তাঁদের কিছু কথা
এবারের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন নারী। তাঁদের মধ্যে ১৮ জনের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ সাবিহা আলম
ফেরদৌসী আহমেদ

ওয়ার্ড নম্বর ৮
সাবেক কমিশনার। শিক্ষাগত—যোগ্যতা স্নাতক। পেশা—ব্যবসায়। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। নাসির উদ্দীন পিন্টুর বোন ও সাবেক কমিশনার মৃত ছায়েদুর রহমান নিউটনের স্ত্রী।
করাত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের তিন প্রার্থীর বিরুদ্ধে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন প্রচার চালানোর অনুমতি দিয়েছেন। আর আদালত জামিন দেননি। এলাকায় গেলেই পুলিশ তাড়া করে। কিন্তু আমি জিতবই। প্রতিবন্ধকতাই লড়াই করতে উদ্বুদ্ধ করে।’
শিরিন রুখসানা

ওয়ার্ড নম্বর ১২
সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কমিশনার। শিক্ষাগত—যোগ্যতা এমএ, এলএলবি। পেশা—ব্যবসায়।
আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। রেডিও প্রতীক নিয়ে নির্বাচন করছেন আটজনের বিরুদ্ধে। চারজনই নিজ দলের বিদ্রোহী প্রার্থী। বললেন, ‘আত্মবিশ্বাস শতভাগ। বিরোধী দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে কথা নেই। দলের নীতিনির্ধারকেরা সঙ্গে নেই। তাতে কী? এলাকার লোকজন, দলের সাধারণ কর্মীরা আছে। আমার নিজের ছেলেমেয়েরা জান-প্রাণ দিয়ে খাটছে। সংগ্রাম চালিয়ে যাব।’
রুনু আক্তার

ওয়ার্ড নম্বর ১২
সাবেক কমিশনার। শিক্ষাগত যোগ্যতা—স্বশিক্ষিত। আয়ের উৎস—বাড়িভাড়া।
বিএনপির সমর্থন পেয়েছেন। ট্রাক্টর প্রতীক নিয়ে আটজনের সঙ্গে লড়ছেন। নিজ দলের বিদ্রোহী প্রার্থী সরকার সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে বিরক্ত করছেন বলে অভিযোগ। জানালেন, ‘আমার স্বামী শওকত আলী মিস্টার খুন হয়েছিলেন। স্বামী নিহত হওয়ার পর তাঁর ওয়ার্ডে নির্বাচন করে আমি জিতেছি। এই ওয়ার্ডে আমার শ্বশুর মেম্বার ছিলেন। এই নির্বাচনের সঙ্গে আমাদের আবেগ জড়িত।’
মাহমুদা বেগম

ওয়ার্ড নম্বর ১৬
সংরক্ষিত ওয়ার্ডে সাবেক কমিশনার। শিক্ষাগত যোগ্যতা—স্নাতক। পেশা—পরামর্শক, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান।
আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। ঝুড়ি প্রতীক নিয়ে ১১ জন প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন। স্থানীয় সাংসদের সহযোগিতা পাচ্ছেন না। তিনি বললেন, ‘দলের সমর্থন আমি পেয়েছি। সাংসদ সঙ্গে নেই। বিরোধী দলের সঙ্গে লড়তে হচ্ছে, দলের নেতা-কর্মীদের সঙ্গেও লড়তে হচ্ছে। নীতিনির্ধারকেরা কথা শুনছেন না।’
বিলকিস আলম

ওয়ার্ড নম্বর ১৮
শিক্ষাগত যোগ্যতা—অষ্টম শ্রেণি। পেশা—বারিধারা মহিলা সমিতিতে চাকরি। এয়ারকন্ডিশনার প্রতীক নিয়ে আটজনের সঙ্গে লড়ছেন। বললেন, ‘জনগণ সরকারের কাছ থেকে খাবারদাবার, গাড়ি-বাড়ি চায় না। শুধু শহরে চলতে-ফিরতে একটু আরাম আর নিরাপত্তা চায়। সমবায় সমিতিতে চাকরি করেছি। কারোরটা মেরে খাইনি। নির্বাচিত হলে জনগণকে সন্তুষ্ট করব। কিন্তু কে যে জিতবে আল্লাহই জানে।’
রাবেয়া আলম

ওয়ার্ড নম্বর ১৮
শিক্ষাগত যোগ্যতা—এসএসসি। আয়ের উৎস—প্রমি গার্ডেন, নার্সারি।
সংরক্ষিত ওয়ার্ডে সাবেক কমিশনার। বিএনপির সমর্থন পেয়েছেন। টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে লড়ছেন নিজ দলের প্রার্থীসহ আটজনের বিরুদ্ধে। তিনি বললেন, ‘নির্বাচন হলো কৌশলের খেলা। ইনশাআল্লাহ সেদিক থেকে এগিয়ে আছি। এলাকার পুরুষ প্রার্থীদের তুলনায় সুনাম বেশি। আমি তো চাপেই নাই। আমার কারণে পুরুষেরা চাপে পড়েছে।’
নীলুফা ইয়াসমীন নীলু

ওয়ার্ড ২৩
শিক্ষাগত যোগ্যতা—স্বশিক্ষিত। পেশা—ব্যবসায়। বিস্ফোরক আইনে মামলা আছে।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন। নিজের দলের দুজনসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয়জন।
তিনি বললেন ‘বিএনপির রাজনীতি করি। মামলা আছে। তবে নারী হিসেবে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। পুলিশ ডিস্টার্ব করছে না। পোস্টার-ফেস্টুন লাগাই, কারা যেন ছিঁড়ে ফেলছে। এসব অবশ্য পরোয়া করি না।’
জোহরা রহমান

ওয়ার্ড ২৬
শিক্ষাগত যোগ্যতা—স্বশিক্ষিত। পেশা—গৃহিণী।
লাটিম প্রতীক নিয়ে ছয় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করছেন। তিনি জানালেন,
‘আমার স্বামী বিএনপি করে। উনার এবার একটু অসুবিধা আছে। তাই আমি দাঁড়ালাম।’
খোন্দকার রোমানা হাসান

ওয়ার্ড ২৮
শিক্ষাগত যোগ্যতা—অষ্টম শ্রেণি। পেশা—গৃহিণী।
ঝুড়ি প্রতীক নিয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন। আওয়ামী লীগের অর্থাৎ নিজের দলের চারজনসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জনের বিরুদ্ধে। বললেন,
‘সব জায়গায় প্রতিযোগিতা থাকে। এখানেও আছে। আমার কথা হলো, দেশের প্রধানমন্ত্রী নারী হয়ে যদি পুরো দেশের কথা চিন্তা করতে পারেন, আমি আমার নিজের এলাকা নিয়ে স্বপ্ন দেখতে পারব না কেন? ’
সাজেদা আলী হেলেন

ওয়ার্ড ৩৬
সংরক্ষিত ওয়ার্ডে সাবেক কমিশনার। শিক্ষাগত যোগ্যতা—স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। পেশা—ব্যবসায়।
জাতীয়তাবাদী মহিলা দলের মহানগর কমিটির যুগ্ম সম্পাদিকা।
ঝুড়ি প্রতীক নিয়ে ছয়জনের বিরুদ্ধে লড়ছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ করছেন। তিনি বললেন, ‘কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না। বিরোধী দলের প্রতি হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছি। সরকারি দলের কেউ মেয়র হলেও কাজ করা যাবে। কাজ করার জন্য ইচ্ছা থাকাই যথেষ্ট।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
হাবিবা চৌধুরী

ওয়ার্ড ২
শিক্ষাগত যোগ্যতা—এমএসএস, এলএলবি। পেশা—ব্যবসায়। ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক।
টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে ছয়জনের বিরুদ্ধে লড়ছেন। দলীয় দুই প্রার্থীকে বসিয়ে দেওয়ায় তাঁরা গোস্বা করেছেন। তাঁর পক্ষে মাঠে নামেননি বলে অভিযোগ। বললেন, ‘ছাত্রজীবন থেকে শুধু নির্বাচন পরিচালনা করেছি। এবারই প্রথম নির্বাচন করছি। ভোটার স্লিপ বিতরণ করতে গিয়ে কর্মীরা বাধার মুখে পড়েছে। কিন্তু আমি শেষ না দেখে ছাড়ব না। বলতে পারেন শক্তভাবে নির্বাচনী দৌড়ে আছি।’
সাবিনা জাহান

ওয়ার্ড ৮
শিক্ষাগত যোগ্যতা—এসএসসি। পেশা—ব্যবসায়।
এনডিএফের রাজনীতির সঙ্গে যুক্ত। ঘুড়ি প্রতীক নিয়ে নয়জনের বিরুদ্ধে লড়ছেন। তিনি বললেন, ‘সবাই এগিয়ে যাচ্ছে। আমি কেন পিছিয়ে থাকব? আমি নির্বাচিত হব। আমার এলাকা থেকে সন্ত্রাস/দুর্নীতি দূর করব।’
মেহেরুন্নেছা

ওয়ার্ড ৩৮
শিক্ষাগত যোগ্যতা—অষ্টম শ্রেণি। পেশা—গৃহিণী। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
রেডিও প্রতীক নিয়ে নির্বাচন করছেন পাঁচজনের বিরুদ্ধে।
(চেষ্টা করেও দেখা করা সম্ভব হয়নি)।
টেলিফোনে বলেছেন, ‘আমি গণসংযোগে ব্যস্ত আছি। যা বলার পরে বলব।’
কোহিনূর বেগম

ওয়ার্ড ৫৩
শিক্ষাগত যোগ্যতা—১০ম শ্রেণি। পেশা—ব্যবসায়। কদমতলী থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
করাত প্রতীক নিয়ে ১০ জনের বিরুদ্ধে লড়ছেন।
তিনি বলেন, ‘এই সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আমার স্বামী মাহমুদুল্লাহকে হত্যা করা হয়েছিল। আমি ওনার জায়গায় দাঁড়িয়েছি। মনোবল ভাঙতে এখন আমাকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মাহমুদুল্লাহ যেদিন মারা গেছেন, সেদিনই তো আমার মৃত্যু হয়েছে। আমি আর কিছু ভয় পাই না।’
শরমিলা ইমাম

ওয়ার্ড ৩৫
অাগেও কাউন্সিলর ছিলেন। বিএনপির রাজনীতি করেন। শিক্ষাগত যোগ্যতা—স্নাতক। মিষ্টিকুমড়া প্রতীক নিয়ে ১২ জন প্রার্থীর সঙ্গে লড়ছেন। তাঁরা সবাই পুরুষ।
তিনি বলেন, আমি জনগণের জন্য কাজ করেছি। জনগণ আমার সঙ্গে আছে। জনগণের জন্যই আমি কাজ করতে চাই।’
আঞ্জুমান আরা বেগম

ওয়ার্ড ১৩
শিক্ষাগত যোগ্যতা—এসএসসি। পেশা—ব্যবসায়। স্বামী খন্দকার আবদুর রব সাবেক কমিশনার ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।
প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজনের সঙ্গে।
শাহিদা মোর্শেদ

ওয়ার্ড ২৭
সাবেক কমিশনার। শিক্ষাগত যোগ্যতা—অষ্টম শ্রেণি। বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে চারটি।
লাটিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জনের বিরুদ্ধে। পেশা—গৃহিণী।
উম্মে খাদিজা পারভেজ

ওয়ার্ড ২৮
শিক্ষাগত যোগ্যতা—এসএসসি। পেশা—গৃহিণী।
ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন ১০ জনের বিরুদ্ধে।