তাঁরা এখন চাষাবাদ করতে চান না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার উত্তর রোসাংগিরি গ্রামের মো. আতা উল্লাহ (৩১) একসময় চাষাবাদ করতেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। মাসে ১০ হাজার টাকার মতো পাঠান তিনি। সে টাকায় এখন সংসার চলে। গ্রামে তিন কাঠার মতো জমি আছে। কিন্তু সে জমিতে আগের মতো চাষাবাদ হয় না।কেবল আতা উল্লাহর পরিবার নয়, ফটিকছড়ির বেশির ভাগ প্রবাসীর পরিবারের চিত্রই এমন। পরিবারের কর্মক্ষম সদস্যটি প্রবাসী হয়ে যাওয়ায় এবং নিয়মিত রেমিট্যান্স আসায় চাষাবাদে নিরুৎসাহিত হচ্ছেন তাঁরা। ছুটিতে দেশে আসা প্রবাসী আতা উল্লাহ বলেন, ‘পরিবারের সদস্যরা এখন আর চাষাবাদে উৎসাহী নন। বিদেশ থেকে পাঠানো টাকায় সংসার চলছে। তা ছাড়া মাসে মাসে কিছু টাকাও জমছে।’ একসময় ফটিকছড়িতে সারা বছরই চাষাবাদ হতো। নিষ্ফলা থাকত না কোনো জমি। ধানের পাশাপাশি আলু, মূলা, ফুলকপি, বাঁধাকপিসহ নানা জাতের শাকসবজি ফলত। এখন মাইলের পর মাইল জমি খালি পড়ে থাকে।কৃষি বিভাগের তথ্যমতে, গত বছর উপজেলায় চাষাবাদযোগ্য জমির পরিমাণ ছিল ২৪ হাজার ৯৫০ হেক্টর। কিন্তু প্রায় ৭৫ থেকে ৮৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়নি। এতে উপজেলার কৃষি উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ছে।একসময় ফটিকছড়ির কৃষিই ছিল ফটিকছড়ির অর্থনীতির প্রাণ। এখন কৃষির পাশাপাশি উপজেলার রেমিট্যান্সও অর্থনীতিতে অবদান রাখছে। উপজেলার ১৬টি ব্যাংকের শাখায় প্রতিমাসে বিপুল পরিমাণ রেমিট্যান্স আসে। এনসিসি ব্যাংক নাজিরহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ হাসান উদদৌলা জানান, এই শাখার গ্রাহকসংখ্যা তিন হাজার ৮০০। এদের ৮০ শতাংশই রেমিটেন্সের টাকা তোলেন। গত বছর এই শাখায় দুই কোটি ৪৬ লাখ টাকা রেমিটেন্স এসেছে বরে তিনি জানান। দৌলতপুর গ্রামের চাষি আবদুল গণি আক্ষেপ করে বলেন, ‘বিদেশ থেকে স্বজনের পাঠানো টাকায় আরামে দিন চলে যায়। তাই চাষাবাদের দিকে খেয়াল নেই।’তবে, বেশ কয়েকজন কৃষক বলেছেন পর্যাপ্ত সেচ সুবিধা না থাকায় উপজেলায় চাষাবাদ কমে যাচ্ছে। আগে সব নদী, খাল ছিল পানিতে পূর্ণ। তাই তখন সেচের সমস্যা হয়নি। এখন নদী ও খাল-বিল শুকিয়ে যাচ্ছে। ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে।হারুয়ালছড়ির কৃষক এমরান উদ্দিন বলেন, ‘এ সময় মাঠ খালি থাকার কথা নয়। আগে এ সময় হালদা ও বিভিন্ন খালে প্রচুর পানি ছিল। কষ্ট হলেও চাষ করে লাভ হতো। এখন টাকা খরচ করেও লাভ হয় না। চাষ করব কেন?’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ‘এলাকার অনেকেই প্রবাসী। আর্থিক-সংকট না থাকায় তাঁরা চাষবাদে আগ্রহ হারাচ্ছেন। অপরদিকে,পর্যাপ্ত সেচ সুবিধা না থাকাও চাষিদের বিমুখ হওয়ার কারণ। নদী ও খাল খনন করা হলে সেচ সুবিধা বাড়বে। এতে চাষাবাদ বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘চাষাবাদে কৃষকদের আগ্রহী করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। উন্নত বীজ ও সার সরবরাহ করার পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা কৃষি উপকরণসহ নানা সুবিধা পান।’