তাঁরা তো এসি রুমে থাকে, মরি আমরা
স্ত্রী ও তিন ছেলে নিয়ে বিপাকে পড়েছেন রংমিস্ত্রি মোহাম্মদ হেলাল (৪৩)। টানা হরতাল-অবরোধ দুর্বিষহ করে তুলেছে জীবন। হাতে কাজ নেই। ধার-কর্জে চলছে সংসার।
রাজনৈতিক অস্থিরতা নিয়ে হেলালের কণ্ঠে অসহায়ত্ব। তিনি বলেন, ‘কাজ পাব কীভাবে? যাঁরা কাজ দেবেন, তাঁরা ভয়েই ঘর থেকে বের হচ্ছেন না। গত ১৫ দিনের মধ্যে মাত্র চার দিন কাজ করেছি।’
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ে কাজ পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা হয়।
হেলাল বলেন, ‘কাজ না থাকায় অর্ধাহার-অনাহারে থাকতে হচ্ছে। যাঁদের কারণে এ অবস্থা, তাঁরা তো এসি রুমে থাকে, আর মরি আমরা।’ স্বাভাবিক সময়ে বিভিন্ন ভবনে রং লাগানোর কাজ করে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা আয় করেন হেলাল। কিন্তু এখন তাঁর কোনো কাজ নেই।
আগামী দিনে কী ঘটতে যাচ্ছে, এ নিয়েও শঙ্কা কাজ করছে তাঁর মনে। আদৌ এ সংকটের সমাধান হবে তো—প্রশ্ন হেলালের।