
চকরিয়ার বিএমচরের বাসিন্দা টুনু বিবির (৬৫) ঘর ভেঙে গিয়েছিল গত বছরের বন্যায়। অভাবের সংসারে ‘নুন আনতে পান্তা ফুরায়’, সেখানে নতুন ঘর করার সামর্থ্য কোথায়? মাথা গোঁজার ঠাঁই বলতে পলিথিনের চালা আর ভাঙা বেড়ার এক কামরার ঘর। তাই দুই মেয়েকে নিয়ে স্বামীহারা টুনু বিবির কষ্টে কাটছিল দিন। অন্য বাড়িতে কাজ করে কোনো রকমে দুবেলা খাবার জোটে। কিন্তু ঘর বানানো তো হয় না। সেই টুনু বিবি নতুন ঘর পেয়ে আনন্দে কেঁদে ফেলেন।
শুধু টুনি বিবি নয়, ঘর পেয়েছেন এ রকম উদ্বাস্তু আরও ৭৯ জন। তাঁরা চকরিয়া উপজেলার বিএমচর, কাকারা ও কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা। ২০১৫ সালের জুলাই মাসে দুই দফা বন্যায় তাঁদের ঘর ভেঙে গিয়েছিল। ইউএনডিপি ও ক্রিশ্চিয়ান এইডের আর্থিক অনুদানে ‘মুক্তি, কক্সবাজার’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাঁদের ঘর নির্মাণ করে দিয়েছে।
টুনু বিবি বলেন, ‘ঘরের সঙ্গে ২ হাজার ৫০০ টাকা দামের একটি ছাগল পেয়েছি। এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।’
কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক গ্রামের বাসিন্দা ফরিদা ইয়াসমিন বলেন, ‘গত বছর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাঁশের তৈরি কুঁড়েঘরটি ভেঙে যায়। নতুন করে ঘর তৈরি করার সামর্থ্য না থাকায় পরিবারের লোকজন নিয়ে পাশে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিই। এখন নতুন ঘর পেয়ে একটা ঠিকানা হয়েছে।’
ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে ১৩ মার্চ চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের খঞ্জনীঘোনা এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।
বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, কানাডিয়ান হাইকমিশনের কর্মসূচি প্রধান ডেনিয়েল লোটফি, ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর সাকিব নবী, ইউএনডিপির আরলি রিকভারি ফ্যাসিলিটির প্রধান তানজিবা আবেরিন হক, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম আজাদ, নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার, সহকারী সমন্বয়করী আহমদ শরীফ, বিএমচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউল আলম ও কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার।
প্রধান অতিথি বলেন, ‘এই মডেল প্রকল্পের আওতায় আপাতত ৮০টি ঘর দেওয়া হয়েছে। ঘরের মডেলটি এলাকাবাসী গ্রহণ করলে পরে একইভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব পরিবারের মধ্যে আরও ৩০ হাজার ঘর নির্মাণ করে দেওয়া হবে।’
মুক্তি, কক্সবাজারের সহকারী সমন্বয়কারী আহমদ শরীফ বলেন, ‘উপকারভোগীদের বেশির ভাগ পরিবারের প্রধান নারী। যাঁদের কারও স্বামী মৃত কিংবা ছেড়ে চলে গেছেন। কারও স্বামী অসুস্থ। প্রতিটি ঘর নির্মাণে খরচ পড়েছে অন্তত ৭৬ হাজার টাকা। উঁচু ভিটার চারচালা ঘরগুলোতে রয়েছে পাকা মেঝে, টিনের ছাউনি ও বেড়া, একটি শৌচাগার এবং ছয়টি বিভিন্ন প্রজাতির চারাগাছ।’
তিনি বলেন, গত বছরের বন্যায় এসব পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরগুলো নির্মাণের সময় বন্যার পানির স্তর পর্যন্ত ভিটা উঁচু করা হয়েছে। উপকারভোগীদের আয় বৃদ্ধির জন্য নগদ অর্থ–সহায়তাসহ গরু, ছাগল, হাঁস-মুরগি পালন, সেলাইকাজ ও শাকসবজির ব্যবসাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’