তাঁরা রোবট দৌড়বিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তবিশ্ববিদ্যালয় রোবট দৌড় প্রতিযোগিতা বিজয়ী বিইউবিটির তড়িত্ কৌশল বিভাগের শিক্ষার্থীরা
আন্তবিশ্ববিদ্যালয় রোবট দৌড় প্রতিযোগিতা বিজয়ী বিইউবিটির তড়িত্ কৌশল বিভাগের শিক্ষার্থীরা

সালসেং ম্রং। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী। অবসরে মেতে থাকেন ছবি তোলায়। অপর বন্ধু আবু সায়েম মো. আলভি ভালো গান করেন। কিন্তু তাঁদের মূল নেশাটা অন্য জায়গায়। সেটা হলো, রোবট নিয়ে গবেষণা। এই কাজে সঙ্গী আরও তিন বন্ধু। তাঁরা সবাই একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় দুই বছর ধরে মনে-প্রাণে কাজ করে যাচ্ছেন রোবট নিয়ে। এরই মধ্যে তাঁদের পরিশ্রমের স্বীকৃতিও মিলেছে।
সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় রোবট দৌড় প্রতিযোগিতায় তাঁদের তৈরি রোবট জিতে নিয়েছে সেরার মুকুট। নবায়নযোগ্য জ্বালানির ওপর যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো এ রোবট দৌড় প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের গবেষণা সংগঠন ‘রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশন’।
গত শুক্রবার চুয়েটের রোবট দৌড় মাঠে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৭টি বিশ্ববিদ্যালযের ৬৭টি রোবটকে টপকে সেরা দৌড়বিদের মর্যাদা পায় ‘টিম সাইবারট্রন’ দলের তৈরি করা রোবটটি। বিইউবিটির তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থীদের এই দলে সালসেং ম্রং ও সায়েম মো. আলভি ছাড়াও সদস্য হিসেবে ছিলেন মীর মাজেদুর রহমান, দীপক কুমার বর্মণ ও রিয়াদুল ইসলাম। তাঁরা জানান, অনেক দিন ধরে একসঙ্গে কাজ করলেও এটাই প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া। আর প্রথমবারেই এত বড় সাফল্য পেয়ে বেশ চাঙা দলের সদস্যরা। টিম সাইবারট্রনের দলনেতা সালসেং ম্রং বলেন, জীবনের প্রথম প্রতিযোগিতায় কাজের স্বীকৃতি পেয়েছি। এ সাফল্য আমাদের রোবট চর্চায় আরও বেশি উৎসাহ ও প্রেরণা জোগাবে।
কঠোর পরিশ্রম আর দলগত প্রচেষ্টার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান সাইবারট্রনের সদস্যরা। পর্যাপ্ত সুযোগ-সুবিধা আর পৃষ্ঠপোষকতা পেলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা আয়োজিত ‘লুনাবটিকস’ ও ২০১৬ সালে অনুষ্ঠেয় ‘রোবকন’ প্রতিযোগিতায় অংশ নিতে চান এ দলের সদস্যরা।

রানার্সআপ দল চুয়েটের ‘ইইইভিএ’
রানার্সআপ দল চুয়েটের ‘ইইইভিএ’

রোবট দৌড় প্রতিযোগিতার রানার্সআপ দলের নাম ‘ইইইভিএ’। চুয়েটের এ দলটির বিশেষত্ব হলো এ দলের সদস্যরা সবাই মেয়ে। দলের নামকরণ সম্পর্কে জানতে চাইলে দলনেতা নাদিয়া তাবাসসুম বলেন, ‘ওয়ালি’ নামের একটি টিভি কার্টুনের মেয়ে চরিত্রের নাম অনুসারে দলের নাম রাখা হয়েছে ইভা (ইংরেজিতে ইইইভিএ)। নাদিয়া ছাড়া দলের অপর সদস্যরা হলেন রেবেকা সুলতানা, আফসানা রহমান, ফাতেমা চৌধুরী ও আফরিদা আলম। ফাতেমা যন্ত্রকৌশল ও আফরিদা স্থাপত্য বিভাগে পড়াশোনা করেন। বাকি তিনজন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। দলে এই বিভাগের তিনজন মেয়ে থাকায় ব্যবহার করা হয়েছে তিনটা ‘ই’। মেয়ে হওয়া সত্ত্বেও প্রকৌশল বিষয়ে পড়াশোনা, রোবট নিয়ে কাজ করা এবং রোবট দৌড়ে সাফল্য কীভাবে সম্ভব হলো? এমন প্রশ্ন করতেই নাদিয়ার সোজা-সাপ্টা উত্তর ‘আমি ছেলে ও মেয়েদের আলাদাভাবে দেখি না। পরিশ্রম করলে তার মূল্য যে কেউ পেতে পারে।’ তবে তিনি আশা করেন, বিজ্ঞানচর্চায় দেশের মেয়েরা আরও বেশি আগ্রহী হবে। রোবট নিয়ে টানা পরিশ্রম করেছেন নাদিয়ারা। পেয়েছেন শিক্ষকদের সহযোগিতাও। এসব কারণে সম্ভব হয়েছে এই অর্জন।