তাঁরা যদি চারিত্রিক সনদ দিতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক কিছু নিয়েই আপস করা যায়, চরিত্র নিয়ে যায় না। তাই চারিত্রিক সনদ খুবই স্পর্শকাতর একটি বিষয়। কিন্তু বিভিন্ন প্রয়োজনে আমরা যাঁদের কাছ থেকে সনদ নিই, তাঁরা আমাদের আসলে কতটুকুই বা চেনেন? চারিত্রিক সনদ দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি আসলে কে বা কারা? আর তাঁরা সনদ দিলে কেমন হতো সেসব? জানাচ্ছেন মাসউদ ফোরকান

স্কুলছাত্রের চারিত্রিক সনদ

সনদ িদয়েছেন: পরীক্ষার হলে ছাত্রের আশপাশে যারা বসে

এই মর্মে নিশ্চয়তা দেওয়া যাইতেছে যে, মাসুম বিল্লাহ

পিতা: কলিমুল্লাহ  মাতা: আকিমুন্নাহার

পটলপুর উচ্চবিদ্যালয়ের নিয়মিত ছাত্র। পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করা বা ঘণ্টা দিলেই বাথরুমে যাওয়ার কোনো রেকর্ড তার নাই। পরীক্ষার আগের রাতে প্রশ্ন চেয়ে কখনো কারও কাছে নক করেছে বলেও শোনা যায় নাই। পরীক্ষার সময় সে আমার কাছে কখনো একটি উত্তরও দেখতে চায় নাই। সে দুর্বল ছাত্রদের প্রতি খুবই সহানুভূতিশীল এবং পরোপকারীও বটে। নিজের পরীক্ষা ১৫ মিনিট আগে শেষ করে যাদের পাস নিয়ে টানাটানি তাদের ছাত্রত্ব রক্ষায় ঝাঁপিয়ে পড়ে। তার সাহায্যে কত ছাত্র যে আদু ভাই হওয়া থেকে নিজেকে বাঁচিয়েছে, সেটার সাক্ষী আমি নিজে।

আমি তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

কামরুল হাসান

ছাত্র, অষ্টম শ্রেণি, পটলপুর উচ্চবিদ্যালয়

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের চারিত্রিক সনদ

সনদ িদয়েছেন: ডিপার্টমেন্টের জুনিয়র মেয়েরা

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, ভাইয়াটির নাম : নীল আকাশ

পিতা:   লাল আকাশ

আমি ভাইয়ার এক বছরের জুনিয়র। ভাইয়ার কাছ থেকে বিভিন্ন সময়ে বই বা নোট নিয়েছি, কিন্তু এর বিনিময়ে সামনাসামনি দেখা হলে এক মিনিটের জন্য দাঁড়াতে বলে ঘড়ির কাঁটা মিনিট থেকে ঘণ্টায় নিয়ে যাননি। আমার যখন ব্রেকআপ হয়ে গেল, তখনো তিনি বড় ভাইয়ের মতোই পাশে থেকেছেন। অন্য কোনো মতলব আঁটেননি। ভাইয়া অনেক ভালো।

তিনি পরোপকারী এবং উত্তম চরিত্রের অধিকারী। ভাইয়ার উজ্জ্বল ভবিষ্যৎ, ভালো সিজিপিএ কামনা করছি।

মিথিলা

শিক্ষার্থী, পূর্ব-উত্তর বিশ্ববিদ্যালয়