তাঁরা এ যুগের গুহাবাসী

রমজান ও তাঁর স্ত্রী জারা আট বছর ধরে গুহায় বসবাস করছেন। জায়গাটি আফগানিস্তানের বামিয়ান প্রদেশে। তাঁদের দুই মেয়ের জন্মও সেই গুহায়। তারা স্থানীয় অধিকাংশ শিশুর মতোই বিদ্যালয়ে যায় না। রমজান বলেন, এখানে থাকলে ছেলেমেয়ের শিক্ষিত হওয়ার কোনো আশাই নেই।
আশপাশে নেই কোনো বিদ্যালয়। দরিদ্র পরিবারগুলোর শিশুদের তাই অল্প বয়স থেকেই কাজকর্মে পাঠিয়ে দেওয়া হয়। রমজানের আশা, অন্য কোথাও গিয়ে বসত গড়বেন। একবার তিনি সেই চেষ্টাও করেছিলেন। কিন্তু তাঁকে সপরিবারে গুহায় ফিরে আসতে হয়েছে। কারণ, নতুন জায়গায় বাসাভাড়া অনেক বেশি ছিল।
ষষ্ঠ শতকে নির্মিত বিশাল বিশাল বুদ্ধমূর্তির জন্য বামিয়ানের খ্যাতি রয়েছে। বেলেপাথরের তৈরি অমূল্য সেই মূর্তিগুলো তালেবান জঙ্গিরা ২০০১ সালে ধ্বংস করে দেয়। ওই সব মূর্তির নির্মাতা সন্ন্যাসীরা বামিয়ান উপত্যকায় অনেক গুহাও খুঁড়েছিলেন। তাঁরা ধ্যান ও ধর্মকর্মের লক্ষ্যে সাময়িক নির্জনবাসের জন্য এসব গুহা ব্যবহার করতেন। কিন্তু এসব গুহায় এখন প্রায় ৭০০ আফগান পরিবার ঠাঁই নিয়েছে। তারা অতিদরিদ্র ও ভূমিহীন।
১৯৯০-এর দশকে তালেবান বামিয়ান দখল করে নিলে অনেক পরিবারই বাড়িছাড়া হয়। তাদের অনেকেই এখন গুহায় আশ্রয় নিয়েছে। কট্টরপন্থী ওই সুন্নি জঙ্গিরা স্থানীয় শিয়া সম্প্রদায়ের মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। ওই তাণ্ডবের পর ৪৭ বছর বয়সী নারী হালিমার জীবন একেবারেই বদলে যায়। তাঁর স্বামীকে তালেবান জঙ্গিরা হত্যা করেছে। এখন তিনি ছেলে, ছেলের বউ ও তিন নাতি-নাতনিকে নিয়ে একটি মাত্র কক্ষের গুহায় থাকেন। জীবন তাঁদের জন্য কখনোই সহজ ছিল না। হালিমা ও তাঁর ছেলের বউ সেলাইয়ের কাজ করে সামান্য উপার্জন করেন। পরিবারটির সবচেয়ে মূল্যবান সম্পদ বলতে আছে একটা গাধা আর কয়েকটা মুরগি।
বহু বছর আগে স্থানীয় কর্তৃপক্ষ ওই গুহাবাসী লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের অন্য জায়গায় জমি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয় লোকজন জানান, প্রস্তাবিত জমিগুলো ছিল প্রত্যন্ত এলাকায়। সেখানে কোনো পানি নেই। আর সেখানে গিয়ে বাড়িঘর নির্মাণ করার আর্থিক সামর্থ্যও দরিদ্র ওই মানুষের ছিল না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে মনে হয়, সরকার ওই গুহাবাসী মানুষের কথা ভুলেই গেছে। আলি হোসেন নামের এক গুহাবাসী বলেন, স্থানীয় সরকার বা কোনো কর্তৃপক্ষের কথা তাঁরা গত ১০ বছরে একবারও শোনেননি!
তবে কর্তৃপক্ষ অবশ্যই আছে। কিন্তু প্রাচীন নিদর্শনসংবলিত গুহাগুলোর পরিস্থিতি নিয়ে তারা বেশ দ্বিধান্বিত অবস্থায় রয়েছে। যত দিন সেখানে লোকজন বসবাস করবে, প্রাচীন নিদর্শনগুলো বিনষ্ট হতে থাকবে। কারণ, লোকজন এসব গুহায় দরজা-জানালা স্থাপন করছে, কোথাও অস্থায়ীভাবে সম্প্রসারণ করে নিচ্ছে, আবার কোথাও ডিশ অ্যান্টেনা ও সৌর প্যানেল বসিয়েছে। বামিয়ানের গভর্নর গুলাম আলি ওয়াদাত বলেন, এসব গুহার ঐতিহাসিক মূল্য রয়েছে। এগুলো অবশ্যই খালি করতে হবে এবং পর্যটক ও দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করতে হবে।
গুহাবাসী পরিবারগুলোর জন্য নতুন বাসস্থান তৈরি করে দেওয়ার ব্যাপারে একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওয়াদাত এখন কাবুলের কেন্দ্রীয় সরকারের সাহায্যের আশা করছেন। কিন্তু বামিয়ানের নিদর্শনগুলোর সমস্যা যে কেবল গুহাবাসীরা, তা নয়। রমজান ও হালিমার বাসস্থান থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ এগোলেই দেখা পাওয়া যায় বিশাল ও শূন্য কোটরগুলোর। কয়েক তলা সমান উঁচু এসব কোটরে বুদ্ধমূর্তিগুলো স্থাপন করা হয়েছিল। বিমানবিধ্বংসী অস্ত্র, ট্যাংকের গোলা ও ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে তালেবান জঙ্গিরা মূর্তিগুলো ধ্বংস করে। তখন আশপাশের বেলেপাথুরে পাহাড়ে বেশ কিছু ফাটল তৈরি হয়। এসব ফাটল থেকে আংশিক ধসের আশঙ্কা রয়েছে। কাবুলে কর্মরত ইউনেসকোর প্রকল্প ব্যবস্থাপক সারা নশাদি জানান, ছোট আকারের বুদ্ধমূর্তি যেখানে যেখানে ছিল, সেখানকার কোটরগুলো ঠিকঠাক করে স্থিতিশীল রূপ দেওয়া হয়েছে। এখন বড় কোটরগুলো ঠিক করার কাজ শুরু হয়েছে। এতে দুই বছর লাগবে।
ইউনেসকোতে আফগানিস্তানের দূত কাসেম ফাজেলি বলেন, মূর্তিগুলোর ধ্বংসাবশেষ সংরক্ষণের বিষয়টিকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে। তা না হলে বিশাল বুদ্ধমূর্তিগুলো পুনর্নির্মাণ করা সম্ভব হবে না। ছোট আকারের মূর্তিগুলোর কিছু টুকরা এখনো অক্ষত রয়েছে এবং সেগুলো আবার স্থাপন করা যাবে।
আগামী দিনগুলোয় স্থানীয় কর্তৃপক্ষ এবং গুহাবাসী মানুষের মধ্যে বিরোধ দেখা দিতে পারে। বামিয়ানকে ২০১৫ সালের জন্য দক্ষিণ এশীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। আফগানিস্তানের মানুষ আশা করছে, বামিয়ান আবার হারানো গৌরব ফিরে পাবে। জায়গাটি ১৯৬০ ও ১৯৭০-এর দশকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে খ্যাত ছিল। বামিয়ানের অনেক মানুষ মনে করে, প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি পুনর্নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে গুহাবাসীদেরও একটি স্থায়ী ঠিকানা হবে।
সূত্র: বিবিসি।