স্থপতিমাজহারুল ইসলামকে আমি দার্শনিক হিসেবে দেখি। বাংলাদেশের ভিজ্যুয়াল আর্টের আন্দোলন বা রেনেসাঁর শুরু তাঁর হাত ধরেই। ছিলেন প্রগতিশীল আন্দোলনের পুরোধা। এ দেশে যুক্তিবাদ, সাহিত্যচর্চা, পশ্চিমা দর্শন ছড়িয়ে দিয়েছেন পঞ্চাশের দশক থেকেই। স্থপতি ছিলেন, সাহিত্য-সংস্কৃতিসেবী হিসেবেও পরিচিত তিনি। রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন ওতপ্রোতভাবে। স্থাপত্যবিদ্যা ও বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিলেন মাজহারুল ইসলাম। তাঁর কাজের মধ্যে ছিল খোলামেলা ভাব। নিসর্গের সঙ্গে স্থাপত্যের দারুণ মেলবন্ধন দেখিয়েছেন কাজের মধ্য দিয়ে। বুদ্ধিবৃত্তি এবং আমাদের দেশ, মাটি, মানুষ ও অনুভূতির মিশেলে কাজ করতেন তিনি। চেয়েছিলেন বাংলাদেশে ফিজিক্যাল ডেভেলপমেন্ট-বিষয়ক মন্ত্রণালয় স্থাপন করতে। সেটা পারেননি। তবে পাকিস্তান কিন্তু তাঁর আগ্রহে এ-বিষয়ক একটা মন্ত্রণালয় করেছে। মাজহারুল ইসলাম যে স্থানে ছিলেন, সেখানে কাউকে দেখি না। আর কেউ যেতে পারবে কি না, জানা নেই। সামগ্রিক ব্যক্তিত্ব হিসেবে তাঁর অভাব অপূরণীয়।