মাঠে শুধু তাঁদের সুনিপুণ ক্রীড়াশৈলীটাই দেখা যায়। মাঠের বাইরে তাঁরা সাধারণ এক মানুষ। জীবন নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি একেক রকম। বাংলাদেশে বিপিএল খেলতে আসা এমন তিন বিদেশি ক্রিকেটারের জীবনদর্শন থাকছে এখানে।

সবকিছু সহজভাবে দেখার চেষ্টা করি
কখনো জয়ের উচ্ছ্বাসে ভেসে যাওয়া, কখনো পরাজয়ের হতাশায় পোড়া। কখনো তীব্র স্নায়ুচাপে ভেঙে পড়া, আবার কখনো স্নায়ুর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। সাফল্যের স্তুতিবাণে ভাসা, আবার ব্যর্থতায় সমালোচনার তিরে বিদ্ধ হওয়া—একজন ক্রিকেটারকে কত পরিস্থিতির মধ্যে দিয়েই তো যেতে হয়। ভালো কিংবা খারাপ যে পরিস্থিতিতেই পড়ুন, মাহেলা জয়াবর্ধনে সব সামলান ঠান্ডা মাথায়।
এবার বিপিএলে জয়াবর্ধনে বাংলাদেশে এসেছেন খুলনা টাইটানসের কোচ হয়ে। শ্রীলঙ্কান এই ক্রিকেট কিংবদন্তি আগাগোড়াই শান্ত চরিত্রের মানুষ। যেকোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারেন কীভাবে? কদিন আগে প্রশ্নটা জিজ্ঞেস করা হলে বলেছিলেন, ‘ভিন্ন কিছু নয়। ক্রিকেটের বাইরে আমি খুবই সাধারণ মানুষ। খুব সাধারণ জীবনযাপন করি। উপভোগ করি পরিবার ও বন্ধুদের সঙ্গ। একজন মানুষ হিসেবে সবকিছু সহজভাবে দেখার চেষ্টা করি।’ জীবনকে সহজভাবে দেখার এই সরল কৌশলটা রপ্ত করতে পারেন না অনেকেই। তাঁদের প্রতি জয়াবর্ধনের পরামর্শ এতটুকুই, ‘এটা আসলে চর্চার বিষয়। জীবনের অনেক বিষয় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। খুব সহজ থাকাই ভালো।’

যুক্তি দিয়ে ভাবেন
খেলার ধরন ভিন্ন হলেও জয়াবর্ধনের সঙ্গে এখানে অনেক মিল মাস কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটছাড়া মিসবাহ-উল-হকের। ভীষণ বিনয়ী, শান্ত এবং অন্তর্মুখী চরিত্রের তিনি। মাঠে কিংবা মাঠের বাইরে তাঁকে উত্তেজিত হতে কখনো দেখা গেছে কি না, মনে করা কঠিন। শান্ত চরিত্রের রহস্য কী? এক সাক্ষাৎকারে মিসবাহ বলেছিলেন, ‘আমার বাবার ভূমিকা থাকতে পারে। জাতীয় দলে না খেলতে পারলেও ঘরোয়া হকির শীর্ষপর্যায়ে খেলেছেন তিনি। তাঁকে দেখলেই মনে একটা প্রশান্তি চলে আসে।’
মানুষ হিসেবে ভীষণ যুক্তিবাদী মিসবাহ। ব্যর্থতায় হতাশ হন, কিন্তু তাতে ভেঙে পড়েন না। জীবনকে তিনি দেখেন যুক্তি দিয়ে, ‘যতক্ষণ আপনার যুক্তি দিয়ে ভাবার অভ্যাস হবে না, আপনাকে নির্ভর করতে হবে শুধু নিজের প্রতিভার ওপর। তখন আপনাকে আসলে চলতে হবে হাওয়ার ওপর।’

কোনো কিছু নিয়ে দ্বিধা রাখেন না
জয়াবর্ধনে জীবনটা দেখেন সহজভাবে, মিসবাহ দেখেন যুক্তি দিয়ে। এ দুই ক্রিকেট কিংবদন্তির মতো জীবন নয় সিকান্দার রাজার। জন্মেছেন পাকিস্তানের শিয়ালকোটে। ১১ বছর বয়সে বাবা-মাকে জানিয়েছিলেন নিজের লক্ষ্যের কথা—বড় হয়ে হতে চান যুদ্ধবিমানের বৈমানিক। লক্ষ্যে প্রায় পৌঁছেও গিয়েছিলেন। পাকিস্তান বিমানবাহিনী কলেজে সুযোগ পেতে লিখিত পরীক্ষা দিয়েছিলেন। ৬০ হাজার প্রার্থীর মধ্যে যে ৬০ জন উত্তীর্ণ হয়েছিলেন, সিকান্দার তাঁদের একজন। প্রশিক্ষণ পর্বের প্রায় তিন বছর পেরিয়েও গিয়েছিল, তবু পাইলট হওয়ার স্বপ্নটা তাঁর পূরণ হয়নি, ত্রুটি ধরা পড়েছিল চোখের দৃষ্টিতে।
যে স্বপ্নটা দীর্ঘদিন লালন করছেন, সেটি হঠাৎ ভেঙে চুরমার—মানসিক এই ধাক্কা কাটিয়ে জীবনের দিশা খুঁজে পাওয়াই তো কঠিন! সিকান্দার হতোদ্যম হননি। কিন্তু ক্রিকেটে যে ক্যারিয়ার গড়বেন, সেটিও কঠিন ছিল শুরুতে। জীবনকে নতুনভাবে সাজাতে জিম্বাবুয়ের নাগরিকত্ব নিয়েছেন। এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন জিম্বাবুয়ের হয়ে।
‘প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন লক্ষ্য থাকে। একসময় আমারও ছিল। পাইলট হতে পারিনি। তবে জীবনের ওই সময়টাতে দ্বিধায় ভুগিনি। আমি তাই এখানে আসতে পেরেছি আরেকটি পেশার মানুষ হয়ে।’ ২৪ নভেম্বর সিলেট সিক্সার্সের বিপক্ষে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে সংবাদ সম্মেলনে আসা চিটাগংয়ের সিকান্দার যখন উচ্ছ্বাসভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন, চোখেমুখে তখন তাঁর সাফল্যের দ্যুতি!