গত সাত মাস ধরে বেতন পাচ্ছেন না খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চারটি ইউনিয়নের ৪০ জন পল্লিকর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরইআরএমপি) শ্রমিক।৫ জুলাই সরেজমিনে দেখা গেছে, উপজেলার চেংগী ইউনিয়নের মুনিপুর-তারাবন সড়কে বর্ষায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করছেন জললতা চাকমা, জেনি চাকমা, গুরিমালা চাকমা, নতুন শোভা চাকমাসহ ১০ জন আরইআরএমপি শ্রমিক। তাঁরা বলেন, গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুন পর্যন্ত সাত মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। পেটের দায়ে কাজ করছেন। প্রতিদিন নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করতে হয়। দিনভর কাজ করার পরও বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। এ টাকা দিয়ে তাঁদের সংসারও চলে। খেয়ে না খেয়ে প্রতিদিন কাজ করতে হচ্ছে। কাজ করতে করতে জললতা চাকমা বলেন, ‘সাত মাস ধরে বেতন পাচ্ছি না। আমার ছেলে নবম শ্রেণীতে পূজ গাং হাইস্কুলে পড়ে। টাকার অভাবে ছেলের পরীক্ষার ফি দিতে পারছি না।’ লোগাং ইউনিয়নের আরএমপি গ্রুপ লিডার রুনা চাকমা, লতিবান ইউনিয়নের গ্রুপ লিডার জেসমি চাকমা, পানছড়ি ইউনিয়নের গ্রুপ লিডার রেখা চাকমা, চেংগী ইউনিয়নের জেনি চাকমা বলেন, ৪ জুলাই তাঁদের দুঃখের কথাগুলো পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমাকে সবাই মিলে বলেছেন।পানছড়ি উপজেলার নির্বাহী প্রকৌশলী অফিসের লোগাং ইউনিয়ন ও চেংগী ইউনিয়নের দায়িত্বরত সুপারভাইজার বিপ্লব চাকমা বলেন, ‘বেতন দেওয়ার মালিক আমি নই। শ্রমিকদের কাজের তদারকি করা আমার কাজ।’ উপজেলা নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে ফরওয়ার্ডিং বিলের মাধ্যমে শ্রমিকদের বেতন দেওয়া হয়।উপজেলার স্থানীয় প্রকৌশল অধিদপ্তর থেকে বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত বছর ডিসেম্বর মাস থেকে এ বছর এপ্রিল মাস পর্যন্ত বেতন দেওয়ার জন্য ফরওয়ার্ডিং খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) পাঠিয়ে দেওয়া হয়েছে। মে-জুন মাসের বিলের ফরওয়ার্ডিং জেলা এলজিইডি অফিসে পাঠাননি উপজেলা নির্বাহী প্রকৌশলী। পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, আরইআরএমপি শ্রমিকেরা খুবই গরিব। মানবিক বিবেচনায় তাঁদের বকেয়া বেতনগুলো দেওয়া দরকার।পানছড়ি উপজেলার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন আরইআরএমপি শ্রমিকদের সাত মাস ধরে বেতন না পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, শুধু ডিসেম্বর মাসের ২০ দিনের বেতন বিলের অনুমোদন পাওয়া গেছে। কম হওয়ায় তাঁরা নেননি। আর জানুয়ারি থেকে জুন পর্যন্ত বেতন বিলের অর্থ জেলা থেকে ছাড় পাওয়া যায়নি। বিষয়টি প্রক্রিয়াধীন। খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে অর্থ ছাড় পাওয়ার জন্য আবেদন করা হয়েছে।এলজিইডির খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার ভৌমিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি শুধু পানছড়ি উপজেলার, জেলার নয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার আট উপজেলার একই অবস্থা। পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বকেয়া বেতন পাওয়ার জন্য তাঁরা ৪ জুলাই আমার কাছে এসেছে। উপজেলা নির্বাহী প্রকৌশলীকে আরইআরএমপি শ্রমিকদের বকেয়া বেতনগুলো দেওয়ার জন্য বলা হয়েছে।’