
চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘সেরা রাঁধুনী ১৪২২’ প্রতিযোগিতা৷ গত ২৩ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় প্রচারিত সেরা রাঁধুনি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জানা যায় বিজয়ীদের নাম। দুই মাস ধরে নানা পর্ব পেরিয়ে এই প্রতিযোগিতায় সেরা রাঁধুনি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সাবিনা সিরাজী৷ প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন বরিশালের সাইফা আলম ও খুলনার তানিয়া জামান৷
সাবিনা সিরাজীর সঙ্গে কথা বলে জানা গেল, পরিবারের মানুষদের কাছেই নয়, প্রতিবেশীদের মধ্যেও ছিল তাঁর রান্নার সুনাম৷ ‘এ জন্য টেলিভিশনের কোনো রান্নার অনুষ্ঠান দেখলে মনে হতো আমি একদিন সেরা রাঁধুনি হব। চট্টগ্রামে ছোট একটি খাবারের দোকান রয়েছে আমার। সেরা রাঁধুনি নির্বাচিত হওয়ায় রেস্টুরেন্ট নিয়ে আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখি।’
প্রাথমিক পর্যায়ে ছয়টি বিভাগীয় শহরে অডিশন শেষে ৪৯ জন রাঁধুনি পান ঢাকার টিকিট৷ এর মধ্য থেকে রান্নার পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হন ২৪ জন৷ এঁদের নিয়েই সাত দিন ধরে থাকে গ্রুমিং। এভাবেই বিভিন্ন চ্যালেঞ্জ পার হয়ে এসে নির্ধারিত হয় তিন ফাইনালিস্ট৷
গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রথমেই ছিল ‘সেরা রাঁধুনি ১৪২২’ অনুষ্ঠানের থিম সংয়ের ওপর নৃত্য পরিবেশনা৷ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদিল হোসেন নোবেল এবং রুমানা মালিক মুনমুন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী৷ চূড়ান্ত পর্বে অতিথিরা সেরা তিন রাঁধুনির রান্না খেয়ে তাঁদের ভোট দেওয়ারও সুযোগ পান।