তাঁরা ‘জনগণের প্রার্থী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্দিনে দলের পাশে ছিলাম। দল ক্ষমতায় আসার পরও মাঠপর্যায়ে কাজ করে গেছি। পৌরসভা নির্বাচনে দল থেকে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ কারণে সিদ্ধান্ত নিয়েছি দলের পরিচয় দিয়ে নির্বাচন করব না, জনগণের প্রার্থী হিসেবে নির্বাচন করে যাব।’ ২৭ জানুয়ারি মহেশখালীতে নির্বাচন হবে।গত বুধবার বিকেলে দল থেকে বহিষ্কৃত হওয়ার খবর শুনে ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন মহেশখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী ও ভারপ্রাপ্ত মেয়র পূর্ণচন্দ্র দে। একই কথা বললেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মকছুদ মিয়া ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম।এখানে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা সরওয়ার আজমকে। তাই অন্য মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁরা নিজেদের জনগণের প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় দুই বিদ্রোহী প্রার্থী মকছুদ মিয়া ও পূর্ণচন্দ্র দেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।’ দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে কোন্দলের কারণে মহাজোটের প্রার্থী বিজয়ী হতে পারেননি। এবার সরওয়ার আজমকে মনোনয়ন দেওয়া হলেও আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মাঠ থেকে সরে যাননি। এতে দলীয় প্রার্থীর বিজয় কঠিন হবে বলে মন্তব্য করেন তাঁরা। মকছুদ মিয়া বলেন, ‘আমি জনগণের প্রার্থী এবং জনগণই আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তাতে কোনো সন্দেহ নেই।’মহাজোটের প্রার্থী সরওয়ার আজম বলেন, ‘গত দুই নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। আশা করছি, এবারও তা-ই হবে।’এদিকে চারদলীয় জোটের প্রার্থী বিএনপির গোলাম মোস্তফাকে মনোনয়ন দেওয়া হলেও শরিক দল জামায়াতে ইসলামী তাঁর পক্ষে এখনো মাঠে নামেনি বলে অভিযোগ দলীয় নেতা-কর্মীদের। উপজেলা জামায়াতে ইসলামীর (দক্ষিণ) আমির মোহাম্মদ জাকের হোসেন এ ব্যাপারে বলেন, ‘বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে এখনো বিএনপির নেতারা মাঠে নামেননি। তাঁরা নামলে আমরাও কাজ করব।’