তাঁর মতো নেতার মুখে এমন কথা মানায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী সাংসদ চেমন আরা তৈয়বকে নিয়ে চন্দনাইশ আসনের সাংসদ এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের কটূক্তিকে ঘিরে এখন সরগরম চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন। এ নিয়ে অলির বিরুদ্ধে এক আওয়ামী লীগ কর্মীর মামলার পর বিষয়টা আরও ঘোলাটে হয়ে ওঠে। পরে জামিন নিতে এসে কর্নেল অলি ও তাঁর সমর্থকেরা আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। এ সময় আওয়ামী লীগ ও এলডিপির নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন। এ নিয়ে আলোকিত চট্টগ্রামের গত সংখ্যায় কর্নেল অলির সাক্ষাৎকার ছাপা হয়েছে। এবার পড়ুন চেমন আরা তৈয়বের সাক্ষাৎকার। কথা বলেছেন প্রণব বলপ্রথম আলো: আদালত প্রাঙ্গণে অলির ওপর আওয়ামী যুবলীগ নেতা-কর্মীদের হামলার অভিযোগ সম্পর্কে আপনার অভিমত কী?চেমন আরা তৈয়ব: সেদিনের ঘটনাটা আমি পরে শুনেছি। ঘটনাটা ওনার নিজের সৃষ্টি। কারণ উনি আদালত প্রাঙ্গণে সব জায়গা থেকে লোকজন এনে জড়ো করেছিলেন। তাই এটা একতরফা কিছু নয়। উনি জামিন নিতে যাবেন। সেখানে কেন এত লোক নিয়ে যেতে হবে? আর বাদীকে আমি চিনতামও না। তাঁকে অনেক হুমকি-ধমকিও করা হয়েছে। এটা তো ঠিক না। প্রথম আলো: আপনার সঙ্গে সাংসদ অলির সমস্যাটা কী নিয়ে?চেমন আরা তৈয়ব: আমার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। কী সমস্যা, সেটা উনি ভালো বলতে পারবেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে চন্দনাইশের দায়িত্ব পালন করছি। যেসব জায়গায় বিরোধীদলীয় সাংসদ দায়িত্ব পালন করছেন, সেখানে সরকারি বরাদ্দগুলো ঠিকমতো বিতরণ হচ্ছে কি না, তা সমন্বয় ও তদারক করার দায়িত্ব আমাকে দিয়েছেন প্রধানমন্ত্রী। যাওয়ার পর আমি একবার শুধু প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছি।প্রথম আলো: দায়িত্ব পাওয়ার পর আপনার সঙ্গে কি কর্নেল অলির কথা হয়েছিল?চেমন আরা তৈয়ব: আমি উনাকে ফোন করেছিলাম। কিন্তু উনি ফোন ধরেননি। উনিও সাংসদ, আমিও সাংসদ। হয়তো উনি নির্বাচিত। কিন্তু আমি যদি কোনো আসন থেকে নির্বাচন করতাম, তাহলে যে নির্বাচিত হয়ে আসতাম না, সেটাও তো বলতে পারেন না কেউ।প্রথম আলো: আপনার সম্পর্কে উনি কটূক্তি করেছেন। এটাকে আপনি কীভাবে দেখছেন?চেমন আরা তৈয়ব: উনি অনেক সিনিয়র নেতা। উনি যে কটূক্তি করেছেন, সেটা বিচার-বিশ্লেষণের ভার আপনাদের ও জনগণের ওপর ছেড়ে দিলাম। তবে শুধু আমি এটাই বলব, অতীতেও চন্দনাইশে মহিলা সাংসদ দায়িত্বে ছিলেন। তখন যদি উনার কোনো সমস্যা না হয়, তাহলে এখন কেন সমস্যা হবে? আর নারী জাতি হিসেবে উনি যে মন্তব্য করেছেন, তা উনার মতো নেতার মুখে মানায় না। উনার ঘরেও নারী আছেন।প্রথম আলো: ভবিষ্যতে চন্দনাইশ আসনটা আপনাদের (আ.লীগের) দখলে নেওয়ার জন্য আপনাকে দিয়ে ওখানে কাজ করানো হচ্ছে। এই অভিযোগ প্রসঙ্গে কী বলবেন?চেমন আরা তৈয়ব: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য অত্যন্ত আন্তরিক। সরকারদলীয় সাংসদদের যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, বিরোধীদলীয় সাংসদদেরও তার চেয়ে কম দেওয়া হয় না। ওখানে আমাদের নেতা-কর্মীদের অভিযোগ—কী বরাদ্দ আসছে তা তাঁরা জানতে পারেন না। তাই তদারকির জন্য আমাকে দায়িত্বটা দিয়েছেন। আর নির্বাচনে জনগণই কে যোগ্য—তা বেছে নেবেন।প্রথম আলো: স্থানীয় সাংসদের সঙ্গে এই সমস্যার পর আপনি কি ওখানে আপনার দায়িত্ব পালন করতে পারবেন?চেমন আরা তৈয়ব: আমি অবশ্যই পারব। আর যদি উনি সমস্যা করেন, তাহলে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করব।