তাঁরা দুজনই তারকা

ছবিটা ছাপা হয়েছিল ৬ ডিসেম্বর, প্রথম আলোর বিনোদন পাতায়। অভিনয়শিল্পী মিথিলার সমাবর্তনের গাউন পরা ছবি দেখে অনেকে হয়তো ভেবেছেন, নতুন কোনো নাটকের দৃশ্য। খবর পড়ে জানা গেল, ব্যাপারটা তা নয়। মিথিলা শুধু নাট্য অঙ্গনেরই নন, ক্যাম্পাসেরও তারকা। ৫ ডিসেম্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকোত্তরে অসাধারণ কৃতিত্বের জন্য ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি। ২০১৪-১৬ শিক্ষাবর্ষে মিথিলার সিজিপিএই ছিল সর্বোচ্চ। তিনি একা নন, এ বছর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন আরও একজন। স্নাতক পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএর অধিকারী যাইনাব সায়েদ আহমেদ। দুই মেধাবীর কথাই শোনা যাক।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টে ‘আরলি চাইল্ডহুড’ বিষয়ের দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে মিথিলা যখন ভর্তি হয়েছিলেন, তখন তাঁর সন্তানের বয়স মাত্র এক বছর। সঙ্গে ছিল অফিসের কাজ, শুটিংয়ের শিডিউল। তারপরও কীভাবে এই ফলাফল ধরে রাখলেন? জানতে চাইলে প্রথম আলোকে মিথিলা বলেন, ‘সবকিছু সামাল দিয়েই লেখাপড়াটা করতে হয়েছে। আমি পড়ার তেমন সময় পেতাম না। তবে পড়ার বিষয় ছিল আমার চাকরি ও ব্যক্তিগত জীবনের খুব কাছাকাছি। মজা লাগত। তাই আগ্রহ নিয়ে পড়েছি। এ কারণেই ফল ভালো হয়েছে।’ মিথিলার তিন বছরের মেয়ে আয়রাও মায়ের অর্জনকে আরও রঙিন করে তুলতে উপস্থিত ছিল সমাবর্তন অনুষ্ঠানে।
অন্যদিকে যাইনাব সায়েদ আহমেদও কম যান না। সিজিপিএ-৪-এর মধ্যে তাঁর অর্জন ৩.৯৮। যাইনাবের ছেলেবেলা কেটেছে সৌদি আরবে। ছোটবেলায় অভিযাত্রী হতে চেয়েছিলেন। প্রচুর বই পড়তেন, তাই লেখক হওয়ার ভূতও মাথায় চেপেছিল। কিন্তু নাইনথ গ্রেডে উঠে বুঝতে পারেন, বিজ্ঞানের ‘অভিযান’টাই তাঁকে টানছে। ঘনিয়ে আসে আইজিসিএসই (ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন) পরীক্ষার সময়। যাইনাব ঠিক করেছিলেন, তিনি ‘ফুড অ্যান্ড নিউট্রিশন’ বিষয়ে পড়বেন। কিন্তু বিষয়টি এতই কঠিন ঠেকছিল যে ক্লাসের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১২ জন এ বিষয়ে পরীক্ষা দিতে বসেন। যাইনাব পরিশ্রম করেছেন। কিন্তু পুরো বিশ্বে আইজিসিএসই পরীক্ষার ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে প্রথম স্থান অধিকার করে ফেলবেন, এতটা তাঁর কল্পনায়ও ছিল না!
দেশে ফিরে যাইনাব ভর্তি হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে। প্রতিদিন পাঁচ ঘণ্টার যানজট ঠেলে টানা পাঁচ দিন ক্লাস—সব মিলিয়ে পড়ার জন্য খুব একটা সময় পেতেন না। ক্লাসের ফাঁকে ফাঁকেই পড়েছেন। বর্তমানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারে কর্মরত যাইনাব ভবিষ্যতে মেডিসিন গবেষণামূলক কাজ করতে চান।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এবারের সমাবর্তনের দুই তারকারই কিন্তু একটা জায়গায় মিল। অনেক চড়াই-উতরাই পেরিয়েও তাঁরা সাফল্যের মুখ দেখেছেন। আর উত্তরসূরিদের জন্য দিয়েছেন বার্তা—হাল ছেড়ো না!