তাঁদের চোখে বাংলাদেশ

তাঁরা নানা দেশের নানা জাতির সম্মানিত দূত। নিজ নিজ রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন বাংলাদেশে। বাংলাদেশকে তাঁরা কোন চোখে কীভাবে দেখেন তা জানার সুযোগ নিশ্চয়ই একটা দারুণ ব্যাপার। আর তা যদি হয় আলোকচিত্রের মাধ্যমে; তাহলে তো কথাই নেই। দৃক ও তুরস্কের দূতাবাস ঠিক এই সুযোগটিই করে দিচ্ছে ‘বাংলাদেশ থ্রু আওয়ার আইস’ শিরোনামের এক প্রদর্শনীর মধ্য দিয়ে।
বাংলাদেশে বিভিন্ন দেশের ৩৯টি দূতাবাস ও মিশনের সদস্যদের তোলা ৬৩টি আলোকচিত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। ঢাকায় তুরস্কের দূতাবাস ও দৃক গত দুই মাস ধরে এই প্রদর্শনী আয়োজনে একসঙ্গে কাজ করেছে।

১২ এপ্রিল সন্ধ্যায় ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূতের বাসভবনে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আড়ম্বরপূর্ণ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্বাগত ভাষণ দেন তুরস্কের রাষ্ট্রদূত হোসেইন মুফতুগলো। সেরা আলোকচিত্রী হিসেবে পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত কূটনীতিক সম্প্রদায়ের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আর বাংলাদেশের মানুষদের দেখতে এই কূটনীতিকেরা যেন সব সময়ই উৎসুক চোখ মেলে ছিলেন। শহর আর গ্রামের জনজীবন ও প্রকৃতি সবকিছুই যেন ধরা পড়েছে তাঁদের ক্যামেরায়। ঢাকার দূতাবাস ও কূটনৈতিক মিশনের সদস্যদের তোলা এসব আলোকচিত্র দেখার সুযোগ করে দিতে পয়লা বৈশাখ থেকে রাজধানীর দৃক গ্যালারিতে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
ঢাকায় তুরস্কের দূতাবাস ও দৃকের যৌথ আয়োজনে ১৪ এপ্রিল শুরু হওয়া এই উন্মুক্ত প্রদর্শনী চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
প্রদর্শনী: বাংলাদেশ থ্রু আওয়ার আইস
প্রদর্শনীর সময়: প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত
প্রদর্শনীর স্থান: দৃক গ্যালারি, বাড়ি-৫৮, রোড ১৫/এ, ধানমন্ডি, ঢাকা।