তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ পদে আছেন। তাঁদের কেউ ঘুম থেকে উঠেই ব্যায়ামটা সেরে নেন। আবার কেউ বা ঘুম ভাঙার পর প্রাতিষ্ঠানিক কাজ সেরে নেন কিছুটা হলেও। এতে হয়তো নিজেকে কিছুটা এগিয়ে রাখা যায়। খ্যাতিমান মানুষদের দিন শুরুর গল্প থাকছে এখানে

টিম কুক
প্রধান নির্বাহী, অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড
ঘড়ির কাঁটায় ভোর ঠিক পৌনে চারটা মানেই পৌনে চারটাই। একটুও হেরফের নেই। প্রতিদিন এ সময়ে ঘুম ভাঙে প্রযুক্তি দুনিয়ার এ হর্তাকর্তার। এরপর চেক করে নেন ই-মেইল। আর প্রয়োজন হলে নিজেও ই-মেইল পাঠিয়ে দেন। তারপর? পা বাড়ান ব্যায়ামাগারে। টিম কুকের ভাষ্য, আপনি যা করছেন তা যদি ভালোবেসে থাকেন তাহলে সেটি আর কাজ মনে হবে না। আমার সৌভাগ্য যে কাজের মধ্যেই আমি আমাকে খুঁজে পাই।

ইন্দ্রা নুয়ি
চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পেপসিকো
ইন্দ্রা নুইয়ের ধ্যানজ্ঞান কি জানেন? পেপসিকো। সকাল সাতটার মধ্যেই অফিসে পৌঁছে যান তিনি। কখনো দেরি করেন না। তবে ঘুম থেকে ওঠেন আরও তিন ঘণ্টা আগে। মানে ভোর চারটায়। আর এর মধ্যে নিজেকে প্রস্তুত করে নেন এই বহুজাতিক প্রতিষ্ঠানটিকে ঠিকঠাক সামলে নেওয়ার জন্য।

ডেভিড কুশ
প্রধান নির্বাহী কর্মকর্তা, ভার্জিন আমেরিকা
ভার্জিন আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড কুশের দিন শুরু হয় ভোর ৪টা ১৫ মিনিটে। শুধু তাঁরই নয়, তাঁর অনেক ব্যবসায়ী সহযোগীরও ঘুম ভাঙে এই সময়ে। তাই তো কুশের দৈনিক কাজের রুটিনের তালিকার শুরুতে থাকে ই-মেইল পাঠানো এবং ব্যবসায়ী সহযোগীদের ফোনকল করার কাজ। পরের ধাপের কাজ হচ্ছে জিমে (ব্যায়ামাগার) যাওয়া ও পত্রিকা পড়া। এরপর ডালাস স্পোর্টস রেডিও শোনেন তিনি।

মিশেল ওবামা
ফার্স্টলেডি, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সবে হয়তো ঘুমিয়েছেন। এর কিছুক্ষণ পরই ঘুম থেকে জেগে ওঠেন ফার্স্টলেডি মিশেল ওবামা। সন্তানেরাও তখন ঘুমিয়ে। ঘুম থেকে উঠেই হোয়াইট হাউসে ব্যায়াম সেরে নেন মিশেল ওবামা। ব্যায়াম না করলে নাকি তাঁর ভালো লাগে না। মিশেল প্রতিদিনের মতো নিজের কাজ শুরু করেন ভোর সাড়ে চারটায়।

সোনিয়া বশির কবির
ব্যবস্থাপনা পরিচালক, মাইক্রোসফট বাংলাদেশ
মাইক্রোসফট বাংলাদেশের শীর্ষ পদে আছেন সোনিয়া বশির কবির। সকাল ছয়টায় দিন শুরু হয় তাঁর। এক ঘণ্টা যোগব্যায়াম করেন ঘুম থেকে উঠেই। এরপর অফিসে যাওয়ার জন্য তৈরি হন। ঢাকার যানজটকে কাজে লাগান। গাড়িতে বসে গান শোনেন, ফোন করে চেনা মানুষদের খোঁজ নেন। নেতিবাচক পরিস্থিতির মধ্যেও ভালো কিছু বের করে আনাটা নিজের বড় একটা শক্তি বলেই মানেন তিনি।
গ্রন্থনা: এস এম নজিবুল্লাহ চৌধুরী
সূত্র: বিজনেস ইনসাইডার ও প্রথম আলো