প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জেএসসি পরীক্ষাকেন্দ্রে স্থানীয় নেতা রুহুল আলম বিশ্বাস অনুমতি ছাড়াই ঢুকতে চান। এ সময় দায়িত্বরত পুলিশ নাম-পরিচয় জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘জানো, আমি কে? আমাকে চেনো?’ (সূত্র: প্রথম আলো, ৯ নভেম্বর ২০১৭)। পুলিশ জানত না রুহুল আলম বিশ্বাস সম্পর্কে, তাই তাঁকে ভালোভাবে চেনার জন্য ১০ দিন তাঁর সঙ্গে সময় কাটাতে থানায় রাখার ব্যবস্থা করেছে। আপনার সঙ্গেও দেখা হয়ে যেতে পারে এই ধাঁচের মানুষের। নিজ স্বার্থেই চিনে রাখুন তাঁদের। লিখেছেন রাফি আদনান

- তাঁরা ‘একতাই বল’ প্রবাদে বিশ্বাসী। রাস্তায় কখনোই তাঁদের একা দেখবেন না। তাঁদের বাঁয়ে একজন, ডানে একজন, পেছনে একজন ভাই-ব্রাদার থাকেন। ভাই-ব্রাদাররা তাঁদের ‘ওস্তাদ’, ‘বস’, ‘ভাই’ ইত্যাদি নামে সম্বোধন করেন।
- তাঁদের রাজনৈতিক আড্ডা, এলাকার উন্নয়ন-সম্পর্কিত গুরুত্বপূর্ণ মিটিং—সবকিছুই হয় পাড়ার চায়ের দোকানে। এ ক্ষেত্রে অস্থায়ী সংসদ ‘সামছু টি স্টল’-এর সামছু চায়ের বিনিময়ে কিছুই পান না।
- তাঁরা সাধারণত বিশেষ মিটিংগুলোতে কড়া নিরাপত্তা নিশ্চিত করেন। সৃজনশীলতাকে আরেক ধাপ এগিয়ে মিটিং করার সময় ক্যারম, লুডু ইত্যাদি খেলতে পছন্দ করেন। বিদ্যুতের অপচয় রোধে এই মিটিংয়ের জন্য বেছে নেওয়া ঘরগুলো তুলনামূলক অন্ধকার থাকে।
- ‘চিনস আমারে?’ দলের বেশির ভাগেরই নিজস্ব মোটরসাইকেল থাকে। সংগত কারণে তাঁরা মোটরসাইকেলে একজন ড্রাইভার রাখেন। সেই ড্রাইভারের পেছনে
বসে মহল্লার সবার খোঁজখবর
রাখেন তাঁরা।
- ঐতিহ্যগতভাবে তাঁদের সবারই নামের শেষে ‘ভাই’ যোগ হয়ে যায়। এই সূত্র থেকে বুঝে নিন, আপনার এলাকার যে ব্যক্তির নামের শেষে ‘ভাই’ আছে, তাঁকেই আপনার চিনে রাখতে হবে।

- অন্তরে দেশপ্রেম লালন করেই তাঁরা বেঁচে থাকেন আর আপনারা তাঁদের চিনবেন না? তাঁদের প্রত্যেকেই জাতীয় দিবসগুলো পালন করেন সবার আগে। এদিন তাঁরা চড়ুইভাতির আয়োজন করেন। বাজেট ভালো থাকলে তাঁরা গানের আয়োজনও রাখেন। এ ক্ষেত্রে এলাকাবাসীর বিদেশি ভাষাজ্ঞান সম্পর্কে সচেতন করার স্বার্থে ভিনদেশি ভাষার গানও শোনান।
- তাঁদের মন সাগরের মতোই বিশাল। মহল্লার যেকোনো সমস্যায় তাঁদের সরব উপস্থিতিই জানান দেয় তাঁরা কতটা দায়িত্বশীল। অর্থনৈতিক বিষয়ে তুখোড় মেধার পরিচয় দেন। দুই বন্ধুর ঝগড়া থেকে দুই পরিবারের ঝামেলা—সবকিছুর নিষ্পত্তিতে তাঁরা একেকজন বিজ্ঞ বিচারকের ভূমিকা পালন করেন।
- বুশ গিয়ে ওবামা আসেন, ওবামার পর ট্রাম্প। বিশ্ব থেকে দেশ, সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লাগে; ‘চিনস আমারে?’ গ্রুপ থাকে চিরসবুজ। তাঁরা কখনোই পরিবর্তনের হাওয়ায় ভেসে বেড়ান না। সক্রিয় রাজনীতিতে থাকা ‘চিনস আমারে’ গ্রুপের রাজনৈতিক মতাদর্শ একটাই—‘ক্ষমতাসীন দল’।

- তাঁরা বন্ধুর মতো। আপনার বন্ধু যেমন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যেকোনো বিষয়ে ট্রিট দাবি করে নিজের ট্রিট আদায় করে নেন, একইভাবে তাঁরাও মহল্লার সবার কাছ থেকে ট্রিট নিতে কার্পণ্য করেন না। এদিকে তাঁরা আরও একধাপ এগিয়ে! কারও ট্রিট আদায় না হলে তাঁর বাসায় গিয়ে হলেও ট্রিট নেবেনই নেবেন! ট্রিটই জীবন।
- তাঁদের চিনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো ‘চিনস আমারে?’ প্রশ্নের বিপরীতে প্রশ্ন করে দেখুন। ‘না, চিনি না, আপনি কে?’ প্রশ্ন করলেই তাঁরা নিজেদের পরিচয় জানিয়ে দেবেন।