তাঁদের ঈদস্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। চলচ্চিত্রের পাশাপাশি সরব নাটক ও বিজ্ঞাপনচিত্রে। অন্যদিকে, ইরফান সাজ্জাদ সবে অভিনয়ে হাত পাকাচ্ছেন। ইতিমধ্যে কয়েকটি নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। ‘পাওয়ার ভয়েজ’–এর আফরোজা বেলীর এখন পোক্ত অবস্থান সংগীতজগতে। তাঁদের ছোটবেলার ঈদ কেমন ছিল? আর এখন কীভাবে কাটান এ নিয়ে

ছোটবেলার ঈদ অনেক মজার

পূর্ণিমা

পূর্ণিমা
পূর্ণিমা

চট্টগ্রামে বাবার বাড়ি হলেও আমার বেড়ে ওঠা কিন্তু ঢাকায়। ছোটবেলার় ঈদ অনেক মজার। রান্নাবান্নার টেনশন থাকে না। শুধু নতুন জামা পরে ঘুরে বেড়ানো। ছোটবেলায় ঈদের আনন্দ পাঁচ-সাত দিন ধরে চলত। আর প্রতিদিনই নতুন জামা পরে ঘুরে বেড়াতাম। ঈদের জামার ক্ষেত্রে সবাই যা পরত, আমি তা পরতাম না। বরাবরই অন্যদের চেয়ে আলাদাভাবে থাকতে চাইতাম। আমার সঙ্গে আমার বোনের পোশাকও মিলত না। তখন কিন্তু বাজারে বিদেশিদের ছবিওয়ালা ক্যাটালগ থাকত, তা দেখে জামা বাছাই করতাম। ফ্রক টাইফের জামাই বেশি পরতাম। ঈদের এক মাস আগে জামা বানানোর কাজ শুরু হয়ে যেত। তারপর বাসায় এনে জামাগুলো লুকিয়ে রাখতাম। বান্ধবীরা জানতে চাইলেও তাদের কিছু বলতাম না, শুধু জামার রং সম্পর্কে একটা ধারণা দিয়ে দিতাম। সবাই যখন ঈদের নামাজ পড়ে বাসায় ফিরত, আমি তখন বান্ধবীদের সঙ্গে বেরিয়ে পড়তাম। এরপর সারা দিন ঘোরাঘুরি।
বড় হওয়ার পর ঈদ বাসায়ই কাটে। নতুন পোশাক কেনা হলেও সেটা পরে এখন আর কোথাও যাওয়া হয় না। ঈদের দিন সন্ধ্যায় কিংবা ঈদের পরদিন আত্মীয়স্বজন বা পরিচিতজনদের বাসায় গিয়ে কিছুক্ষণ থেকে চলে আসা হয়। ছোটবেলার মতো এখন আর ঈদের সময় সকাল নয়টা থেকে রাত পর্যন্ত এপাড়া–ওপাড়া ঘুরে বেড়ানো হয় না। খুব মিস করি। আরেকটা কথা, তখন তো সবার কাছ থেকে ঈদি পেতাম, আর এখন সবাইকে ঈদি দিতে হয়। বেশ ভালো লাগে। সবোচ্চ ঈদি কত পেয়েছি মনে না থাকলেও, দিয়েছি কত তা কিন্তু ঠিকই মনে আছে। আর তা দিয়েছিলাম আমার দেবর ও তার বউকে।
গরু নিয়ে রীতিমতো তর্কযুদ্ধ হতো
ইরফান সাজ্জাদ

ইরফান সাজ্জাদ
ইরফান সাজ্জাদ

চট্টগ্রামে আমার বাসা চাঁন্দগাও থানার মোহরা এলাকায়। ছোটবেলা কেটেছে সেখানে। বছর দুয়েক ধরে ঢাকায় আছি। মা–বাবা ও পরিবারের সবাই যেহেতু চট্টগ্রামে, তাই ঈদ এলেই আবার ছুটে যাই। আমার জীবনে দুই বছর আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক পার্থক্য। ভাবতেই অবাক লাগে! একটা সময় ঈদে অপেক্ষা করতাম, টিভিতে কোন নাটক ভালো হবে তা দেখার জন্য। আর এখন অপেক্ষা থাকে নিজের অভিনীত নাটক দেখার জন্য। ঈদে ভালো কোনো কাজ করলেই সেটাই এখনকার আনন্দ। তবে ছোটবেলার ঈদ একেবারে অন্য রকম ছিল। তখন ঈদ মানেই ছিল শুধু মজা আর মজা। বাবার সঙ্গে গরুর হাটে যাওয়া। গরু কিনে বেশ গর্বিত হয়ে বাড়ি ফেরা। রাস্তা ধরে গরুর পেছন পেছন হেঁটে বাড়ি আসা। আশপাশের সবার গরুর সঙ্গে নিজেদের কেনা গরুর তুলনা করা। কাদের গরু সবচেয়ে সুন্দর ও বড়, তা নিয়ে আলোচনা। গরু নিয়ে রীতিমতো তর্কযুদ্ধ হতো।
এখনকার ঈদও আবার আমার কাছে অন্য রকম। গরুর হাটে গেলে এখন অনেকে আমাকে চেনে। এগিয়ে এসে কথা বলে। কুশলাদি জানতে চায়। ঈদের নামাজ পড়তে গেলে সেখানেও একই অবস্থা। চেনার কারণে গরুর বাজারে তো দামেও একটু সুবিধা পাওয়া যায়। খারাপ কী! আগে তো ঈদের ছুটিতে বাড়িতে থাকতাম, আর এখন তো ঈদে ঢাকা থেকে বাড়ি যাই। মা-বাবার সঙ্গে ঈদ উদ্যাপন করি। এটাও বড় আনন্দের।

ভাইবোন মিলে গরুর সাজসজ্জায় ব্যস্ত হয়ে পড়তাম
আফরোজা বেলী

আফরোজা বেলী
আফরোজা বেলী

ছোটবেলার ঈদ ছিল বেশি আনন্দের। রোজার ঈদে তো চাঁদরাতে বলতে গেলে ঘুমই হতো না। কখন সকাল হবে, নতুন জামা পরে বের হব—এ নিয়ে ছিল চিন্তা। কার জামা বেশি সুন্দর, কার বাসায় আগে যাব, কত–কী পরিকল্পনা। কোরবানির ঈদে গরু নিয়ে মাতামাতিও এ রকমই। হাট থেকে কিনে আনার পর গরুর সাজসজ্জার জন্য ব্যস্ত হয়ে পড়তাম ভাইবোন মিলে।
আমাদের বাড়ি নগরের কাজীর দেউড়িতে। এখনো প্রতিবছর সেখানেই ঈদ করি। আমাদের এই পাড়ায় আগে একটা রেওয়াজ ছিল কোরবানির আগে সবার গরুর প্রদর্শনী। এটি হতো পাশের আউটার স্টেডিয়ামে। পাড়ার সবাই গরু সাজিয়ে নিয়ে আসতেন মাঠে। সেখানে নির্ধারণ হতো কার গরু কত সুন্দর। সেই দিনগুলো সত্যিই মজার।
আর এখনকার ঈদও মজার। তবে ছোটবেলার মতো না। এখন দায়িত্ব অনেক। তা ছাড়া নিজের কাজের ব্যস্ততা তো আছেই। দেখা গেল ঈদের দিন ছুটি কাটালাম। বাসায় সবাই মিলে আড্ডা দিলাম। হইহুল্লোড় হলো। পরদিন আবার ছুট। হয়তো কোনো শো কিংবা রেকর্ডিং। ঈদ কোন দিকে এসে চলে যায়, টের পাওয়াও মুশকিল হয়। তবে এখন আরেকটা মজা আছে। পরিবারের সবাইকে নতুন পোশাক কিনে দিই। তাদের আনন্দটা এখন আমার আনন্দ।
অনুলিখন : মনজুর কাদের ও আশরাফ উল্লাহ