রংপুরের বাস ধরার জন্য অপেক্ষা করছিলাম। শাহজাদপুরের যে জায়গায় দাঁড়িয়েছি, তার সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য। আমি দ্রুত সেটার ছবি তুলছিলাম। এমন সময় একজন এসে সাহায্য চাইলেন। একটু বিরক্তই হয়েছিলাম। তাই চটজলদি টাকা বের করে দিয়ে ছবি তোলায় মন দিলাম।
তারপরও লোকটা বিড়বিড় করে কী যেন বলছিলেন। বেশ খানিকটা সময় পর তা টের পেলাম। অবাক হলাম তাঁর কথা শুনে। একদম শুদ্ধ ভাষায় কথা বলছিলেন। আমি ঘুরে তাকালাম, ছেঁড়া লুঙ্গি, ময়লা সাদা গেঞ্জি, মাথায় আধা ছেঁড়া টুপি আর একটা মোটা লাঠির ওপর এক পায়ে দাঁড়িয়ে।
আমার ঘুরে তাকানোটাই অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। মনে হলো, তিনি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। মুখে হাসি ফুটিয়ে প্রশ্ন করলেন, কোথায় পড়াশোনা করি, কী বিষয়ে পড়ি? অনেকটা ঘোরের মধ্যেই ছিলাম, তাই বুঝতেও পারছিলাম না আমার কী বলা উচিত। তিনি নিজে থেকেই বললেন, আমার জন্মের আগেই উনি বিশ্ববিদ্যালয় পাস করেছেন। ১৯৮৪ সালের ব্যাচ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে প্রথম শ্রেণি পেয়েছিলেন। অনেক স্বপ্ন ছিল ভালো কিছু করার। একটা ঘটনা সব পাল্টে দিয়েছে তাঁর জীবন, কেড়ে নিয়েছে একটি পা। সচ্ছলতা রূপ নিয়েছে দরিদ্রতায়। জীবন বুঝিয়ে দিয়েছে বেঁচে থাকা কত কষ্টের। আরও কিছু বলতে চাইছিলেন হয়তো, কিন্তু বাস ছাড়ার হর্ন দিচ্ছিল। আমি একটা অতৃপ্তি নিয়েই বাসে উঠলাম। বাসে ওঠার পরেই বাস ছেড়ে দিল। আমি জানালা দিয়ে মাথাটা একটু বের করে দেখলাম, তিনিও তাকিয়ে ছিলেন। আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকল, একসময় অদৃশ্য হয়ে গেলেন। আমার মাথায় অনেক রকম চিন্তা আসছিল। কেন এ অবস্থা, কী হয়েছিল তাঁর সঙ্গে, কেনই-বা এভাবে চলতে হচ্ছে, কেন শুনতে পারলাম ওনার কথাগুলো? অনেক ভাবনা মাথাটাকে ভোঁতা করে দিচ্ছিল। হঠাৎ একটা মেসেজের শব্দে বাস্তবে ফিরলাম। কিন্তু চিন্তাগুলো মাথায় থেকেই গেল। অনেক উত্তর আসে কিন্তু কোনটি যে সঠিক, তা জানা হয়নি।
এরপরও অনেকবার শাহজাদপুরের রবিঠাকুরের ভাস্কর্যের সামনে দিয়ে গিয়েছি। প্রতিবারই মনে হয়েছে, এই বুঝি লোকটার দেখা পাব। কিন্তু আর কখনোই দেখা হয়নি।
লুবনা আইরিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর