তাঁবুবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র একটি বা দুটি রাত, অথচ খুব যত্ন করে সাজিয়েছেন। বিছানা নেই, বালিশ নেই, অথচ বাসার মতো তাঁবুকেও থাকার জন্য প্রস্তুত করে নিলেন সমাবেশে আসা বন্ধুরা। রঙিন বাতি, কাগজ, কাপড়, গাছের পাতা ইত্যাদি উপকরণ ব্যবহার করে নিজ নিজ জেলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা। বন্ধু সমাবেশে প্রতিটি তাঁবুতে ৮ থেকে ১০ জন বন্ধুর থাকার ব্যবস্থা। একই তাঁবুতে একাধিক বন্ধুসভা একসঙ্গে থাকতে পারাও সৌভাগ্যের বিষয় বলে মনে করেন বন্ধুরা। এতে বিভিন্ন বন্ধুসভার মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
সবার পক্ষে সম্ভব হয়নি পর্যাপ্ত শীতবস্ত্র আনা। কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। বন্ধুরা নিজেদের মধ্যে শীতবস্ত্র ভাগাভাগি করেই থেকেছেন তাঁবুতে।
চট্টগ্রাম বন্ধুসভার ফাহিম উদ্দিন বলেন, একসঙ্গে মিলেমিশে থাকাই মজার। একসঙ্গে তাঁবুতে বসে হাসাহাসি, গান গাওয়া এবং কৌতুক শুনতে শুনতে মাটিতে লুটোপুটি খাওয়া। কত যে মজার!
ফেনীর বন্ধু ইয়াছিন শরীফ বলেন, ‘প্রথমবারের মতো তাঁবুতে থাকলাম। শীতের জন্য সকালে উঠতে একটু সমস্যা হলেও যাওয়ার সময় মনে হলো, আরও একটা দিন থাকতে পারলে কত-না আনন্দ হতো।’
এবার তাঁবুর বিশেষত্ব ছিল এর সুন্দর নামকরণে। যেমন: ‘নদীর’ পাশে ‘ঘাট’, ‘জীবনানন্দ দাস’-এর সামনে ‘বনলতা সেন’। এ রকম সুন্দর সুন্দর নামের পাশেই ছিল তাঁবু নম্বর, যাতে খুব সহজে খুঁজে পাওয়া যায়।
নির্বাহী সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ