তাঁদের উদ্যোগ, কমছে অন্যের ঝামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহুরে যান্ত্রিক জীবনে কিংবা বাসায় সহায়তাকারী না থাকলে মসলা বেটে, সবজি কেটে রান্না করা অনেকের কাছেই ঝক্কির। হেঁশেল বা রান্নাঘরের এ কাজগুলো সহজ করে দিতে তাঁরা নিয়েছেন নতুন ধরনের ব্যবসা উদ্যোগ। ক্রেতা ঘরে বসেই পাচ্ছেন বাটা মসলা বা কাটা সবজি। এ ধরনের অনলাইন ব্যবসা জনপ্রিয় হচ্ছে দিন দিন।

একটি সৌন্দর্যসেবা কেন্দ্র ও জিম পরিচালনা করতেন পারভীন সাঁকো। করোনাভাইরাসের বিস্তারে দুটি ব্যবসাই বন্ধ হয়ে যায়। তাই ভাবতে হয় বিকল্প কিছু। অন্যদিকে সামিরা মোস্তফা একটি রেস্তোরাঁর মালিক ছিলেন। কিন্তু করোনাকালে সেটি বন্ধ রাখতে হয়। পারভীন ও সামিরা অনলাইনে মানুষের হেঁশেলের ঝামেলা কমানোর উদ্যোগ নিয়েছেন। তাঁরা কাটা সবজি, বাটা মসলা থেকে শুরু করে হিমায়িত খাবার সরবরাহ করছেন।

পারভীন সাঁকো

জুলাই মাসে পারভীন সাঁকো ‘কোটা-বাছা অনলাইন সবজি বাজার’ নামের একটি ফেসবুক পেজ খোলেন। তিনি বললেন, ‘করোনার কারণে সব বন্ধ হয়ে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাই। বৃদ্ধ মা, স্কুলপড়ুয়া মেয়ে নিয়ে আমার সংসার। পারলার ও জিমে যাঁরা আসতেন, তাঁদের সঙ্গে সুসম্পর্ক ছিল। অনেকেই সকালে নাশতা বানানো, সবজি কাটা–বাছা, মসলা করা নিয়ে সমস্যার কথা আলোচনা করতেন। কিছু সবজি, পেঁয়াজ, আদা, রসুন কেটে দিয়েই এই কাজগুলোর দায়িত্ব নিই। সেসবের ছবি দিয়ে পেজ খুলি। এখন পর্যন্ত ভালোই চলছে।’

যে যেটা চান, সেটাই করে দেন পারভীন। এখন রান্নার ফরমাশও পাচ্ছেন। এ ছাড়া হিমায়িত নাশতাজাতীয় খাবারও বানিয়ে দেন। পারভীন বলেন, ‘আমার ৮০ বছর বয়সী মা–ও সহায়তা করেন। যা আয় হয়, তাতে বাসা ভাড়া দিয়ে সংসার চলে যাচ্ছে।’

সামিরা মোস্তফা

সামিরা মোস্তফা শুধু মসলা নিয়ে কাজ করছেন। পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, হলুদসহ নানা মসলা বেটে তিনি গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেন। সামিরা বলেন, ‘আমি সব সময় বাটা মসলা খাই। বাটা মসলার রান্নায় স্বাদও বেশি। মনে হলো, আমি যেহেতু খাই, তাহলে এটা অন্যদের সঙ্গেও শেয়ার করি। সেখান থেকেই এই “শুদ্ধ মসলা”র ভাবনা।’

করোনার কারণে যখন সাধারণ ছুটি ছিল, তখন অনেকেরই বাসার সাহায্যকারী ছিলেন না। তখন নিজেরটা করতে গিয়ে সামিরার মনে হয়েছে যে অন্যদেরও এটা কাজে দেবে। সামিরা সঙ্গে আরও দুজন সহকারী নিয়ে শুরু করেন তাঁর উদ্যোগ শুদ্ধ মসলা।

জুলাই মাস থেকে ৬০০ কেজির বেশি বাটা মসলা সামিরা তাঁর ‘শুদ্ধ মসলা’ পেজ থেকে সরবরাহ করেছেন। সামিরা বলেন, ‘মানুষের আগ্রহ অনেক। ভালো সাড়া পাচ্ছি। যাঁরা নতুন রাঁধুনি, তাঁরা খুব নেন। এখন মানুষের ব্যস্ততা অনেক। জীবনকে সহজ করার উপায় খোঁজে মানুষ।’ ২৪ ঘণ্টা আগে অর্ডার করতে হয় সামিরার কাছে। প্রস্তুত করে কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে দেন ক্রেতার কাছে। বেশি অর্ডার হলে হিমায়িত করে পাঠান। শর্ষেবাটা, পোস্তবাটাও চালু করেছেন। বাদামও চালু করবেন। জানালেন, যেটা করতে মানুষের ঝামেলা, সেটা করে দিতে চান।

নানাজন নানাভাবে করোনার ধাক্কা সামলানোর চেষ্টা করছেন। পারভীন আর সামিরা তো নতুন ধরনের উদ্যোগই নিয়েছেন, যা প্রতিদিনকার ঝক্কি কিছুটা হলেও কমাচ্ছে।