তাঁদের জন্য উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরামদায়ক পোশাক উপহার দিতে পারেন বয়োজ্যেষ্ঠ মানুষদের। মডেল: নাসরিন জামান, খালেকুজ্জামান ও রিয়াদ
আরামদায়ক পোশাক উপহার দিতে পারেন বয়োজ্যেষ্ঠ মানুষদের। মডেল: নাসরিন জামান, খালেকুজ্জামান ও রিয়াদ

উৎসব-পার্বণ কিংবা এমনিতেই উপহার প্রাপ্তির তালিকায় পরিবারের ছোট্ট শিশুটি যেমন থাকে, তেমনি থাকেন পরিবারের বয়োবৃদ্ধ সদস্যরাও। এ ক্ষেত্রে আরও লক্ষ রাখতে হয় তাঁদের পছন্দের বিষয়টি। হয়তো অনেক দোকান ঘুরে পোশাক নিলেন উপহার দেবেন বলে। কিন্তু দেখা গেল, যাঁর জন্য এই উপহার, তিনি সে ধরনের কাপড় পরে অভ্যস্ত নন। ফলে মুখ রক্ষার্থে আপনার উপহার গ্রহণ করলেও সে কাপড় আর পরা হয় না কোনো দিনই। এমনটি নিশ্চয়ই আপনি চাইবেন না।
যেমনটা মানানসই
এ প্রসঙ্গে কথা হলো ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সঙ্গে। তিনি বললেন, পোশাক উপহার দেওয়ার বেলায় রং নির্বাচন করা জরুরি। সে ক্ষেত্রে যাঁর জন্য এই উপহার, তাঁর নিজস্ব পছন্দের বিষয়টি গুরুত্ব পাবে আগে। আর পোশাক হতে হবে আরামদায়ক, যাতে অনেক দিন স্বচ্ছন্দে পরতে পারেন। নানি-দাদিদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ আর নানা-দাদাদের বেলায় পায়জামা-পাঞ্জাবি, কুর্তা, ফতুয়া আর লুঙ্গিই মানানসই। দিতে পারেন হালকা সুগন্ধি, সুগন্ধি তেল কিংবা নিদ্রাকুসুম তেল, যাতে আরামের ঘুম হয়। চশমা, ঘড়ি, হাতের ছড়ি কিংবা চা-কফি খাওয়ার মগও হতে পারে। অনেকে হয়তো গান শুনতে পছন্দ করেন-দিতে পারেন নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত বা তাঁর পছন্দসই কোনো গানের সিডি। ইদানীং মেডিটেশন করার সংগীত বা শুনতে মন শান্ত হয়, এমন বাজনার সিডিও পাওয়া যায়। বেহালা, বাঁশির মৃদু সুরের সিডিও পাবেন। সেগুলোও দিতে পারেন। এ ছাড়া বই তো সব সময় সব বয়সীদের জন্যই দারুণ উপহার। গল্প বা উপন্যাসসমগ্র দিতে পারেন। অনেক দিন ধরে যাতে পড়তে পারেন বয়োজ্যেষ্ঠ মানুষটি।
শীত আসছে, এ সময় সুতি বা খাদি কাপড়ের শাল, নানা রঙের কম্বলও দিতে পারেন। আকর্ষণীয় বেড কাভার, কুশন কভার-দিতে পারেন সেসবও।

কথা হলো ঢাকার বাসিন্দা কিশোয়ার সুলতানা (৬০) ও তাঁর পুত্রবধূ মাহবুবা আক্তারের সঙ্গে। পুত্রবধূর কাছে জানতে চাইলাম, শাশুড়ির জন্য কেমন উপহার কেনেন। শাশুড়ি সালোয়ার-কামিজ পরে অভ্যস্ত বলে মাহবুবা তাঁর জন্য তা-ই কেনেন সাধারণত। কখনো টাকা তুলে দেন হাতে, শাশুড়ি নিজেই তখন বাজার ঘুরে বেছে নেন পছন্দের পোশাকটি। কিশোয়ার সুলতানা জানালেন, প্রায়ই তো নিজের বোনের বাড়ি, ছেলেদের শ্বশুরবাড়িতে উপহার দেন। তবে আগে দেখে নেন, তাঁরা ঠিক কোন ধরনের, কোন রঙের পোশাক পরেন। সালোয়ার-কামিজ পরলে সালোয়ার-কামিজ, শাড়ির পরে অভ্যস্ত হলে তাঁর জন্য শাড়ি। সে ক্ষেত্রে বেশ চওড়া পাড়ের সঙ্গে এক রঙা জমিনের শাড়িই বেছে নেন। কচি সবুজ, হালকা কমলা, ঘিয়া রং, নীল-এমন সব রং বেছে নেন। তিনি বললেন, ‘এখনকার সময়ে আগের মতো সাদামাটা, মেটে রঙের শাড়ি না দেওয়াই ভালো। আমি গ্রামেও দেখে আসছি। সেখানেও মুরব্বিরা সুন্দর রঙের শাড়ি পরেন। তাঁদের কথা, “মাটির দেশে থাকি, আমরারে মাইট্যা রঙের শাড়ি দিছে। পরব না এই সব, ফিরত দিয়া আহ”!’

যদি হয় একটু সময়
এই নগরে হররোজ ব্যস্ত সবাই তাঁদের নিজ নিজ কাজ নিয়ে। সময়ই সবচেয়ে দামি এখন সবার কাছে। তাই পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য যত উপহারই কিনুন, তাঁরা সবচেয়ে খুশি হবেন আপনি যদি একটু সময় দেন তাঁদের। নিয়ম করে ফোন করে খোঁজ নেওয়া, দেখা করতে আসা কিংবা সম্ভব হলে তাঁদের বাইরে বেড়াতে নিয়ে যাওয়া-এ সময়টা তাঁরা খুব উপভোগ করবেন। বাইরে গেলে তাঁদের নিয়েই কিনতে পারেন উপহার। তাঁদের পছন্দের খাবার খেতেও যেতে পারেন। মাসে একটা দিন না হয় পুরোটাই রাখলেন তাঁদের জন্য।