তাঁরা এসেছেন এ দেশকে জানতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণকে কীভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের সংবাদমাধ্যম কতটুকু দায়বদ্ধ? তথ্য-অধিকার আইনের সুফল কি জনগণ পাচ্ছে? রক্ষণশীল মুসলিম দেশ না প্রগতিশীল বাংলাদেশ? যুদ্ধাপরাধের বিচার শেষ অবধি আলোর দেখা পাবে? অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। সবার ওপরে জানার আকাঙ্ক্ষা। বাংলাদেশকে জানার আকাঙ্ক্ষা। পৃথিবীর প্রায় দুই শতাধিক স্বাধীন রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে কীভাবে এগিয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ২১ জন প্রতিনিধি এভাবেই তাঁদের জিজ্ঞাসাগুলোর উত্তর খুঁজছিলেন।দুই সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন তাঁরা। প্রথম দিন থেকেই ব্যস্ততায় কেটেছে তাঁদের। সীমিত আয়তনের বিশাল জনগোষ্ঠীকে ধারণ করে রাখা বাংলাদেশ মোটেও হেলাফেলার দেশ নয়। বাংলাদেশকে নিয়ে জানার আছে অনেক কিছু, যা যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে পার্থক্য গড়ে তোলে।তাঁরা প্রায় সবাই আগ্রহী বাংলাদেশ সম্পর্কে। এ দেশের মানুষ, তাঁদের জীবনধারা, সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে। তাঁরা আগ্রহী বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে। শত প্রতিকূলতার মধ্যেও এ দেশের মানুষের এগিয়ে যাওয়ার তৎপরতা তাঁদের অবাক করেছে। বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার স্পৃহা তাঁদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। সবচেয়ে বেশি আন্দোলিত করেছে এ দেশের মানুষের আতিথেয়তা।বাংলাদেশে ‘মাইক্রোফিন্যান্স এবং সামাজিক উন্নয়ন’-এর স্বরূপ ও বাস্তব দৃশ্যপট দেখতেই যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেল, ওয়াশিংটন ইউনিভার্সিটি, সেন্ট লুইস, ফোর্ডহাম ইউনিভার্সিটি ও কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির ২১ জন শিক্ষার্থী সফর করেছেন বাংলাদেশে। ‘স্ট্যাডি অ্যাব্রড’ প্রকল্পের আওতায় তাঁরা বাংলাদেশ সফরে এসেছিলেন গত ২৮ ডিসেম্বর। সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলের ‘স্কুল অব সোশ্যাল ওয়ার্ক’-এর আয়োজনে তৃতীয়বারের মতো এ প্রকল্পের অধীনে শিক্ষার্থীরা এ দেশে আসেন। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল ওয়ার্কের পরিচালক মিজানুর রহমান মিয়ার নেতৃত্বে তাঁরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে আরও ছিলেন কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষা প্রোগ্রামের পরিচালক ডেরবোরাহ জ্যাকবসন, সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলের পিএইচডি অধ্যয়নরত আবু নাসের রাজীব এবং পার্ডিউ ইউনিভার্সিটি ইন্ডিয়ানাপোলিসের অধ্যাপক ডেভিড জোনস।শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলের ডেভিড ব্যানার, হলি বিগহ্যাম, র্যাচেল ওয়াইডস, ওয়াশিংটন ইউনিভার্সিটি সেন্ট লুইসের ড্যানিয়েল ডেভিস, ফোর্ডহাম ইউনিভার্সিটির কলড্রিন অসবর্ন, কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির অ্যাস্টে দেজেসিস, জ্যারেড হ্যামিলটন, পল ম্যানিক্স, আলেকজান্ডার ওয়ারফকা, রুচবন আড্ডো, কেনিয়া হ্যারিস, সারাহ ওসমার, ম্যারি রান্ডল, রেবেকা স্টানজের, হিদার ভরিস, ক্রিস্টোফার জেনকিনস, জ্যাসন শানার, জো আম্মন, নিল সমাদ্দার, স্মিথ ক্রাফটন ও মাইকেল লিয়নসহ মোট ২১ জন।স্ট্যাডি আব্রড প্রোগ্রামটি এই ২১ জন শিক্ষার্থীকে এক ঝলকে পরিচয় করিয়ে দিয়েছে বিরাট বাংলাদেশ সম্পর্কে। অল্প দিনের মধ্যেই আপন করে নিয়েছে তাঁদের। তাঁরা এর মধ্যেই ঘুরে এসেছেন বগুড়ায় রুর্যাল ডেভেলপমেন্ট একাডেমির মাঠপর্যায়ের প্রকল্পগুলোতে। সেখানে দেখেছেন গ্রামীণ ব্যাংক ও আশার বিভিন্ন কার্যক্রম। সেই সুযোগে বাংলাদেশের গ্রাম, শীতার্ত মানুষ আর আবহমান বাংলার জীবনযাত্রার স্বাদ নেওয়া হয়ে গেছে তাঁদের। সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলের ছাত্রী হলি বিগহাম অবাক হয়ে গেছেন প্রায় ৯০ বছর বয়সী বৃদ্ধাকে দেখে, যিনি অসম্ভব আশা নিয়ে বেঁচে আছেন। প্রতিকূলতা তাঁকে থামিয়ে রাখেনি, বরং পরিশ্রমের সঙ্গে তাঁকে জয় করতে শিখিয়েছে। ফোর্ডহাম ইউনিভার্সিটির কলড্রিন অসবর্ন বাংলাদেশে আসার আগে অনেক নেতিবাচক মন্তব্য শুনেছিলেন বাংলাদেশ সম্পর্কে। রাজনৈতিক ও সামাজিক জটিলতা তাঁকে এ দেশ সম্পর্কে যে ধারণা দিয়েছিল, তা বদলে গেছে এ দেশে সফরে এসে। কলড্রিন জানান, এ দেশের মানুষের মধ্যে অসম্ভব উচ্ছ্বাস, উদ্দীপনার দেখা পেলাম। সহজ-সরল জীবনবোধ এবং উন্নয়নের পথে গতিশীল এক বাংলাদেশকে জানতে পারলাম এ সফরে। তাই এ দেশকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছেন মাত্র ১২ দিনের সফরে। ৬ জানুয়ারি সফররত দলটি প্রথম আলো কার্যালয় পরিদর্শন করে। এখানেই কথা হয় তাঁদের সঙ্গে।শিক্ষার্থীরা আরও বেড়িয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘর, শহীদ মিনার ও বঙ্গবন্ধু জাদুঘরে। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে তাঁরা ছিলেন অনেক সচেতন। তাই যুদ্ধাপরাধীর বিচার নিয়ে তাঁরা চিন্তাশীল এবং আগ্রহী ছিল মিডিয়া কীভাবে এ বিষয়ে ভূমিকা রাখছে। স্ট্যাডি অ্যাব্রড প্রোগ্রামের মাধ্যমে আগেই তাঁদের বেশকিছু ধারণা নিতে হয়েছিল বাংলাদেশ সম্পর্কে। বিভিন্ন ওয়েবসাইট, জার্নাল ও লেখায় তাঁরা পড়েছিলেন বাংলাদেশের মানুষ, সভ্যতা-সংস্কৃতি, রাজনীতিসহ উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে। মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ এবং সংশ্লিষ্ট বিষয়ের লেখাগুলোও বাংলাদেশ সম্পর্কে আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। সফরটা সেখানে ভালোবাসা এবং দেশ সম্পর্কে এনে দিয়েছে শ্রদ্ধাবোধ। লেখার বিষয়বস্তুতে রক্ষণশীল মুসলিম বাংলাদেশের প্রগতিশীল ও উন্নত চেহারা তাঁদের অবাক করে দিয়েছে, যেখানে জনগণ নিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির জ্যাসন শানার দেখেছেন এত দরিদ্র থাকা সত্ত্বেও কারও মধ্যে হতাশা নেই।যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, যা সম্পদ এবং সম্ভাবনায় পূর্ণ। অথচ বাংলাদেশের মানুষ এত সমস্যার মধ্যেও সুখে বেঁচে আছে, পরিশ্রম করছে এবং নিজের দারিদ্র্যকে দূর করার জন্য লড়ছে। পল মানিক্স বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর কার্যক্রমে সৃষ্টিশীলতা ও সৃজনশীলতার সমন্বয় দেখেছেন। আশা ও গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে তৎপরতা দেখেছেন। তবে ঢাকার রাস্তায় পলকে অবাক করেছে রিকশা এবং বাসের আদল ও এর নকশা। অনেক রঙের ছড়াছড়ি এখানে। রং নিয়ে মেতেছে মানুষ ও প্রকৃতি নিজেও। আর বাংলাদেশের খাবার? কোনো তুলনাই নেই এর। তাই এ বিষয়ে কোনো মতভেদ নেই শিক্ষার্থীদের মধ্যে।বাংলা ভাষাকে নিয়ে আমাদের আন্দোলন স্বভাবতই অনুপ্রাণিত করেছে কেনিয়া হ্যারিসকে। মাতৃভাষার প্রতি এ দেশের মানুষের ভালোবাসা তাঁকে উদ্দীপিত করেছে। তাই হ্যারিস তাঁর বন্ধুকে বলছিলেন, যদি ইংরেজি ভাষায় কথা বলে প্রাণের উচ্ছ্বাসে সে এমন একটি ভাষার দিন উদ্যাপন করতে পারত, যেমনটি এ দেশের মানুষ হূদয় থেকে অনুভব করে পালন করে মাতৃভাষা দিবস।ওয়াশিংটন ইউনিভার্সিটি, সেন্ট লুইসের শিক্ষার্থী ড্যানিয়েল ডেভিস গর্বিত এ দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের পথিকৃৎদের সঙ্গে দেখা করে। এ সফরের মধ্যেই তাঁরা দেখা করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস, ব্র্যাকের পরিচালক ফজলে হাসান আবেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আশার পরিচালক শফিকুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গেও তাঁরা বিশেষ বৈঠকে মিলিত হন।ডেভিস দেখেছেন কীভাবে সামাজিক এ প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। এদের গঠনগত ও পরিচালনার কৌশল এ দেশের পরিবর্তনকে ত্বরান্বিত করছে। সবকিছুই সঙ্গে করে নিয়ে দেশে ফিরে যাবেন ডেভিস। আরও যাবে অনেক স্মৃতি।কেস ওয়েস্টার্ন ইউনির্ভাসিটির আলেকজান্ডার ওয়ারফকা এ পর্যন্ত বেড়িয়েছেন তিনটি দেশে। ‘কিন্তু সত্যি বলতে কি, এখানকার মানুষের আতিথেয়তা এবং বন্ধুসুলভ আচরণে আমি মুগ্ধ। তাই আবার আমি ফিরে আসতে চাই। আজকের এই সম্ভাবনাময় বাংলাদেশ ভবিষ্যতে আরও কত দূর এগিয়ে যাবে, আরও কী বদল হবে, তা দেখতে আগ্রহী আমি।’ নীল সমাদ্দারের মা-বাবা ভারত বংশোদ্ভূত—কলকাতার মানুষ। তাই সবার আবদারে এ রকম কিছু বাংলা কথা ভাঙা ভাঙা গলায়ই শোনাতে হলো তাঁর। কলকাতা ও ঢাকার মধ্যে ফারাক অনেক থাকলেও কিছু আত্মিক মিল থেকেই গেছে, যা তাঁকে এখানে মিলিয়ে দিয়েছে।৯ জানুয়ারি ২০১১ প্রোগ্রামের দলটি ফিরে গেছে যুক্তরাষ্ট্রে। এ দেশে সফরকালে তারা আরও উপস্থিত হয়েছিল সামাজিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ১৭তম আন্তর্জাতিক সিম্পোজিয়াম কনসোর্টিয়ামে, যেখানে আরও ৫০টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে বাংলাদেশকে এক নতুন রূপে পেয়ে গেছেন তাঁরা। আর বাংলাদেশকে ভালোবেসে আবার আসার প্রয়াস তো আছেই।