তাঁরাও আছেন বিশ্বকাপে
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিংবা শচীন টেন্ডুলকার, রিকি পন্টিংদের সঙ্গ দেওয়া যাবে। কথা বলা, তাঁদের সঙ্গে খাওয়ার সুযোগ আছে। বিশ্বসেরা ক্রিকেটাররা বাংলাদেশের দর্শনীয় জায়গা সম্পর্কে জানতে চাইবেন, চাইলে তাঁদের সঙ্গে ঘোরাও যাবে। কিন্তু তার আগে বসতে হবে বিচারকদের সামনে, নানা প্রশ্নের উত্তর দিয়ে উতরে গেলে স্বপ্নের ক্রিকেটারদের সঙ্গে কাজ করা যাবে। এমনই স্বপ্ন নিয়ে বিশ্বকাপ ক্রিকেটের স্বেচ্ছাসেবক হতে এসেছিলেন একদল তরুণ-তরুণী। গত সোমবার তাঁদের সাক্ষাৎকার হয়ে গেল সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এখানে আসা দেড় শ প্রার্থীর অধিকাংশই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এঁদের মধ্যে থেকে ৪০ জনকে স্বেচ্ছাসেবক হিসেবে নেওয়া হবে। ইনডোর প্র্যাকটিস রুমে সাক্ষাৎকার নেন চার বিচারক।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজউদ্দীন মো. আলমগীর বলেন, ‘প্যাভিলিয়ন, গ্যালারি, স্টেডিয়ামের মূল ফটক, মাঠ—এমনকি নগরের গুরুত্বপূর্ণ স্থানেও তাঁরা (স্বেচ্ছাসেবক) অবস্থান করবেন। তাঁদের কাজ দেশ-বিদেশের খেলোয়াড় ও দর্শকদের সহযোগিতা করবেন। তাঁদের কাছে চট্টগ্রাম তথা বাংলাদেশকে তুলে ধরবেন।’ সাক্ষাৎকার কক্ষের বাইরে একজনকে একটু আলাদা দেখা গেল—মাইকেল জ্যাকসন মার্কা টুপি ও চশমা পরা ওই তরুণ উত্তেজনায় রীতিমতো লাফাচ্ছেন। নাম বলতে না চাইলেও প্রশ্নের উত্তর দিতে তাঁর বেশ আগ্রহ। বললেন, ‘আমি ক্রিকেট-পাগল! টেলিভিশনের পর্যায় সাকিব-তামিমদের অনেক দেখেছি, কাছে থেকে দেখার সুযোগ পেতে চাই। সুযোগ পেলে বাংলাদেশের প্রাণ-সাকিব আল হাসানদের মন ভরে দেখব।’ দীনা বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বকাপ ক্রিকেটের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে প্রার্থী হয়েছি। বিশ্বতারকাদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব, এটা আমার স্বপ্ন।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌমেন ও রাব্বী আলফাজ। একই সুরে দুজন বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু হিসেবে আমাদের ঘরের মাঠ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের অভিষেক হচ্ছে। এটা ভেবে আমি গর্বিত। এখানে স্বেচ্ছাসেবক হতে পারাটা হবে দারুণ আনন্দের।’ বিএফ শাহীন কলেজের ছাত্রী নীপা বলেন, ‘বিশ্বের বুকে চট্টগ্রামকে তুলে ধরার এটাই সুযোগ। আমি সুযোগ পেলে বিদেশিদের আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলব।’ এতে বিচারক ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ, সিরাজউদ্দীন মো. আলমগীর, ভেন্যু ব্যবস্থাপক ফজলে করিম খান, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি মুর্শেদ আবেদীন ও এইচএসবিসির কর্মকর্তা সনজিরা নূর চৌধুরী। সানজিরা নূর চৌধুরী এক প্রশ্নের উত্তরে বলেন, ‘স্বেচ্ছাসেবকেরা আমাদের সংস্কৃতির দূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এসব বিষয়ে তাঁদের জ্ঞান কতটুকু, যাচাই করার চেষ্টা করেছি আমরা।’