তাঁরা জাতির স্যালুট পাওয়ার যোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোস্টার: প্রাণেশকুমার মন্ডল
পোস্টার: প্রাণেশকুমার মন্ডল

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যাচাই-বাছাই ও সুপারিশের ভিত্তিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দুই দফায় ৬৭ জন বীর নারী মুক্তিযোদ্ধার নাম গেজেটে প্রকাশ করেছে। গেজেটে বন্ধনীর মধ্যে ‘বীরাঙ্গনা’ শব্দটা থাকলেও তাঁরা মুক্তিযোদ্ধা। ভাতাসহ মুক্তিযোদ্ধারা যে সুযোগ-সুবিধা পান, এঁরাও তা–ই পাবেন।
২০১৪ সালের ডিসেম্বর মাসে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সিরাজগঞ্জের রাজুবালা বলেছিলেন, ‘মুক্তিযোদ্ধারা বন্দুক দিয়া যুদ্ধ করছে, দ্যাশ স্বাধীন করছে। আমরা নিজের মান দিয়া দ্যাশ স্বাধীন করছি। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সম্মান পায়। আমরা পাই না ক্যান? আমরা মানের স্বীকৃতি চাই।’ গত বছরের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে রাজুবালার নাম আছে।
এরও আগে ২০০৬ সাল থেকে চেতনায়-৭১-হবিগঞ্জ সংগঠনের সাধারণ সম্পাদক বর্তমান সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বীর নারী মুক্তিযোদ্ধাদের তথ্য ও উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেন। ২০১৩ সালের ৯ ডিসেম্বর হবিগঞ্জের ছয়জন বীর নারী মুক্তিযোদ্ধা প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত হন। তাঁদের নামে পাশে গেজেটে বীরাঙ্গনা লেখা নেই। তাঁরা ভাতা পাচ্ছেন। সরকারের ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় একজনের ঘর তৈরি হয়েছে। আরেকজনেরটা প্রক্রিয়াধীন।
কেয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, স্বীকৃতিপ্রাপ্তরা এখন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হিসেবে বসার সুযোগ পান। ছয়জনের মধ্যে চা শ্রমিক হীরামণি সাঁওতাল মারা গেছেন। মারা যাওয়ার পর তাঁকে রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামের বীর নারী মুক্তিযোদ্ধা আফিয়া খাতুন খঞ্জনীর নাম গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে বলে জানালেন বাংলাদেশ ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেনের (বিপিডব্লিউ) ভাইস প্রেসিডেন্ট পারভীন মাহমুদ। পারভীন মাহমুদের মা প্রয়াত শামসুন্নাহার রহমান স্বাধীনতার পর গোয়ালঘর থেকে খঞ্জনীকে উদ্ধার করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় খঞ্জনী ছিলেন বিধবা ও দুই সন্তানের মা। ছিলেন খুব সুশ্রী। খঞ্জনীকে ক্যাম্পে নিয়ে এক পাকিস্তানি হাবিলদার ও অন্যদের হাতে তুলে দেয় গ্রামের কিছু লোক। যুদ্ধ শেষে যখন নিজের সংসারে ফিরতে চাইলেন তখনই বাধে বিপত্তি। শাশুড়ি তাঁর দুই ছেলেমেয়েকে নিজের কাছে রেখে দেন। ছেলেটা অনাদর, অবহেলায় ছোটবেলাতেই মারা যায়।
খঞ্জনীর মেয়ে রোকসানা টেলিফোনে বললেন, ‘মা এখন কতা কয় না কারও লগে। যুদ্ধের পর দাদি মাকে নষ্ট বেটি কইয়া বাড়ি থেইক্যা বাইর কইরা দেয়। সরকারের কাছে মুক্তিযোদ্ধা স্বীকৃতির লাইগ্যা আবেদন করছি। সরকার তো এহনো কিছু জানায় নাই।’ তবে ২০১৪ সালে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে খাসজমি পেয়েছেন খঞ্জনী। এখন মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার অপেক্ষা।
সরকারের কাছ থেকে স্বীকৃতি পাওয়া নিয়ে বীর নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে আনন্দের পাশাপাশি ক্ষোভ ও হতাশাও আছে। এই স্বীকৃতি আগে পেলে হয়তো জীবনে আর একটু কম অপমানিত হতেন। চট্টগ্রামের বীর নারী মুক্তিযোদ্ধা রমা চৌধুরী কোনো স্বীকৃতি বা ভাতা নিতে রাজি নন। টেলিফোনে তিনি বলেন, ‘আমার মনে অনেক দুঃখ। আমার স্বীকৃতির কোনো দরকার নাই। সম্মান নিয়া থাকতে চাই। কেউ যদি সম্মান দিতে চায়, সে যেন আমার বই কিনে।’

প্রথম আলোর কার্যালয়ে সংবর্ধনা জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাদের
প্রথম আলোর কার্যালয়ে সংবর্ধনা জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাদের


২০১৩ সালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নিজের কঠিন জীবনসংগ্রামের কাহিনি শুনিয়েছিলেন রমা চৌধুরী। কোনো সহায়তা বা অনুদান চাননি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রমা চৌধুরী।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, গেজেটে যাঁদের নাম আছে, তাঁরা মুক্তিযোদ্ধা। তবে সামাজিক বাস্তবতার কথা চিন্তা করে অনেকেই গেজেটে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন না।
মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার নারীদের জন্য পুনর্বাসন কেন্দ্রের যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। তখন স্বেচ্ছাসেবী হিসেবে এই নারীদের নিয়ে কাজ করেন মালেকা খান। ১৯৭৩ সাল থেকে পুনর্বাসন কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। মালেকা খান প্রথম আলোকে বলেন, ‘৭২ সাল থেকেই এই নারীদের স্বীকৃতির দাবি তুলেছিলাম। এই নারীরা জাতির কাছ থেকে একটি স্যালুট পাওয়ার যোগ্য। যাহোক সরকার অবশেষে স্বীকৃতি দিয়েছে সে জন্য সরকারকে ধন্যবাদ। এখন এই নারী ও তাঁদের পরিবার খুঁজে বের করার জন্য সরকারকে সমন্বিতভাবে একটি কর্মকৌশল তৈরি করে সামনে অগ্রসর হতে হবে। এরপর এই নারীরা যত দিন বাঁচবেন, তত দিন যাতে তাঁদের খাওয়া-পরা নিয়ে কোনো চিন্তা করতে না হয় তার ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিও বীর নারী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার জন্য একটি মামলা করে। হাইকোর্ট সরকারকে বীর নারী মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির নির্দেশ দেন। ২০১৪ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল—জামুকার এক সভায় মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞায় একাত্তরে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার নারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
পেশাজীবী নারী সমাজের সভাপতি মাহফুজা খানমের মতে, বীর নারী মুক্তিযোদ্ধাদের শুধু স্বীকৃতি দিয়ে থেমে গেলে চলবে না তাঁদের ভাতা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।