তাঁরা পেয়েছিলেন আলাদিনের চেরাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন হুট করে পেয়ে যাওয়া আলাদিনের চেরাগ। তাতে ঘষা দিতেই ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে হাজির পেল্লায় সাইজের এক দৈত্য। ‘হু হু, হা হা, হুকুম করুন আমার মালিক।’ আর সেই দৈত্যের বদান্যতায় মুহূর্তেই বনে যাওয়া কোটিপতি!মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটে, রূপকথাকেও হার মানায়। বিশ্বাস হতে চায় না। চোখ কচলে নিয়ে দুইবার তাকাতে হয়, চিমটি কেটে নিয়ে বুঝতে হয়, কোনো ঘোরের মধ্যে সে নেই। এমনটাই হয়েছে স্কটল্যান্ডের এক দম্পতির বেলায়। ৬৪ বছর বয়সী কলিন উইয়ার আর তাঁর ৫৫ বছর বয়সী স্ত্রী ক্রিস যেন সত্যি সত্যিই দেখা পেয়েছেন আলাদিনের চেরাগের, যে চেরাগের আসল নাম ‘ইউরোমিলিয়নস’।স্বাস্থ্যজনিত কারণে দুজনেই চাকরি হারিয়ে বেকার জীবনযাপন করছিলেন। ছিল আর্থিক টানাটানি, নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। সেই তাঁরাই সম্প্রতি জিতে নিলেন ইউরোপের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় লটারির জ্যাকপট। জিতে নিলেন ১৬২ মিলিয়ন পাউন্ড বা ২৬২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যে অঙ্কটা প্রায় দুই হাজার কোটি টাকা। হ্যাঁ, একদমই ভুল পড়েননি। ইউরোমিলিয়নস লটারি জিতে রাতারাতি দুই হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন কলিন আর ক্রিস!ক্যামেরাম্যান আর স্টুডিও ম্যানেজার হিসেবে স্কটিশ টেলিভিশনে কাজ করতেন কলিন। আর ক্রিস কাজ করতেন মনোবৈজ্ঞানিক সেবিকা হিসেবে একটা সাইক্রিয়াট্রিক ক্লিনিকে। কিন্তু দুজন হু হু করে মোটা হচ্ছিলেন। ঠিকভাবে চলাফেরা করাই ছিল তাঁদের জন্য মুশকিল। আরও অনেক স্বাস্থ্যগত জটিলতার কারণে ছাঁটাইয়ের শিকার হন তাঁরা দুজনই। বেশ বড় দুই সন্তান আছে তাঁদের। কার্লির বয়স ২৪, জেমির বয়স ২২। কিন্তু এমন নয়, সন্তানদের আয়ে চলছে পুরো সংসার। কার্লি আলোকচিত্রী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন, জেমি কাজ করেন কল সেন্টারে। ফলে ইউরোপের ব্যয়বহুল সামাজিক জীবনে রীতিমতো দুঃসহ জীবনই যাপন করছিলেন তাঁরা।এই নিদারুণ অর্থকষ্টের জীবনযাপন করছিলেন বলেই ইউরোমিলিয়নসের একটা লটারির টিকিট কেটেছিলেন এই দম্পতি। লটারির ড্র যেদিন সরাসরি টিভিতে দেখানো হয়, উইয়ার দম্পতি ভুলেই গিয়েছিলেন সেটার কথা। যতক্ষণে মনে পড়ল, ড্র শেষ। মাঝরাতে টেলিভিশন তথ্যসেবা টেলিটেক্সট-এ ফোন করে ক্রিস জানতে চেয়েছিলেন, লটারির ফলটা কী ছিল। বিজয়ী লটারির নম্বর বলার পর ধপ করে সোফায় পড়ে গিয়েছিলেন ক্রিস। কিছুক্ষণ ভাষাই খুঁজে পাননি। উদ্বিগ্ন কলিন মনে মনে যা শুনতে চাইছিলেন, সেটাই বললেন ক্রিসা—‘আমরাই জিতেছি।’কিন্তু সেটা নিশ্চিত হওয়ার জন্য তাঁদের অপেক্ষা করতে হয়েছে সকাল পর্যন্ত। কেমন কেটেছিল তাঁদের অপেক্ষার সেই রাতটা? ‘আমরা ঠায় বসেই ছিলাম। দারুণ উত্তেজিত ছিলাম। অধিক উত্তেজনার কারণে একসময় অবসাদই চলে এসেছিল। ক্লান্ত লাগছিল। রাতে এক ফোটা ঘুমও হয়নি’—বলেছেন কলিন।২০০৪ সালে চালু হওয়া ইউরোমিলিয়নস এখন পশ্চিম ইউরোপের নয়টি দেশজুড়ে খেলা হয়। এর মধ্যে আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন ও সুইজারল্যান্ড। ইউরোমিলিয়নস লটারির টিকিট (সাধারণত, প্রতি টিকিটের দাম হয় দুই পাউন্ড বা দুই ইউরো) কেনার সময় ক্রেতা চাইলে বেছে নিতে পারেন পাঁচটি সংখ্যা। এরপর নির্দিষ্ট ছক থেকে দুটো ‘লাকি স্টার’ নম্বরও বেছে নিতে হয় তাঁদের। পুরো নম্বরটা মিলিয়ে দাঁড়ায় তাঁদের লটারির নম্বর। কিন্তু উইয়ার দম্পতি নিজেরা কোনো নম্বর বেছে নেননি। তাঁরা খেলেছেন ‘লাকি ডিপ’। এই পদ্ধতিতে যন্ত্রই দ্বৈবচয়নের ভিত্তিতে ঠিক করে দেয় নম্বর। কে তখন জানত, যন্ত্রের ঠিক করে দেওয়া এই নম্বরটাই জিততে চলেছে জ্যাকপট!২৬২ মিলিয়ন ডলার অনেক টাকা। দুই দিন আগে যাঁরা ছিলেন গরিব, এখন তাঁরাই যুক্তরাজ্যের ধনীদের তালিকায় ৪৩০তম অবস্থানে। খুব যে পিছিয়ে আছে সেটা মোটেও ভাববেন না। ফুটবল তারকা ডেভিড বেকহাম আর তাঁর তারকা স্ত্রী ভিক্টোরিয়ার সম্পত্তির পরিমাণ ১৬৫ মিলিয়ন পাউন্ড। তাঁদের থেকে মাত্র নয় ধাপ পেছনে উঠে এসেছেন লটারিতে ১৬২ মিলিয়ন পাউন্ড জেতায়!কী করবেন এত টাকা দিয়ে? কলিন নিজে ফুটবলের পাঁড় ভক্ত। স্কটল্যান্ডের তাঁর স্থানীয় নিচু সারির ক্লাবটি চাইলে, কলিন যেন পুরো ক্লাবটি কিনে নিয়ে নামীদামি খেলোয়াড় কিনে নিয়ে আসেন। হ্যাঁ, চাইলে লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবলার কেনার অন্তত প্রস্তাব দেওয়ার সামর্থ্য এখন আছে কলিনের! জেনে রাখতে পারেন, সর্বকালের রেকর্ড গড়ে রোনালদো রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন ৯২ মিলিয়ন ইউরোর বিনিময়ে। না, স্থানীয় ক্লাবটি কেনার কোনো ইচ্ছা কলিনের নেই। তিনি আপাতত বার্সেলোনার স্টেডিয়াম ন্যু ক্যাম্পের একটা লাক্সারি বক্সই কিনে নিতে চান। আরাম করে বক্সে বসে মেসি-জাভি-ইনিয়েস্তাদের খেলা দেখবেন—এইটুকু বিলাসিতা তো দেখানোই যায়। আপাতত দুই সন্তানের জন্য দুটো নতুন বাড়িও কিনে দেওয়ার পরিকল্পনা আছে। নিজেরা থাকবেন পুরোনো বাড়িতেই। স্বামী-স্ত্রী মিলে বিশ্ব ভ্রমণেও বেরোবেন বলে ঠিক করেছেন। চীনের মহাপ্রাচীর দেখতে চান। অস্ট্রেলিয়ায় যেতে চান, প্যারিস আর রাশিয়ায় গিয়ে দেখতে চান চিত্রপ্রদর্শনী। আর কিছু সামাজিক কাজও করার ইচ্ছা আছে তাঁদের। ‘সম্পদ একই সঙ্গে আপনার কাঁধে কিছু দায়িত্বও এনে দেয়’—বলেছেন কলিন।রাজীব হাসানওয়েবসাইট অবলম্বনে