তাঁরা সফল মূকাভিনেতাও...
প্রকৌশলবিদ্যার মতো জটিল বিষয়ে পড়ছেন তাঁরা। লেখাপড়ার চাপটা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চেয়ে বেশিই নিতে হয়। তবু তাঁরা দমবার পত্র নন। ঠিক করেছিলেন মূকাভিনয় করবেন। গত বছর আনুষ্ঠানিকভাবে তাঁদের মূকাভিনয় দলের যাত্রা। এরই মধ্যে চট্টগ্রামের দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন, পেয়েছেন স্বীকৃতিও। কাজী তাজমুল ইসলাম, মো. মিজবাহউদ্দীন, মো. হেলাল, তনয় পান্ডে, রেবেকা সুলতানা ও ফারজানা নিটল চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এই ছয় শিক্ষার্থী এখন নগরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। তাঁরা সবাই চুয়েটের জয়ধ্বনি থিয়েটারের সদস্য।গত ১২ ডিসেম্বর প্রথম আলো-তারুণ্য উৎসব সাংস্কৃতিক প্রতিযোগিতায় তাঁদের মূকাভিনয় পরিবেশনা উপস্থিত দর্শকদের ভীষণ আনন্দ দেয়। প্রতিযোগিতায় মুঠোফোন ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে মূকাভিনয় পরিবেশন করে তাজমুল-মিজবাহরা জিতে নেন প্রথম পুরস্কার। এ ছাড়া গত বছর ৮ এপ্রিল অদম্য চট্টগ্রাম আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে রানারআপও হন তাঁরা।আঁটসাঁট পোশাক, মুখে রং—এমন বেশভূষা দেখে প্রথম প্রথম অনেকেই হাসত। কিন্তু এখন শিক্ষার্থীরা বেশ শ্রদ্ধার চোখে দেখেন তাঁদের। মূকাভিনয় নাটকের মতোই একটি শক্তিশালী স্বতন্ত্র শিল্পমাধ্যম—অন্তত চুয়েটের প্রায় সব শিক্ষার্থী এই বিষয়টা এখন বোঝেন। জয়ধ্বনি থিয়েটারের কল্যাণে চুয়েট ক্যাম্পসে মূকাভিনয় এখন বেশ জনপ্রিয়।সম্প্রতি কথা হয় জয়ধ্বনি থিয়েটারের প্রধান অভিনেতা কাজী তাজমুল ইসলামের সঙ্গে। মূকাভিনয়ের মাধ্যমে কী করতে চান তাঁরা? কেনই বা এমন ব্যতিক্রমী শিল্পমাধ্যমের সঙ্গে যুক্ত হওয়া? প্রশ্নের পিঠে প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুললেও তাজমুল জবাব দিলেন বেশ ধীর-স্থিরভাবে। বললেন, ‘আমরা চাই মূকাভিনয়ের মাধ্যমে সমাজের মানুষকে জাগিয়ে তুলতে। পাশাপাশি সমাজের অসংগতিগুলো তুলে ধরতে।’কী করে এত দ্রুত সাফল্য এল? এমন প্রশ্নের উত্তরে তাজমুল বলেন, ‘দক্ষতা ও নৈপুণ্যের কারণে আমরা বাংলাদেশের জনপ্রিয় মূকাভিনয় দলগুলোর মাঝে স্থান করে নিতে সক্ষম হয়েছি। প্যান্টোমাইম মুভমেন্টের মতো অগ্রগণ্য দলের সঙ্গে কাজ করছি। তাদের কর্মশালায় অংশও নিচ্ছি নিয়মিত। এভাবে আমরা সবার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে এগিয়ে যেতে চাই।’চুয়েট ক্যাম্পাসে মূকাভিনয়-চর্চার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চাই মূকাভিনয়-চর্চার ধারা ক্যাম্পাসে অব্যাহত থাকুক। এ জন্য জয়ধ্বনি থিয়েটারের উদ্যোগে ক্যাম্পাসে নিয়মিত কর্মশালার আয়োজন করা হবে। আরও শিক্ষার্থী যেন মূকাভিনয়ের সঙ্গে যুক্ত হন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।’