তাঁদের সঙ্গে কেমন আচরণ

চাঁদপুরের হাইমচরে বাড়ি জান্নাতুল ফেরদৌসের। অভাবের কারণে গৃহপরিচারিকা হিসেবে তাকে চলে আসতে হয় গাজীপুরের এক বাসায়। এক বছর পর জান্নাতুল যখন সেই বাড়ি থেকে বের হলো, তখন তার মাথায় চাক চাক ঘা। পচন ধরেছে সেখানে। নয় বছর বয়সের ছোট্ট শরীরজুড়ে ছোপ ছাপ পোড়া দাগ। প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে জরুরি অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ২ অক্টোবর। চিকিৎসা চলছে জান্নাতুলের।
গত কয়েক মাসে গৃহপরিচারিকা নির্যাতনের এমন অনেক খবর পত্রিকার ভেতরে-বাইরে। শুধু ঘরের কাজে সাহায্যকারীর বেলায়ই নয়, অবিচার করা হয় গাড়িচালক, বাড়ির দারোয়ান অথবা বাসার বাজার ও সন্তানদের দেখভাল করা মানুষটির ওপরও। কথায় কথায় ড্রাইভার ছাঁটাই করার প্রবণতা থাকে অনেকের। দিনভর বাসার গেটে ঠায় দাঁড়িয়ে থাকা মানুষটিকে দিয়ে রাতবিরাতে গেট খোলানো, দেরি হলে বকাবকি বা মারধর করা কি যৌক্তিক? এসব কাজে যারা নিয়োজিত, তাদের কি শ্রমঘণ্টা নেই! ২৪ ঘণ্টা জরুরি সেবার মতো খোলা থাকবে তাদের সার্ভিস?
এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের ন্যাশনাল প্রজেক্টের কো-অর্ডিনেটর সৈয়দা মুনিরা সুলতানা বলেন, ‘আট ঘণ্টা শ্রম আইএলও নির্ধারণ করেছিল। আমাদের সরকারি নীতিমালায় আছে, ১৪ বছরের নিচের শিশুরা গৃহকর্মে নিয়োজিত হতে পারবে না। তবে ১২ থেকে ১৪ বছরের শিশুরা হালকা ধরনের কাজ করতে পারবে। কিন্তু সেখানে হালকা কাজের কোনো বর্ণনা নেই। আর এই সুযোগটাই নিতে দেখা যায় গৃহকর্তাদের। তাই কিছু কিছু ক্ষেত্রে আইন থাকলে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত।’
ঘরের কাজে সাহায্যকারী কাজের লোক শহরে দুই ধরনের। একদল খণ্ডকালীন, যারা ‘ছুটা বুয়া’ হিসেবে পরিচিত। আর ‘ফুলটাইম’ মানে সার্বক্ষণিক গৃহকর্মী হিসেবে কাজ করে আরেক দল। এই ‘ফুলটাইম’ মানে আসলে ৮ ঘণ্টার বেশি নয়। জানালেন সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইসমাত রুমিনা। তিনি বলেন, ‘কর্মজীবী মানুষের সংখ্যা বাড়ার ফলে অনেকেই ঘরের কাজের জন্য গৃহকর্মীর ওপর পুরোপুরি নির্ভরশীল। তবে ফুলটাইম গৃহকর্মী হলে অবশ্যই তাকে ন্যায্য পারিশ্রমিক, পর্যাপ্ত বিশ্রাম ও বিনোদনের সুযোগ দিতে হবে। খাবার ও থাকার জায়গা স্বাস্থ্যকর হওয়াটা জরুরি। অনেকে আবার গৃহকর্মীর জন্য আলাদা খাবার রান্না করেন, যেটা খুবই অন্যায়। কাজ করানোর ক্ষেত্রে নিজেদেরই খেয়াল রাখা দরকার তার সময়ের দিকে। ফুলটাইম মানে কিন্তু ২৪ ঘণ্টা নয়।’
অনেকেই বলেন, আজকাল কাজের লোক পাওয়া কঠিন। কেউ বাসাবাড়িতে কাজ করতে চায় না। ‘বাসাবাড়ির চেয়ে কম সময় কাজ করে ভালো বেতন পাওয়া যায় গার্মেন্টসে। তাহলে বাসায় কে কাজ করতে চায় বলেন?’ প্রতিবেদকের কাছে প্রশ্ন রাখলেন একটি তৈরি পোশাক কারখানার কর্মী মরিয়াম বেগম।
মরিয়মের সোজাসাপ্টা কথাটাই অর্থনীতির ভাষায় বিশ্লেষণ করলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘নিম্ন আয় থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাসাবাড়িতে কাজ করার লোকের সংখ্যা কমে যাওয়ার পেছনে দেশের এই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন বিশেষ ভূমিকা রেখেছে। দেশে নারীবান্ধব কর্মসংস্থানের প্রবণতা বেড়েছে। ফলে আগে যারা বাসাবাড়িতে কম টাকায় কাজ করত, তারা অন্য কর্মসংস্থানে ভালো আয় ও পরিবেশ পাওয়ায় সেদিকে যাচ্ছে। এখন সরকারের চ্যালেঞ্জ হলো প্রবৃদ্ধি ধরে রাখার পাশপাশি এই নারীবান্ধব কর্মপরিবেশ ধরে রাখা।’
গাড়ি কেনার পর অধিকাংশ মালিক চালক রাখেন। কারণ, একার পক্ষে অফিস, বাচ্চার স্কুল, পরিবারের অন্য প্রয়োজনে বাইরে যাওয়া-আসা করার সময় কই? মাসিক বেতনে চালক (ড্রাইভার) রাখলেই মিলবে সমাধান। কিন্তু অধিকাংশ গাড়ির মালিকই চালকের সঙ্গে খারাপ আচরণ করেন। গাড়ি চালানো ছাড়াও ঘরের নানা কাজ করিয়ে নেন। ঢাকা শহরে অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছেন মো. বেলাল হোসেন। প্রতিবেদকের সঙ্গে আলাপের সময় বেলাল হোসেন বলেন, ‘গাড়ির মালিকেরা ভুলে যান ড্রাইভারও একজন মানুষ। সাত সকালে ঘুম থেকে উঠে মালিকের বাচ্চাকে স্কুলে পৌঁছানো দিয়ে শুরু হয় ডিউটি। সেই ডিউটি শেষ হয় রাত ১২টা থেকে ১টার দিকে। মালিককে ঘুম পাড়িয়ে বাসায় ফিরতে হয়। রাস্তায় গাড়ি চালানোর সময় মিনিটে মিনিটে ডানে-বাঁয়ে যাওয়ার পরামর্শ দিতে থাকেন। কথামতো না চালাতে পারলেই গালি।’
বেলালের কাছেই জানা গেল, অনেক পরিবার গাড়ির চালককে দিয়ে বাসার বাজার সারেন। আশপাশে আত্মীয়স্বজন থাকলে তাদের ফুট ফরমাশও খাটতে হয়। অথচ কথায় কথায় চাকরি নট করে দেন মালিক। বেতনও থাকে অনেক কম। ছুটির দিনেও ইচ্ছার বিরুদ্ধে ডিউটি করতে হয় চালকদের। না শুনলেই বিপদ।
একই ধরনের অভিযোগ বাসার দারোয়ানদেরও। রাজধানীর কলাবাগানের একটি বাসার দারোয়ান ইউসুফ বলেন, ‘আমার ডিউটির কোনো টাইম নাই। ২৪ ঘণ্টা সার্ভিস। রাতে ঘুমালাম, হয়তো দুইটা বা তিনটার সময় কোনো ফ্ল্যাটের লোক এসে ঘুম থেকে জাগাবে। যখন ডাকবে উঠতে হবে, বিরক্ত হওয়া যাবে না। রাতে ভালো ঘুম না হলে দিনে ঝিমুনি আসে, তাতেও আপত্তি।’ অবশ্য এ কাজ করতে করতে ইউসুফের একটা ভালো ধারণা হয়েছে। তা হলো—সবাই মনে করেন, একদিনই তো বেশি রাতে ঘুম ভাঙালাম। তাতে রাগ করার কী আছে? কেউ ভাবে না, পুরো বিল্ডিংয়ে থাকা ২৪টা পরিবার এক দিন করে ডাকলেই মাস কাবার
হয়ে যায়।
বেশ কয়েকজন বাড়ি ও গাড়ির মালিকের সঙ্গে কথা বলে বিষয়টা পরিষ্কার হলেও ভিন্ন অভিযোগও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পেশায় ব্যাংকার ধানমন্ডির এক বাসিন্দা বলেন, ‘ড্রাইভারদের সঙ্গে ডিউটির সময় ও টাকাপয়সার আলোচনা চূড়ান্ত করেই নিয়োগ দিই। কিন্তু এরপরও বাড়তি টাকার জন্য তারা অনেক সময় গাড়ির তেল বিক্রি করে দেয়। সঙ্গে না থাকলে কম তেল নিয়ে বেশি টাকার কথা বলে। গাড়ি নষ্ট হলে বাড়তি খরচের তালিকা ধরিয়ে দেয়। প্রমাণও পেয়েছি কয়েকবার। এরপর তাকে রাখি কীভাবে?’
সব ধরনের মানুষের সঙ্গে আলাপের শেষ দিকে তাঁরা বলেছেন, দুই পক্ষেরই একজনের উচিত অন্যজনের সুবিধা ও অসুবিধাটা বুঝতে পারা। কাজ করতে গেলে কিছু ভুল তো হবেই। সেটাকে বুঝিয়ে বলার পক্ষে মত দিলেন অধ্যাপক ইসমাত রুমিনা। সেই সঙ্গে কিছু পরামর্শ দিলেন তিনি—
* সবাই কাজের লোকের ওপর বেশি নির্ভরশীল না হয়ে নিজের কাজে হাত লাগানো ভালো।
* শিশুদের ছোটবেলা থেকেই নিজের কাজটা বোঝানো উচিত। সন্তান স্কুলে যাওয়ার সময় নিজেরা বা কাজের লোক দিয়ে ব্যাগ বহন না করে সন্তানকেই সেটা নিতে অভ্যস্ত করুন।
* খণ্ডকালীন গৃহকর্মী হলে, তাকে সময়মতো ছেড়ে দিতে হবে। অসুস্থতা ও পরিবারের অসুবিধায় তার পাশে দাঁড়ালে সেও আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না।
* কাজের মানুষকে পরিবারের একজন সদস্য মনে করুন। তাহলে সে-ও আপনাকে ঠিকমতো সেবা দেবে।
* মারধর বা বকাঝকা না দিয়ে তাকে কাজটা বুঝিয়ে বলুন।
* তাকে ঠিকমতো স্বাস্থ্যকর খাবার দিলে আপনারই সুবিধা। সে সুস্থ থেকে নিয়মিত কাজ করতে পারবে।
* গাড়ির চালক বা দারোয়ানেরও ঠিকমতো ঘুম হওয়া জরুরি। না হলে বিপদটা আপনার ওপরই এসে পড়তে পারে।