
কোনো কোনো দিন এমন হতে পারে যে ঘুমই আসছে না। শরীরে ক্লান্তি নিয়ে, ঘুমের সব পরিবেশ নিশ্চিত করে বিছানায় গেলেও ঘুম যেন আসতেই চায় না। নিয়মিত ভালো ঘুম হলেও হঠাৎ এই ঘুম না হওয়ার জন্য সমস্যা হতে পারে। দেখা গেল বন্ধুদের সঙ্গে ঝগড়া কিংবা ভালোবাসার মানুষের সঙ্গে মনোমালিন্য। ব্যস, দুচোখের পাতা এক হবে কীভাবে? আবার মনের সব ভালোবাসার কথা হয়তো পরদিন জানাবেন, তো হয়েই গেল—আর কি ঘুম আসে? কত কল্পনা, স্বপ্নের জাল বোনা...। এ রকম হুটহুাট সমস্যার কারণে সব সময় যাঁদের স্বাভাবিক ঘুম হয়, তাঁদেরও এক-দুই দিন ঘুম না-ই আসতে পারে।
সাধারণত যেসব কারণে এ ধরনের হঠাৎ ঘুমের সমস্যা হতে পারে, তা হলো:
কোনো বিষয় নিয়ে তীব্র মনঃসামাজিক চাপ
অতিরিক্ত উৎকণ্ঠা ও কোনো বিষয়ে অতিরিক্ত উত্তেজনা
আবেগের অযৌক্তিক বহিঃপ্রকাশ যেমন হঠাৎ রেগে গেলে, বেশি ভয় পেলে, প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে
অনিয়ন্ত্রিত ক্ষোভ যেমন মনের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পারা ও যথাযথভাবে প্রকাশ করতে না পারলে
ব্যর্থতার গ্লানি
ঘুমাতে যাওয়ার আগে ভারী মসলাদার খাবার খেলে
ঘুমের আগে টিভিতে উত্তেজনাকর কোনো অনুষ্ঠান, নাটক বা সিনেমা দেখলে
হঠাৎ জ্বর বা অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দিলে
গত দু-এক দিনের মধ্যে কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে
অন্য কোনো রোগের জন্য বিশেষ কোনো ওষুধ খেলে
ঘুমানের জন্য উপযুক্ত পরিবেশ না পেলে
ঘুমের সমস্যা বলতে সাধারণ অর্থে যে ইনসমনিয়া বা নিদ্রাহীনতা বোঝানো হয়, সেটি আর হঠাৎ ঘুম না আসা এক সমস্যা নয়। নিদ্রাহীনতা সাধারণত দীর্ঘমেয়াদি সমস্যা। তবে তরুণ-তরুণীদের মধ্যে সাধারণত সম্পর্কের জটিলতা থেকে মনোবেদনা ও ব্যর্থতাবোধ জন্ম নেয়। তখন এই হঠাৎ ঘুম না হওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হয়। প্রেমের প্রায় সব পর্যায়েই টানাপোড়েন থাকতে পারে—প্রেমের প্রস্তাব দেওয়া থেকে শুরু করে প্রস্তাবটি গ্রহণ করা বা না করা, ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখা, সম্পর্ককে পরিণত করা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্যে কখনো তৈরি হতে পারে জটিলতা, যা থেকে যে কেউ উপহার পেতে পারে একটি হঠাৎ নির্ঘুম রাত!
এই হঠাৎ ঘুম না আসার সমস্যা থেকে রেহাই পেতে হলে কিছু বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন:
আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, মনের মধ্যে রাগ-ক্ষোভ-ব্যর্থতা পুষে না রেখে যৌক্তিক ও পরিমিতভাবে আবেগের প্রকাশ ঘটাতে হবে।
প্রিয়জনের প্রত্যাখ্যান বা ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো মানসিকতা গঠন করতে হবে। মনে রাখতে হবে, সফলতার মতো ব্যর্থতাও জীবনের অন্যতম অনুষঙ্গ।
যেসব কারণে হঠাৎ ঘুমের সমস্যা হয়, সেই কারণগুলো (ঘুমের পরিবেশের অভাব, অতিরিক্ত উত্তেজনাকর টিভি অনুষ্ঠান, ভারী খাবার) দূর করার চেষ্টা করা।
পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বজায় রাখা
নিয়মিত হালকা ব্যায়াম ও খেলাধুলা করা
সাম্প্রতিক কোনো ঘটনা যদি মনঃসামাজিক পীড়ার কারণ হয়, তবে সেটি নিয়ে বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মন থেকে সরিয়ে দিতে হবে।
মনে রাখতে হবে, মাঝেমধ্যে হঠাৎ ঘুম না আসা যদি নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিতে হতে পারে।
লেখক: মনোরোগ বিশেষজ্ঞ