ছবির প্রচারণা এতটাই সাড়া ফেলেছিল যে তাঁরা ঈদের দিনটাকে ‘ভাইজান ডে’-ই বানিয়ে ফেলেছিলেন। সবাই মিলে একই সুরে প্রিয় তারকার সঙ্গে ঈদ উদ্যাপন করতে চেয়েছিলেন। তা যদিও সম্ভব হয়নি, তবে সালমানের বাড়ির সামনে ঠিকই জড়ো হয়েছিলেন ভক্তরা। সালমানও তাঁদের একদম নিরাশ করেননি। বারান্দায় দাঁড়িয়ে সবার উদ্দেশে হাত নেড়েছেন। আর সেটাই যেন ছিল ভক্তদের ঈদের প্রকৃত আনন্দ। সালমানের খানের প্রতিটি ঈদের অংশ হয়ে দাঁড়িয়েছে এটি। এর বাইরে ঈদের দিনটি সালমানের কাটে ঘরোয়া পরিবেশেই। মধ্যাহ্নভোজ সারেন পরিবারের সবার সঙ্গে। এরপর বিকেলে বলিউডের কাছের বন্ধুদের দাওয়াত দেন নিজের বাড়িতে। ছোটখাটো একটা অনুষ্ঠানও করেন তাঁদের নিয়ে, যেখানে আমির খানের মতো তারকারাও উপস্থিত থাকেন।
ঈদ সবচেয়ে ভালো সময় কাটে করাচির বাড়িতে

ওয়াসিম আকরাম
বছর তিনেক হলো শ্যানিয়েরা থম্পসনকে বিয়ে করেছেন একসময়ের দাপুটে পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম। আকরামের সন্তানদের বেশ আপন করেও নিয়েছেন শ্যানিয়েরা। ঈদটা তাই গোটা পরিবার একসঙ্গে উদ্যাপনের চেষ্টা করে। আর তা যদি হয় করাচির বাড়িতে, তাহলে আনন্দটাই অনেক গুণ বেড়ে যায়। শ্যানিয়েরার সঙ্গে প্রথম ঈদের কথা বলা যাক। ২০১৩ সালের আগস্টে বিয়ে করেন তাঁরা। বিয়ের পরপরই চলে আসে ঈদুল ফিতরের ক্ষণ। অস্ট্রেলীয় স্ত্রীকে নিয়ে আকরাম বাবার সঙ্গে ঈদ কাটাতে চলে আসেন করাচিতে। পাকিস্তানি জীবনযাপনে সবে অভ্যস্ত হতে শুরু করেছেন শ্যানিয়েরা, অথচ এরই মধ্যে শখের দু-এক পদ পাকিস্তানি রান্নাও শিখে নিয়েছেন। ঈদে তা-ই দিয়ে আপ্যায়ন করেছিলেন আত্মীয়স্বজনদের। সব ঈদে অবশ্য তাঁদের বাড়ি ফেরা হয় না। কর্মসূত্রেই তাঁদের বছরের বিভিন্ন সময়ে থাকতে হয় বিভিন্ন দেশে। বিদেশবিভূঁইয়ের সেই দিনগুলোতে নিজের পরিবারের সঙ্গে কাটানো ঈদের সুখস্মৃতিগুলো বারবার মনে পড়ে ওয়াসিম আকরামের।
গ্রন্থনা: মেহেদী হাসান, সূত্র: দৈনিক ভাস্কর, বলিউড লাইফ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।