তাঁর স্মৃতি

মধ্যবিত্ত বাঙালি পরিবারগুলোতে সাধারণত বাবার সঙ্গে ছেলেদের সম্পর্কটা খুব একটা চোখে পড়ার মতো নয়। ছেলেদের সব আবদার মাকে ঘিরেই। যেমনটি ছিল আমার। সাত ভাইবোনের (ছয় বোন আর আমি এক ভাই) এই আটপৌরে সরাইলের এই একান্নবর্তী পরিবারের একমাত্র কর্তাব্যক্তি ছিলেন আমার বাবা স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তী। একজন সরকারি চাকরিজীবী হিসেবে বাবার মূল উদ্দেশ্য ছিল তাঁর সব সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করা। বাবার অধস্তন ব্যক্তিরা এসে টিনশেড ঘর দেখে প্রশ্ন করত, ‘স্যার, আপনি এত বছর চাকরি করে কী করেছেন? একটা পাকা বাড়িও বানালেন না!’ বাবার উত্তর, ‘আমার ছেলেমেয়েরাই আমার অ্যাসেট।’
জীবদ্দশায় বাবার জন্য আমরা কিছুই করতে পারিনি। তাঁর কোনো অভিলাষ, আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। প্রচণ্ড শীতের সকালে ঠকঠক করে কাঁপতে কাঁপতে অফিসে যেতেন বাবা আমাদের মানুষ করার স্বপ্নে বিভোর হয়ে! তাঁর স্মৃতি আমাদের অশ্রুসিক্ত করে।
তাই বাবার স্বর্গীয় স্মৃতির উদ্দেশে পারিবারিকভাবে চালু করেছি ‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’। এই শিক্ষাবৃত্তি পাঁচ বছর ধরে সরাইলের শীর্ষস্থানীয় উচ্চবিদ্যালয়গুলোর মেধাবী ও প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। সুখের কথা হচ্ছে, বাবার স্মৃতিবিজড়িত এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে দারুণ প্রতিযোগিতার সৃষ্টি করেছে। প্রতিবছর নতুন নতুন মেধাবী মুখ যোগ হচ্ছে এই শিক্ষাবৃত্তির তালিকায়। আলোকিত এই শিক্ষার্থীদের মাঝে বাবার আত্মা বেঁচে থাকবে যুগ যুগ ধরে—এটা আমাদের বিশ্বাস।