
ক্লিওপেট্রা
ফারাও রাজবংশের সর্বশেষ রানি ক্লিওপেট্রা—ইতিহাসের প্রথম সেলিব্রেটি বা তারকা। ইতিহাসে ক্লিওপেট্রাকে ঘিরে রহস্য ও মানুষের মধ্যে তাঁকে নিয়ে আগ্রহের কোনো শেষ নেই। তাঁর জীবনধারা, রাজ্যশাসন, প্রেম এমনকি মৃত্যুর পর তাঁর সমাধি নিয়েও রয়েছে রহস্য। ইতিহাসের পাতায় পাতায় সুবাস ছড়ানো এই মহীয়সীর নামে সুগন্ধি বাজারে এসেছে ২০০৭ সালে। ‘টোক্কা’ নামক সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ক্লিওপেট্রা বাই টোক্কা’ নামে সুগন্ধিটি বাজারে ছাড়ে। ফুলের সুবাস ছড়ানো এই সুগন্ধিটি শুধু নারীদের জন্য। ধারণা করা হয়, সৌন্দর্যসচেতন ক্লিওপেট্রা সুগন্ধি হিসেবে বিভিন্ন প্রাকৃতিক সুগন্ধি যেমন ল্যাভেন্ডার, রোজমেরি, গোলাপজল ব্যবহার করতেন নিয়মিত। তিনি এসব সুগন্ধি গোসলের পানিতে ব্যবহার করতেন যা সুবাস ছড়াত।

সোফিয়া লরেন
কিংবদন্তিতুল্য ইতালীয় অভিনেত্রী সোফিয়া লরেন। ১৯৮০-এর দশকে তাঁর জনপ্রিয়তা যখন আকাশচুম্বী ছিল, তখন স্বনামধন্য প্রসাধনী নির্মাতা প্রতিষ্ঠান ‘কোটি’ তাঁর নামে একটি সুগন্ধি তৈরির পরিকল্পনা করে। ‘সোফিয়া’ নামের সুগন্ধিটির বিজ্ঞাপন দেওয়ার জন্য সোফিয়া লরেন যে বিজ্ঞাপন ট্যাগলাইন ব্যবহার করতেন, সেটা ছিল ‘এটা আবেগের সঙ্গে ব্যবহার করুন’। কার সাধ্য এ রকম আবেদনময়ী বিজ্ঞাপন ট্যাগলাইন এড়িয়ে যাওয়ার? নিজের নামের সুগন্ধি ছাড়া সোফিয়া লরেনের পছন্দের সুগন্ধির নাম আইরিসিয়া এবং ডিভা।
নাসির হোসেন

বাংলাদেশেও আছে তারকার নামে সুগন্ধি। জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের নামে তৈরি হয়েছে ‘এনএইচ৬৯’। ওমেন্স ওয়ার্ল্ড কসমেটিকস এই এনএইচ৬৯ নামের সুগন্ধি বাজারে এনেছে। বাংলাদেশে কোনো তারকার নামে সুগন্ধি বাজারে আনার ঘটনা এটাই প্রথম। পণ্যটির মোড়কে নাসির হোসেনের সই রয়েছে, যা পণ্যটিকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলছে। নাসির হোসেন বলেন, ‘এনএইচ৬৯ পারফিউমের সঙ্গে থাকতে পেরে আমি খুশি। আমি আশা করি, বাংলাদেশের সব ধরনের মানুষ বেশ আগ্রহ নিয়েই পারফিউমটি ব্যবহার করবেন।’ এ ছাড়া নাসির হোসেনের প্রিয় সুগন্ধি ‘লাইট স্কাই ব্লু’।

শিল্পা শেঠী
শিল্পা শেঠীর ইংরেজি নামের প্রথম অক্ষর এস দিয়ে তাঁর সুগন্ধির নাম ‘এস২’ রাখা হয়েছিল। প্রাচীনতম ফরাসি সুগন্ধি নির্মতা ‘রবার্টার’ এই সুগন্ধিটি তৈরি করেন। এটি সাইট্রাস এবং জুঁই ফুলের গন্ধের সংমিশ্রণ। সব মিলিয়ে এটি আধা অ্যাম্বার পুস্পশোভিত সুগন্ধি। নিজের ব্র্যান্ডের বাইরে তাঁর পছন্দের সুগন্ধি হচ্ছে এলিজাবেথ আর্ডেনের ‘গ্রিন টি’।
জেনিফার অ্যানিস্টন

২০১০ সালে নিজের নামে প্রথম সুগন্ধি পেয়েছিলেন জেনিফার অ্যানিস্টন। এরপর ২০১৪ সালে তাঁর নামে আরেকটি সুগন্ধি আসে, নাম ‘জে বাই জেনিফার অ্যানিস্টন’। জে বাই জেনিফার অ্যানিস্টন ম্যাগনোলিয়া, ফ্রিজিয়া ও চন্দন কাঠের সুগন্ধে ভরপুর। পিপল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন এই অভিনেত্রী বলেন, ‘এই সুগন্ধিতে সমুদ্রের ঘ্রাণ মাখানো। এর ঘ্রাণ নাকে লাগলে মনে পড়ে যায় সমুদ্রে কাটানো দিনগুলোর কথা। আমার প্রথম সুগন্ধির ঘ্রাণে ছিল সদ্যসমুদ্র সৈকত থেকে উঠে আসা কারও শরীরের গন্ধ। বালু আর সানব্লকের গন্ধের মিশ্রণ ছিল তাতে। এবারের সুগন্ধি যেন আগেরটাকে সৌজন্যতা দেখাচ্ছে!’
এর বাইরে জেনিফার অ্যানিস্টনের পছন্দের সুগন্ধি মিস ডিওর, অ্যানাইস অ্যানাইস, এলভি মাস্ক, নিয়ার ডাস্ক প্রভৃতি।

ক্রিস্টিয়ানো রোনালদো
বর্তমান সময়ের অন্যতম ফুটবল গ্রেট ক্রিস্টিয়ানো রোনালদোর নামে সুগন্ধি বাজারে আসে ২০১৫ সালে। এর নাম ক্রিস্টিয়ানো রোনালদো লিগ্যাসি। রোনালদো জানিয়েছেন, নিজের নামে সুগন্ধি তাঁর দীর্ঘদিনের চাওয়া ছিল। প্রথম শ্রেণির পণ্য যা দীর্ঘসময় ধরে তার রেশ ধরে রাখতে সক্ষম, এ ধরনের বৈশিষ্ট৵যুক্ত পণ্য তাঁর ব্যক্তিত্বকে প্রতিনিধিত্ব করে। এ ছাড়া রোনালদোর পছন্দের সুগন্ধি ২১২ সেক্সি মেন বাই ক্যারোলিনা হেরেরা।

অর্জুন রামপাল
বলিউডপাড়ায় অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পরে অর্জুন রামপালের নামে রাখা সুগন্ধি বাজারে এসেছে ২০১২ সালে। ডর্ম ফ্র্যাগ্র্যান্সেস ইন্টারন্যাশনাল এ কাজটি করে বলিউডে রীতিমতো ঝড় তুলেছিল সেই সময়। সুগন্ধিটির নাম ‘অলিভ’। এটি তাঁর নামের পাশাপাশি অর্জুনের নামের প্রতিও সুবিচার করতে পেরেছিল। এর ঘ্রাণ এবং এর দীর্ঘস্থায়ীত্বের বৈশিষ্ট্য ব্যবহারকারীদের খুশি করতে পেরেছে। মজার ব্যাপার ছিল, সুগন্ধিটি আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য অর্জুন নিজে এ সুগন্ধির কাঁচামাল বেছে দিয়েছিলেন। এ জন্য তিনি সময় নিয়েছিলেন প্রায় ছয় মাস! ধারণা করা যায়, নিজের ব্র্যান্ডের সুগন্ধি তৈরিতে তাঁর নিজস্ব পছন্দের সুগন্ধি ‘আরমানি’র প্রভাব রয়েছে।
গ্রন্থনা: অনামিকা মণ্ডল
সূত্র: ফ্র্যাগ্র্যানটিকা ডটকম, স্টাইলনিউজ ডট পিপল ডটকম
মিস মালিনি ডটকম ও প্রথম আলো