তাঁরা যাবেন বহুদূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইম আহমেদ
নাইম আহমেদ

‘রাস্তায় দাঁড়িয়ে শুধু যান চলাচল নিয়ন্ত্রণ নয়, প্রধানমন্ত্রীর প্রটোকলেও আমরা মোটরসাইকেল চালিয়ে সামনে এগিয়ে যাব, সবাই তাকিয়ে দেখবে, নারীরা আর পিছিয়ে নেই। এই ভাবনা আমাকে এই পেশায় আসতে উদ্বুদ্ধ করেছে।’ প্রশিক্ষণরত পুলিশ সার্জেন্ট হৈমন্তী সরকার এভাবেই বললেন নিজের পেশা নিয়ে। তাঁর মতো ২৮ জন নারীর মনে এখন একই রকম আত্মবিশ্বাস।
বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নেওয়া নারী পুলিশ সার্জেন্টদের এখন প্রশিক্ষণ চলছে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে। প্রশিক্ষণ শুরু হয়েছে গত ২ জুন। ২৮ জন জন নারী ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে পুলিশ সার্জেন্ট হিসেবে মাঠে নামবেন। পুরুষ সহকর্মীদের সঙ্গে একই প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা। কেমন তাঁদের অনুভূতি? গত রোববার বাংলাদেশ পুলিশ একাডেমিতে গিয়ে শোনা গেল তাঁদের আত্মবিশ্বাসের কথা।
ময়মনসিংহ থেকে এসেছেন লিমা চিসিম। নারী সার্জেন্ট নন, পুলিশ সার্জেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। নেত্রকোনার মেয়ে পান্না আক্তার শোনালেন জীবনের গল্প। তাঁর বাবা নেই। মা আছেন। স্নাতক (সম্মান) পরীক্ষা দেওয়ার পরেই পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে ঢুকেছিলেন। গাড়ি চালাতেন। তখন মা শঙ্কায় থাকতেন যদি কোনো দুর্ঘটনা ঘটে। এখনও মায়ের মনে সেই শঙ্কা—রাস্তায় যদি কিছু ঘটে যায়। পান্না আক্তার বলেন, ‘অনেকে মনে করে এ রকম চ্যালেঞ্জিং কাজ মেয়েদের নয়। কিন্তু প্রশিক্ষণের সময় আমি এক দিনের জন্যও অসুস্থ হইনি। আমার আত্মবিশ্বাস দিয়ে মায়ের ভয়কে জয় করতে চাই।’
পুলিশের প্রশিক্ষণটা বেশ কষ্টের। ভোর চারটায় ঘুম থেকে উঠতে হয়। তারপর শারীরিক কসরত চলতে থাকে। দিনে তিনবার ১ দশমিক ৪ কিলোমিটার চৌহদ্দি দৌড়ে ঘুরে আসতে হয়। সাতক্ষীরার মেয়ে তানজিলা খাতুন কিন্তু এই প্রশিক্ষণকে উপভোগ করছেন। ‘এরই মধ্যে ঘোড়া চালানো শিখেছি। পুরুষ সহকর্মীদের সঙ্গে দৌড়ে কখনো এক কদম পিছিয়ে থাকছি না। নিঃসন্দেহে এ অনুভূতি ভালো লাগার।’
ভিন্ন অভিজ্ঞতার কথা শোনালেন পঞ্চগড়ের মেয়ে শারমিন আক্তার জাহান। তাঁর পুলিশের সার্জেন্টের চাকরিতে যোগ দেওয়ার বিষয়টি তাঁর বাবা একদম মানতে পারেননি। কিন্তু তিনি বাবার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান।
খুলনা থেকে এসেছেন হাসিনা বেগম। তিনি বলেন, ‘কেউ কেউ কৌতুক করে বলা শুরু করেছেন, নারী সার্জেন্ট দেখলে তো ছেলেরা গাড়ির গতি কমিয়ে দেবে, যানজট আরও বাড়বে। আমরা সেটা সামলানোর কৌশলটাই এখান থেকে শিখে যাচ্ছি।’
খুলনার আরেক মেয়ে লিপিকা মণ্ডল পায়ে ব্যথার কারণে ‘ডাবল’ দৌড় দিতে গিয়ে পিছে পড়েছিলেন। ব্যথাও পেয়েছিলেন। সেই ব্যথা ভুলে এখন তাঁর চোখে নতুন দিনের স্বপ্ন।
পুলিশ একাডেমির অধ্যক্ষ নাইম আহমেদ জানান, এই নারীরা সার্জেন্ট হিসেবে ট্রাফিক, প্রিভেনশন পুলিশিং এবং প্রটোকল—তিন জায়গায় সমানভাবে বিচরণ করবেন। পদোন্নতির ক্ষেত্রেও পুরুষদের সঙ্গে তাঁদের কোনো বৈষম্য থাকবে না। তাঁর মনে হচ্ছে, প্রথম দল হলেও এঁরা সম্ভাবনাময়।
কোর্স পরিচালক পুলিশ সুপার (বেসিক ট্রেনিং) আশফাকুল আলমের ভাষায়, ‘নারী বলে তাঁদের মধ্যে তো কোনো সমস্যা দেখছি না। মাঠে তাঁরা ভালো করবেন।’ একই আশাবাদ কোর্স সমন্বয়কারী সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের। তিনি বলেন, ‘প্রশিক্ষণের সময় নারী-পুরুষ আলাদা করে দেখা হচ্ছে না। তাতে কোনো সমস্যা হচ্ছে না। আশা করা যায়, কর্মক্ষেত্রেও তাঁদের কোনো সমস্যা হবে না।’ সংশ্লিষ্ট সবাই এই নারী সার্জেন্টদের মধ্যে সম্ভাবনাই দেখছেন।