ছোট বোন আঁখি আক্তারকে নিয়ে ছিল রেহানা বেগমের সংসার। বছর খানেক আগে ঢাকার অদূরে আশুলিয়া চলে আসেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার এই নারী। চাকরি নেন সাভারের নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনস লিমিটেডে। রেহানা ছয়তলার সুইং বিভাগে হেলপার ছিলেন। গত বছর ২৪ নভেম্বর সন্ধ্যায় তাজরীন ফ্যাশনসের নিচতলায় আগুন লাগার পর সিঁড়ি বেয়ে নামার সময় অন্ধকারে পথ হারিয়ে ফেলেন তিনি। এরপর অন্যদের মতো চারতলা থেকে নিচে লাফিয়ে পড়েন। ভেঙে যায় বাঁ পা। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে ভর্তি করে দেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এর তিন দিন পর তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে তাঁকে ভর্তি করা হয় ট্রমা সেন্টারে। সেখানে ২৫ দিন চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তখনো তিনি হাঁটতে পারতেন না।রেহানা জানান, বাসায় ফেরার পর একসময় টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। ১৬ জুলাই প্রথম আলো ট্রাস্টের প্রচেষ্টায় ইনার হুইল জেলা ৩২৮ বাংলাদেশের পক্ষ থেকে ২০ হাজার টাকার সহায়তা পেয়ে তিনি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। সহায়তার টাকায় সাভারে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আবার ওষুধ গ্রহণ শুরু করেছেন।তাজরীন ফ্যাশনসের পাঁচতলায় অপারেটরের কাজ করতেন আমেনা বেগম। আগুন লাগার পর পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে তাঁর বাঁ হাত ভেঙে যায়। রাজধানীর ট্রমা সেন্টারে এক মাস সাত দিন চিকিৎসা নিয়ে হাত ভালো হলেও তিনি এখনো হাঁটতে পারেন না। পাঁজরের ব্যথার কারণে একটানা বেশিক্ষণ শুয়ে থাকাও সম্ভব হয় না তাঁর পক্ষে। এ ছাড়া তাঁর কিডনিরও সমস্যা দেখা দিয়েছে। আমেনা জানান, স্বামী চলে যাওয়ার পর ঘরভাড়া ও খাবার জোগাড় করতেই তাঁকে হিমশিম খেতে হচ্ছিল। এর মধ্যে নিজের চিকিৎসার খরচ চালানো অসাধ্য হয়ে পড়ে। বলেন, ‘এমন বিপদের সময় প্রথম আলো ট্রাস্ট থেকে ২০ হাজার টাকা পেয়ে তাঁর অনেক উপকার হয়েছে।’ ওই টাকা পেয়ে চিকিৎসকের মাধ্যমে তিনি আবার ওষুধ খেতে শুরু করেছেন।ময়মনসিংহের হালুয়াঘাটের জরিনা বেগমের স্বামী তাঁকে ছেড়ে চলে যায়। এর পর মা রোকেয়া বেগমকে সঙ্গে নিয়ে চলে আসেন ঢাকায়। বছর দুয়েক আগে তিনি তাজরীনের পাঁচতলায় অপারেটরের চাকরি নিয়েছিলেন। ঘটনার দিন তিনতলা থেকে লাফিয়ে পড়ে তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। সেদিন প্রথমে তাঁকে ভর্তি করা হয়েছিল স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ওই দিন রাতেই তাঁকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর ভর্তি করা হয় ট্রমা সেন্টারে। সেখানে নয় দিন চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।জরিনা জানান, পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এখনো তিনি ভালো করে হাঁটতে পারেন না। বেশি সময় বসে থাকতে পারেন না। বিজিএমইএ থেকে এক লাখ টাকার যে সাহায্য করা হয়েছিল, তা শেষ হয়ে গেছে। তাই টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না।প্রথম আলোর সাভার কার্যালয়ে সহায়তা নিতে এসে তিনি জানান, সহায়তার পুরো টাকাই তিনি নিজের চিকিৎসায় ব্যয় করবেন। বৃদ্ধ মা-বাবার সংসারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন সাথী আক্তার। আগুনের হাত থেকে বাঁচতে কারখানা থেকে লাফিয়ে পড়ে তিনি এখন কর্মহীন হয়ে পড়েছেন। চিকিৎসা তো দূরের কথা, খাওয়ার টাকা জোগাড় করাই কষ্টকর হয়ে পড়েছে পরিবারটির। সাথী জানান, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও তিনি এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। হাঁটতে বেশ কষ্ট হয়। এ কারণে অন্য কোনো কারখানায় চাকরি করতে পারছেন না। তিনি জানান, দুর্ঘটনার পর এক লাখ টাকার আর্থিক সহায়তা পেয়েছিলেন। কিন্তু তা শেষ হয়ে গেছে। এখন প্রথম আলো ট্রাস্ট থেকে ২০ হাজার টাকার যে সহায়তা পেয়েছেন, তা দিয়ে নিজের চিকিৎসা করাবেন।রংপুরের মিঠাপুকুরের মেয়ে রুবিনা আক্তার কাজ করতেন তাজরীনের পাঁচতলায়। আগুন লাগার কয়েক মিনিট পর তিনি সিঁড়ি দিয়ে তিনতলায় নেমে আসেন। এরপর ধোঁয়ার কারণে নিচে নামতে ব্যর্থ হয়ে তিনতলা থেকে লাফিয়ে পড়ে ঘাড়ে আঘাত পান।রুবিনা জানান, ছোট বয়সেই তাঁর মা-বাবা তাঁকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। স্বামী তাঁকে ফেলে অন্যত্র বিয়ে করেন। ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁকে আবারও বিয়ে দেওয়া হয়। কিন্তু বছর চারেক পরে দ্বিতীয় স্বামীও চলে যান তাঁকে ফেলে। এরপর তিনি আশুলিয়ায় ভগ্নিপতির বাসায় এসে চাকরি নেন তাজরীনে।দুর্ঘটনার পর ঢাকার পঙ্গু হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি। এখনো তিনি ঘাড় নাড়াতে পারেন না।প্রথম আলো ট্রাস্টের আর্থিক সহায়তা পেয়ে রুবিনা বলেন, ‘এই টাকায় আমার অনেক উপকার হবে। বাড়িতে ফিরে গিয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসা করাব।’প্রথম আলোর সাভার কার্যালয়ে ১৬ জুলাই এক অনুষ্ঠানের মাধ্যমে তাজরীন ফ্যাশনস লিমিটেডের এই পাঁচ আহত শ্রমিকের প্রত্যেককে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ইনার হুইল জেলা ৩২৮ বাংলাদেশ এই সহায়তা প্রদান করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার ও আশুলিয়া অঞ্চলের সভাপতি আলী রেজা চৌধুরী।