তাঁদের এখন ব্যস্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি একবার শুরু হলে থামার নামগন্ধ নেই। আষাঢ়ের ঘনঘোর বর্ষণে তবু দৈনন্দিন কাজ, কার্যালয় (অফিস), বিদ্যালয়—সবকিছুই চলছে। ছাতা ছাড়া চলাচল অসম্ভব। ছাতা ছিদ্র, শিক-ভাঙা হলে ভোগান্তিরও শেষ নেই। এ দুর্যোগে তাই সবাই বিপাকে পড়লেও সুদিন এসেছে ছাতা মেরামতকারীদের।বর্ষা মৌসুমে ছাতা মেরামতকারীদের ব্যবসা রমরমা। গত মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকায় ছাতা মেরামতকারীদের ব্যস্ত সময় কাটাতে দেখা যায়। স্টেশন রোডের ফুটপাতে মো. শাহ আলম, মো. ইনজামসহ কয়েকজন ছাতা মেরামতকারীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, ‘বৃষ্টি-বাদলার দিনে কাস্টমার বেড়ে যায়। বছরের এ মৌসুমেই আয়-রোজগার বেশি হয়। অন্য সময় হাতে কাজ থাকে না।’স্টেশন রোড ছাড়াও বক্সিরহাট পুলিশ বিটের আশপাশের ফুটপাতে বসেন আট-নয়জন ছাতা মেরামতকারী। এখানকার ছাতার কারিগরেরা জানান, ফুটপাত ছাড়াও নগরের বিভিন্ন এলাকার অলিতে-গলিতে ঘুরে ছাতা ঠিক করেন জনা বিশেক ভ্রাম্যমাণ ছাতা মেরামতকারী।বক্সিরহাট পুলিশ বিট মোড়ের মোহাম্মদ আরিফের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ থানায়। ২৩ বছর আগে বাবার হাত ধরে আসেন চট্টগ্রামে।ছাতা মেরামতের এ কাজ তিনি শিখেছিলেন বাবার কাছ থেকেই। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকেন নগরের ঘাট ফরহাদবেগ এলাকায়। তিনি বলেন, ‘বছরের নয় মাস ছাতা মেরামত করি, আর বাকি তিন মাস গ্রামের বাড়ি গিয়ে চাষবাস করি।’দৈনিক আয়-রোজগার কত হয় জানতে চাইলে বক্সিরহাট পুলিশ বিট মোড়ের মনির আহমদ জানান, ‘ভালোই আয় হয়। দৈনিক ৪০-৫০টা ছাতা ঠিক করি। কাজ অনুযায়ী ১০-১০০ টাকা পর্যন্ত নিই। যত বৃষ্টি তত লাভ। তবে তা কেবল ছয় মাসের জন্য। বছরের অন্য সময় ভিন্ন কাজ খুঁজে নিতে হয়।’চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আসিফুল হক ছাতা ঠিক করতে এসেছিলেন স্টেশন রোডে। তিনি বলেন, ‘কদিন আগেই ছাতা কিনেছি। নতুন ছাতা কেনা এ মুহূর্তে সম্ভব নয়। ছাতাওয়ালারা না থাকলে এ বর্ষায় বিপদে পড়তে হতো।’