তাঁর গাছেই ফিরে এসেছে পাখিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই দূরদুরান্ত থেকে পাখিরা ফিরে এসেছে আবদুল হামিেদর আমের বাগানে
এভাবেই দূরদুরান্ত থেকে পাখিরা ফিরে এসেছে আবদুল হামিেদর আমের বাগানে

চারদিকে গাছগাছালি। সবুজের সমারোহ। মাঝখানে কিছু গাছের মাথা আলোর মতো জ্বলছে। সাদা পাখির পালকে বিকেলের রোদ পড়ে অবতারণা হয়েছে অপূর্ব দৃশ্যের। এক কিলোমিটার দূর থেকেই চোখে পড়ছে পাখির বাগানের সৌন্দর্য। পাখির এ বাগান রাজশাহীর পুঠিয়া উপজেলার চকপাড়া গ্রামে।
গ্রামজুড়েই আমবাগান। মাঝখানে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল হামিদের গাছ। সাত বছর ধরে পাখিরা এসে তাঁর বাগানের দখল নিয়েছে। মজার ব্যাপার, পাখিরা শুধু তাঁর গাছেই আসে। এবার তাঁর উঠানের গাছেও বাসা বেঁধেছে পাখিরা।

আবদুল হামিদ
আবদুল হামিদ

গত জানুয়ারির শেষের দিকে হামিদ মাস্টারের বাগান থেকে ঘটা করে চলে গেল সব পাখি। আবার ফিরে এল মে মাসের শুরুতে। কেবল তাঁর গাছেই এল। কেন এল, আবদুল হামিদ নিজেও জানেন না সেটি। তবে এইটুকু জানেন, পাখিদের ভালোবাসেন তিনি। পাখিরাও হয়তো জেনে গেছে সে খবর। হামিদ মাস্টারের আছে সাড়ে তিন বিঘা আয়তনের আমবাগান। তাতে পাখি থাকে, আম আসে না।
সম্প্রতি বাগানে গিয়ে দেখা গেল পাখি আর পাখি। কত পাখি যে আছে, তার হিসাব নেই। বাগানের সিংহভাগ পাখিই শামুকখোল। এ ছাড়া রয়েছে বক, পানকৌড়ি ও দেশীয় জাতের পাখি। ভেতরে ঢুকতেই মনে হলো, যেন অন্য কোনো ভুবনে প্রবেশ করেছি—এটা একান্তই পাখির রাজ্য। কিচিরমিচির আর কলকাকলিতে মুখরিত এই এলাকায় বাইরের কোনো শব্দই কানে আসে না।
দুই বছর আগে পাখির জন্য একটা সাইনবোর্ড আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাজা ভেঙে যায় আবদুল হামিদের। বিছানায় পড়েছিলেন চার মাস। তবু ভোলেননি পাখিদের।
‘প্রতিবছর আমার বাগান থেকে দেড় লাখ টাকার আম বিক্রি হতো। এখন আর হচ্ছে না। এতে আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি,’ বললেন আবদুল হামিদ। তিনি বলেন, ‘পাখিকে ডাকলে তো কারও বাড়িতে যায় না। নিজের ইচ্ছায় ওরা আমার বাগানে এসেছে। ওদের আমি তাড়াইনি। তা ছাড়া পাখিরা আমাদের জাতীয় সম্পদ। ওদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আর এখানে পাখি আছে বলেই প্রতিদিন দূর-দূরান্ত থেকে এত মানুষ আসে। দেখে আমি আনন্দ পাই। গত জানুয়ারি মাসের শেষের দিকে ওরা যখন সব বাচ্চা নিয়ে চলে গেল, মনে হলো এবার বুঝি আমাকে ভুলে গেল ওরা। কিন্তু না, ওরা আমাকে ভোলেনি। আমার গাছেই আবার ফিরে এসেছে।’