৩৬ নম্বর গোসাইলডাঙ্গা-নিমতলা ওয়ার্ডে গত তিনটি নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ ঘরানার দুই প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী (আপেল) ও সাইফুল আলম চৌধুরীর (বৈদ্যুতিক পাখা) মধ্যেই হয়েছে মূল প্রতিদ্বন্দ্বিতা। এর মধ্যে দুবার জিতেছেন জাহাঙ্গীর একবার সাইফুল। গত নির্বাচনে সাইফুলকে হারিয়ে জয়ী হয়েছেন জাহাঙ্গীর। ভোটারদের ধারণা এবারও তাঁদের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। তবে জাহাঙ্গীর এলাকায় মেয়রবিরোধী হিসেবে পরিচিত। প্রার্থিতা ও ফকিরহাট বাজার নিয়ে জাহাঙ্গীর ও সাইফুলের মধ্যে কোন্দল অনেক পুরোনো বলে জানান স্থানীয়রা। নির্বাচনী হিসাব-নিকাশে এসব বিষয় প্রভাব ফেলতে পারে বলে তাঁদের ধারণা। গত বৃহস্পতিবার সকাল ১১টায় সাগরিকা প্রেক্ষাগৃহের সামনে অটোরিকশায় মাইক বেঁধে প্রচারণা চালাচ্ছিলেন কাউন্সিলর প্রার্থী সাইফুল আলম চৌধুরীর সমর্থকেরা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দুপুর দুটা থেকে রাত নয়টায় মাইকে প্রচারণা চালানোর কথা, কিন্তু তা মানা হয়নি। স্থানীয় ভোটারদের অভিযোগ আরও দু-একজন প্রার্থী এভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। ওয়ার্ডে চার কাউন্সিলর প্রার্থীর মধ্যে অন্য দুজন হলেন জামায়াত ঘরানার ইকবাল শরীফ (সিংহ) ও স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর (চাঁদ)। গত বৃহস্পতিবার ওয়ার্ডের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেল প্রার্থীদের প্রতিশ্রুতিতে ভোটারেরা খুব একটা উৎসাহিত নন। কারণ হিসেবে অনেকে বলেন, এসব নির্বাচনী প্রতিশ্রুতির বেশির ভাগই বাস্তবায়ন করা হয় না। তাই আইন ভঙ্গ হলো কি হলো না তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।’গোসাইলডাঙ্গা ওয়ার্ডের জনসংখ্যা এক লাখ ২০ হাজার। এর মধ্যে ভোটার ৩২ হাজার। সাগরিকা সড়কের অবিনাশ কলোনির বাসিন্দা ও বন্দরের অবসরপ্রাপ্ত কর্মচারী সমীরণ চৌধুরী বলেন, ‘কলোনিতে ২৫০টি পরিবার। গত নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা কলোনির জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কলোনির প্রতিটি ঘরে পানি জমে আছে। তার মধ্যেই বাস করছেন লোকজন। এবার কলোনির লোকজন নির্বাচনে ভোট দিতেও উৎসাহী নন। ফকিরহাটের (৩ নম্বর জেটি) স্বপ্না সু স্টোরের মালিক অধীর বাবু বলেন, ‘ফকিরহাট বাজারকে ১০তলা ভবনে রূপান্তর, কেবি দোভাষ উচ্চবিদ্যালয়কে মহিলা কলেজে রূপান্তরও ছিল গত নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতিশ্রুতি। পাঁচ বছর পর নির্বাচনেও একই প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা।’ তবে বেশ কিছু রাস্তাঘাট ও নালা নির্মাণ ও সংস্কার হয়েছে বলে জানান তিনি। গত পাঁচ বছরে ওয়ার্ডের উন্নয়নের জন্য সাত কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে বলে জানান সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর। এতে পূর্ব, পশ্চিম, মধ্যম গোসাইলডাঙ্গা ও পূর্ব নিমতলা এলাকায় নয়টি কাঁচা, তিনটি পাকা সড়ক, একটি সেতু ও ১৭টি নালা সংস্কার করা হয়। সিটি করপোরেশনের এ টাকার সদ্ব্যবহার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কর্তৃপক্ষের তদারকিতে কাজ হয়েছে। দুর্নীতির কোনো সুযোগ ছিল না। তবে নির্বাচনে ক্ষমতার পটপরিবর্তনের আশঙ্কায় ঠিকাদারেরা ইদানীং কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন।’ মধ্যম গোসাইলডাঙ্গার বিএনপি সমর্থক রফিক উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের দুপ্রার্থীর মধ্যকার দ্বন্দ্ব ও কোন্দল ১৫-২০ বছরের পুরোনো। প্রার্থিতা ও ফকিরহাট বাজার কমপ্লেক্স নির্মাণ নিয়ে এ কোন্দল এখন চরমে। বিএনপির কোনো প্রার্থী না থাকায় প্রতিদ্বন্দ্বিতাও হবে এ দুপ্রার্থীর মধ্যে।’ তবে অন্য প্রার্থী মো. জাহাঙ্গীর কোনো পদ না থাকলেও বিএনপির প্রার্থী দাবি করে বলেন, ‘সমর্থক ও স্বজনেরা ভোট দিলে আমি জয়ী হব। আমি প্রচারণাও সবার আগে শুরু করেছি।’ নতুন দুই ভোটার চট্টগ্রাম কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম ও শফিকুল ইসলাম বলেন, ‘এলাকার উন্নয়নে যাঁর নির্বাচনী অঙ্গীকার সঠিক ও বাস্তবসম্মত মনে হবে তাঁকেই ভোট দেব।’ নিমতলীর ব্যবসায়ী মো. মোজাম্মেল বলেন, ‘কাউন্সিলর মেয়রবিরোধী হওয়ায় এলাকায় উন্নয়নকাজ বেশি করতে পারেননি।’ গোসাইলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারক নন্দী বলেন, ‘এলাকার প্রধান সমস্যা হলো জলাবদ্ধতা। ওয়ার্ডের ৬৯টি নালা সংস্কার, ১৫টি কাঁচা রাস্তা পাকা করা আমাদের দাবি।’