তাঁদের পরিবারে ঈদ হবে না
মিরসরাইয়ে মীর হোসেন (২৪) ও দেলোয়ার হোসেনের (২৬) পরিবারে এবার আর ঈদ হবে না। এ দুই যুবক দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ৬ আগস্ট মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-২৬১) করা হয়। এতে বলা হয়, গত ২২ জুলাই রাতে নুরুল আফসার (২৮) তাঁদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তাঁরা আর ফেরেননি। দুজনেরই বাড়ি মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামে।মীর হোসেনের বাবা কোরবান আলী ও দেলোয়ার হোসেনের মা শামসুন নাহার প্রথম আলোকে জানান, তাঁদের ছেলেরা দিনমজুর। প্রায় সময় স্থানীয় (করেরহাট) বন কার্যালয় থেকে স্থানীয় কাঠ পাচারকারী নুরুল আফসার মীর হোসেন ও দেলোয়ারকে দিয়ে রাতে কাঠ চুরি করাতেন। এজন্য সামান্য মজুরি দেওয়া হতো তাঁদের। ওই রাতেও নুরুল আফসার কাজের কথা বলে তাঁদের ডেকে নিয়ে যান। ‘মীর হোসেন পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন। বর্তমানে তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। ওর কান্নায় ঘরে থাকা দায়’। এ কথা বলেই মীর হোসেনের বাবা কোরবান আলী নিজেই কাঁদতে শুরু করেন। তিনি জানান, দুই পরিবারের সদস্যরা জেলখানা, হাসপাতাল, আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছেন। কিন্তু কোথাও তাঁদের পাওয়া যায়নি। তাঁর দাবি, ‘আফসার মীর হোসেন ও দেলোয়ার হোসেনকে মেরে লাশ গুম করে রেখেছেন।’ পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন কোরবান আলী।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন, নুরুল আফসার কিছুদিন কসাইয়ের কাজ করেছিলেন। তখন তাঁর নাম হয়েছিল ‘কসাই আফসার।’ এরপর হঠাৎ তিনি নিজেকে কাঠের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে থাকেন। মূলত তিনি করেরহাট বন কার্যালয়ের উদ্ধার করা কাঠ চুরি করে পাচারের কাজ করেন।করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দুই যুবক নিখোঁজ হওয়ার পর থেকে তাঁদের পরিবারের সদস্যদের কান্নাকাটি আর সহ্য করা যাচ্ছে না।’ স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান। প্রসঙ্গত, মীর হোসেন ও দেলোয়ার নিখোঁজ হওয়ার পর প্রথমদিকে অনেকে ভেবেছিলেন, রাতে কাঠ চুরি করতে গিয়ে বন বিভাগের কর্মীদের হাতে ধরা পড়ার পর হয়তো তাঁদের কোর্টে চালান দেওয়া হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত নুরুল আফসার জানান, ‘সেদিনও ওরা কাঠ চুরি করতে গিয়েছিল। তাদের ছাতা, কাপড় রেখে গিয়েছিল আমার কাছে। কিন্তু গভীর রাত পর্যন্ত অপেক্ষা করার পরও তাঁরা ফিরে আসেনি।’ তাঁদের মেরে লাশ গুম করার অভিযোগ সম্পর্কে আফসার বলেন, ‘আমি কেন মারতে যাব? বরং আমিও তাঁদের খুঁজে বের করার চেষ্টা করছি।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির দুই যুবক নিখোঁজ হওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তকে এ ব্যাপারে শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে।’